নতুন প্রজন্মের মনোজগতে শারদীয় দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন শরৎকাল। সুদূর প্রবাসেও এসে তার ছোঁয়া লাগছে। তাই শারদোৎসবের বার্তা পেয়ে প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে উঠেছে নানা আয়োজনে। সারা বিশ্বের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতো নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সনাতন হিন্দু ধর্মাবলম্বীরাও দুর্গোৎসবের আয়োজনে ব্যস্ত।
সুদূর এই প্রবাসে বহুজাতিক ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের মনে দুর্গোৎসবের আবেদন কম নয়। আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা স্নিগ্ধা দাশের কাছেই যেমন শারদোৎসবের ব্যাপক আবেদন রয়েছে। আরআইটির এই কৃতী ছাত্রী জানাল, পূজার দিনগুলোয় সে স্থানীয় মণ্ডপগুলোতেই সময় কাটায়। সন্ধ্যা গড়াতেই মা-বাবার সঙ্গে নতুন পোশাকপরিচ্ছদে সজ্জিত হয়ে উৎসব প্রাঙ্গণে ছুটে যায়, দেবীর প্রার্থনা করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঢোল-করতালের তালে সমবয়সীদের সঙ্গে আরতি নৃত্যে মেতে ওঠাটা তার কাছে এক অনাবিল আনন্দের বিষয়।
বাংলাদেশের পূজার অনেক কিছুই এখানে উপভোগ করতে পারে না স্নিগ্ধা। তারপরও সে মনে করে বিদেশে পূজার দিনগুলো যে উৎসবের আবহ নিয়ে হাজির হয়, তাও কম কী। একই মনোভাব পুষ্পিতা পালের। বাংলাদেশে জন্ম নেওয়া পুষ্পিতা মাত্র এক বছর বয়সে আমেরিকায় আসে। এখানে বেড়ে উঠলেও শিল্পবোদ্ধা মা-বাবার পরিচর্যায় নিজের দেশের সংস্কৃতি সে ভুলে যায়নি। আটলান্টিক সিটি হাইস্কুলের নবম গ্রেডের এ শিক্ষার্থী জানাল, স্থানীয় গীতা সংঘ আয়োজিত দুর্গোৎসবে শামিল হয় সে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে। পূজার অনেক আগে থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া শুরু হয় বলে, উৎসবের আমেজটা বেশ আগে থেকেই শুরু হয়। এ ক্ষেত্রে একটু বাধ সাধে স্কুল। পুজোর সময়ও যে স্কুল খোলা। দশমীর দিন সিঁদুর খেলা বেশ উপভোগ করে সে।
আকাশ সেনগুপ্তের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। ছয় বছর বয়সেই মা-বাবার সঙ্গে আমেরিকায় আকাশের অবশ্য দেশে পূজার স্মৃতি রয়েছে। বর্তমানে আটলান্টিক সিটি হাইস্কুলের দশম গ্রেডের ছাত্র আকাশ বিভিন্ন ধর্মীয় আচার পালনের মাধ্যমে চার দিনব্যাপী দুর্গোৎসব উদ্‌যাপন করে। পূজার সময় নতুন জামা পরে আত্মীয়-বন্ধুদের বাড়িতে আতিথ্য নেয়। দুর্গাপূজা শেষে অনুষ্ঠিত ‘সংগীত রজনী’-তে বিভিন্ন শিল্পীর পরিবেশনা সে প্রাণভরে উপভোগ করে। পূজার সময় বাংলাদেশে থাকা আত্মীয়স্বজনদের কথা মনে পড়ে, যা তাকে খুব পীড়া দেয়।
আকাশের মতোই চট্টগ্রামে জন্ম নেওয়া অনামিকা চক্রবর্তী আমেরিকা এসেছিল চার বছর বয়সে। কোরিওগ্রাফার মা ও গিটারিস্ট বাবার ছায়ায় একটা বাঙালি সাংস্কৃতিক পরিমণ্ডলেই তার বেড়ে ওঠা। নর্থফিল্ড মিডল স্কুলের অষ্টম গ্রেডের এই ছাত্রী পূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। দুর্গাপূজায় ঢাকের তালে হাল ফ্যাশনের পোশাক পরে বান্ধবীদের সঙ্গে নাচার মুহূর্তটা তার কাছে খুবই প্রিয়। বিজয়া দশমীর দিন লাল পাড় সাদা শাড়ি পরে অঞ্জলি শেষে সিঁদুর খেলায় মেতে ওঠা সে খুব উপভোগ করে খুব। তবে দুর্গাপূজার সময় স্কুল বন্ধ না থাকায় মনমতো আনন্দ উপভোগ করতে পারে না বলে এক ধরনের দুঃখবোধ রয়েছে তার।
প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা প্রজন্ম ভিন্ন সাংস্কৃতিক আবহে বড় হলেও এখনো নিজস্ব ধর্মীয় অনুশাসন মেনে বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি অন্তরে লালন করছে। স্নিগ্ধা, পুষ্পিতা, আকাশ ও অনামিকার মতো নতুন প্রজন্মের প্রায় সবাই পূজার সময়টায় মেতে ওঠে উৎসবের আমেজে। বাংলাদেশের পূজার আবহ না পাওয়াটা একটা খারাপ লাগার জন্ম দিলেও, তা শেষ পর্যন্ত পুষিয়ে দেয় এখানকার নানা আয়োজন।