নতুন বছরে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার

জীবিকার তাগিদে প্রিয় মাতৃভূমি ছেড়ে দীর্ঘদিন ধরে সুদূর প্রবাসে অনেক বাংলাদেশি। ব্যস্ত প্রবাস জীবনে তাঁরা কেমন কাটালেন গত বছর? এমন প্রশ্নে অনেক প্রবাসী নস্টালজিক হলেন। গভীর ভালোবাসায় তাঁরা প্রিয় মাতৃভূমির কথা স্মরণ করলেন। পরিবার–পরিজন রেখে একটু সুখের আশায় আমেরিকায় আসা ব্যক্তিরা প্রবাস জীবনের সুখ-দুঃখের কথা জানালেন অকপটে। ২০১৯ সালের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কেটেছে সবার।
প্রতিষ্ঠিত বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী উৎসব গ্রুপের সিইও রায়হান জামান সব প্রবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বিগত ২০১৯ সাল ভালোই কেটেছে উল্লেখ করেন। নতুন বছরের প্রত্যাশা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, প্রত্যাশার কোনো শেষ নেই। উৎসব গ্রুপ বর্তমানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে। উৎসব গ্রুপের প্রসারে আরও কিছু পরিকল্পনা রয়েছে তাঁর।
বিশিষ্ট সমাজসেবক ও মার্কস হোম কেয়ারের নির্বাহী কর্মকর্তা আলমাছ আলী বলেন, ‘আমার জন্য গত বছর একটি সফল বছর ছিল। যেকোনো ছোট–বড় প্রাপ্তিতে আমি খুশি থাকি। না পেলেও আমি মন খারাপ করি না।’
নিউইয়র্কের স্বনামধন্য আইটি প্রশিক্ষণের প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেকের সিইও আবু হানিফ বলেন, ‘বিগত বছরে যা পেয়েছি তাতেই আমি খুশি। তবে যারা অড জব করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—চার/পাঁচ মাসের আইটি কোর্স করলেই একজন মানুষ ভালো একটা চাকরি পেতে পারে। সহজেই তার নিজের জীবনের চাকা পরিবর্তন ঘোরাতে পারেন।’ আবু হানিফ সবাইকে আইটি শেখার বিষয়ে উৎসাহিত করেন।
মোহাম্মদ হোসেন ইশতিয়াক এসেনশিয়াল হোম কেয়ারের সিইও। গেল বছর তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের দারুণ কেটেছে। কিছু প্রত্যাশিত কাজ বাকি থাকলেও ২০২০ সালে তা পূরণ করার চেষ্টা করবেন বলে জানান তিনি। তিনি বয়স্কদের হোম কেয়ার সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন। সামাজিক ও উন্নয়নমূলক কাজ আরও ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইশতিয়াক।
জন ফাহিম বাড়ি কেনাবেচা ও ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার বিষয়ে নিউইয়র্কের পাঁচ বরোতে বেশ কয়েকটি হাউজিং সেমিনার করেছেন। এতে করে সাধারণ মানুষের স্বপ্নের বাড়ি কেনার বিষয়ে তাঁর দেওয়া তথ্য অনেকেরই দারুণ উপকারে এসেছে। তিনি ভবিষ্যতেও জনসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ২০১৯ সালটি ভালোই কেটেছে বলে জানালেন তিনি।
অ্যাটর্নি মঈন চৌধুরী আইনি পেশার একজন চৌকস মানুষ। ২০১৯ সাল আইনি সেবা দিয়েছেন অসংখ্য মানুষকে। তার নিরলস আইনি সেবা ভবিষ্যতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
গিয়াস আহমেদ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও হোম কেয়ার ব্যবসায়ী। প্রবাসে ২০১৯ সাল ভালো কেটেছে বলে জানান। তিনি বাংলাদেশের মানুষ যাতে সুখে–শান্তিতে থাকতে পারে, সে জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন।
খান টিউটোরিয়ালের প্রেসিডেন্ট নাঈমা খান বলেন, সব ছাত্রদের ভালো স্কুলে পড়ার সুযোগ তৈরি করতে খান টিউটোরিয়ালের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দুই যুগেরও বেশি সময় ধরে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির বিষয়ে কাজ করছে। বিগত বছর ভালোই কেটেছে বলে জানালেন তিনি।
মোহাম্মদ হাসেম কর্ণফুলী ইনকাম ট্যাক্সের সিইও। কেক কেটে ২০২০ সালকে বরণ করেন। গেল বছরও কেটেছে দারুণ। ২০১৯ সালের ট্যাক্স ফাইল করার জন্য সবাইকে উৎসাহিত হওয়ার অনুরোধ জানান।
কামাল আহমেদ বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সবার উদ্দেশ্যে তিনি বলেন, সব মানুষের মধ্যে প্রত্যাশা ও প্রাপ্তি কাজ করে। বিগত সময় কষ্টগুলো মনে না রেখে সামনের দিকে এগিয়ে চলতে হবে সবাইকে। সবার প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ ছাড়া যে কাউকে যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।