নতুন বছরে নিউইয়র্কবাসীর জন্য কিছু সুসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা হাপিত্যেশের মধ্যেও ২০১৮ সালে নতুন সূর্যোদয় নিউইয়র্কবাসীর জন্য কিছু  সুসংবাদ নিয়ে এসেছে। বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিউইয়র্কে চালু হয়েছে কিছু নতুন নিয়ম। কার্যকর হয়েছে কিছু নতুন আইন। এসব আইনের ইতিবাচক প্রভাব পড়বে নিউইয়র্কবাসীর ওপর। ২০১৮ সালে কার্যকর হওয়া আইনের মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি বৃদ্ধি। পারিবারিক ছুটির আইন। নতুন কর বিন্যাস।

নিউইয়র্কের লোকজন বর্ধিত মজুরি পাবেন। নতুন বছরেই শুরু হওয়া আইনে মানসম্পন্ন জীবন যাপনের জন্য পাচ্ছেন বর্ধিত সবেতন পারিবারিক ছুটি। কর আইনের নতুন বিন্যাসে এবং রাজ্যের বিধিবিধানে বাড়ির মালিকেরা পাবেন বর্ধিত কর-সুবিধা। নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্য নিয়েছে বেশ কিছু পদক্ষেপ।

১ জানুয়ারি থেকে কার্যকর হয়ে আইনে নিউইয়র্কের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে। এই মজুরি বৃদ্ধি রাজ্যজুড়ে সমান নয়। নির্ভর করছে কর্মজীবী বাস করছেন রাজ্যের কোন এলাকায়। লং আইল্যান্ড বা ওয়েস্ট চেস্টার কাউন্টিতে যাঁরা বাস করেন, তাঁদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০ ডলার থেকে বেড়ে ১১ ডলার হয়েছে। নিউইয়র্ক নগরীতে যাঁরা কাজ করছেন, তাঁদের মজুরি বেড়েছে।  কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, তার ওপর নির্ভর করে এই বৃদ্ধি কার্যকর হচ্ছে। নগরীতে ১০ জনের নিচে কর্মী আছেন এমন প্রতিষ্ঠানে কাজ করলে মজুরি ঘণ্টায় সাড়ে ১০  ডলার থেকে বেড়ে হবে ১২ ডলার। যেসব প্রতিষ্ঠানে ১১ জন বা তার বেশি কর্মচারী, সেখানকার কর্মীদের ঘণ্টায় ন্যূনতম মজুরি ১১ ডলার থেকে বেড়ে গিয়ে হবে ১৩ ডলার। রাজ্যের বাকি কর্মীদের ন্যূনতম মজুরি আগের ৯ ডলার ৭০ সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে হবে ১০ ডলার ৪০ সেন্ট।

লং আইল্যান্ডে কর্মরত কর্মজীবীদের যাঁরা ব্যবস্থাপনার চাকরি করেন, তাঁদেরও বেতন বৃদ্ধি পাবে।

আগে এ ধরনের কর্মীদের সাপ্তাহিক ন্যূনতম মজুরি ৭৫০ ডলার ছিল, তাঁদের সাপ্তাহিক মজুরি সপ্তাহে ৮২৫ ডোলারে উন্নীত হবে। ফেডারেল নিয়ম অনুযায়ী এ ধরনের ব্যবস্থাপক পর্যায়ের কর্মীরা সপ্তাহে ন্যূনতম ৪৫৫ ডলার পেয়ে থাকেন। নিউইয়র্কের মতো ব্যয়বহুল রাজ্যের ব্যক্তিগত ও পারিবারিক ব্যয় সামাল দেওয়ার জন্য এসব ব্যবস্থাপক পর্যায়ের কর্মচারীর ন্যূনতম বর্ধিত বেতন নিশ্চিত করা হয়েছে। 

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে নিউইয়র্কের কর্মজীবীরা বছরে অসুস্থ পরিবার বা স্বজনকে দেখভাল করার জন্য আট সপ্তাহের পারিবারিক সবেতন ছুটি পাবেন। কোনো কর্মী ছয় মাস চাকরির পর পারিবারিক ছুটির জন্য আবেদনের যোগ্যতা অর্জন করবেন। পরবর্তী চার বছরে নিউইয়র্কে সবেতন পারিবারকি ছুটি বছরে ১২ সপ্তাহের জন্য বৃদ্ধি করার কর্মসূচি রয়েছে। এই ছুটিকালীন কর্মীর চাকরি ও স্বাস্থ্যবিমা নিশ্চিত থাকবে। ফেডারেল সরকার মেডিকেইড ও মেডিকেয়ার কর্মসূচি সংকুচিত করার পদক্ষেপ নিয়েছে। এমন সময় নিউইয়র্কের এই সবেতন পারিবারিক ছুটি নিম্ন ও মধ্য আয়ের লোকজনের খুবই উপকারে আসবে বলে মনে করা হচ্ছে। ফিসক্যাল পলিসি ইনস্টিটিউট নামের শ্রমিক অধিকার সংগঠনের নির্বাহী রং ডিউচ বলেছেন, ওয়াশিংটন যে মুহূর্তে কর আইন ও বাজেট দিয়ে মধ্যবিত্তকে অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা করছে, তখন নিউইয়র্কের এমন জনবান্ধব কর্মসূচি রাজ্যের কর্মজীবীদের একধরনের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। 

নিউইয়র্কের মধ্যবিত্ত লোকজন রাজ্যের কর মওকুফ সুবিধা পাচ্ছেন এ বছরেও। টানা তিন বছরে প্রোপার্টি ট্যাক্সে সুবিধা দেওয়া হচ্ছে, নিউইয়র্কবাসী বর্ধিত চাইল্ড ক্রেডিটও পাবেন কর বিবরণীতে। মধ্যবিত্তের জন্য কর হ্রাসের ফলে নিউইয়র্কের প্রায় ৪৪ লাখ মধ্যবিত্ত কর-সুবিধা পাবেন। দুই বছর আগে নিউইয়র্কের রাজ্যসভায় মধ্যবিত্ত লোকজনের কর হ্রাসের এই আইন গৃহীত হয়েছিল। কার্যকর হওয়া কর বিন্যাসে যাঁরা স্বামী-স্ত্রী হিসেবে যৌথ ট্যাক্স রিটার্ন করবেন, তাঁদের কম আয়কর পরিশোধ করতে হবে। বছরে ৪০ হাজার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত বার্ষিক আয় এমন দম্পতির আয়কর ৬ দশমিক ৪৫ শতাংশ থেকে নেমে ৫ দশমিক ৫ শতাংশে আসবে। যেসব দম্পতি বছরে দেড় লাখ থেকে তিন লাখ ডলার আয় করেছেন, তাঁদের আয়কর ৬ দশমিক ৬৫ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে আসবে। 

তৃতীয় বছরের মতো প্রোপার্টি ট্যাক্স রিলিফের আওতায় বাড়ির মালিকেরা ৩৮০ ডলারের রিবেট চেক পাবেন। বাড়ির মালিকদের বছরে আয় ২ লাখ ৭৫ হাজারের কম থাকতে হবে এবং বাড়ির মালিক রিবেটের জন্য প্রাকযোগ্য হতে হবে। নিম্ন আয়ের লোকজন রিবেটের পরিমাণ বেশি পেতে পারেন। প্রোপার্টি ট্যাক্সের রিবেট নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। বিরুদ্ধবাদীরা বলছেন, এই কর হ্রাস কর্মসূচি কোনো কোনো এলাকার ধনী বা উচ্চবিত্তদের বেশি সাহায্য করবে।

  নিউইয়র্কে যাঁরা বছরে ৫০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার আয় করেন, তাঁদের চাইল্ড ক্রেডিট প্রতিজনের জন্য ৬ হাজার থেকে ৯ হাজারে বেড়ে যাবে। কোনো পরিবার সর্বোচ্চ পাঁচ সন্তান পর্যন্ত চাইল্ড ক্রেডিট নিতে পারবে। অবশ্য মোট চাইল্ড ক্রেডিটের পরিমাণ পরিবারের সন্তানসংখ্যার ওপর নির্ভর করবে।

নিউইয়র্কে ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া আইনে ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম ক্ষতিপূরণ বিমা মাশুল কম দিতে হবে। নিউইয়র্কে এই বিমা ব্যয় আমেরিকার অন্যতম শীর্ষে। কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য বড় প্রতিষ্ঠানগুলোকে উচ্চ মাশুলে এই বিমা ক্রয় করতে হয়। নতুন আইনে এই বিমা মূল্য কমবে এবং শ্রমিক-কর্মাচারীরা বিমার বর্ধিত সুবিধা পাবেন।

এসব ছাড়াও কৃষি ও পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে নিউইয়র্ক রাজ্যে নতুন কর-সুবিধা দেওয়া হয়েছে। এসব সুবিধা কৃষি ও মাঝারি বাণিজ্য সম্প্রসারণে রাজ্যে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো মনে করেন। পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে কর-সুবিধা প্রদানের ফলে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ রয়েছে।