নতুন বছরের সংকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরের নতুন চাঁদ (সুপার মুন)। নিউইয়র্কের হাডসন নদীর ওপর থেকে তোলা l রয়টার্স
নতুন বছরের নতুন চাঁদ (সুপার মুন)। নিউইয়র্কের হাডসন নদীর ওপর থেকে তোলা l রয়টার্স

নতুন বছরের সংকল্প কথাটার চেয়ে নিউ ইয়ার্স রেজল্যুশন কথাটায় আমরা বেশি পরিচিত। ডিকশনারিতে রেজল্যুশন কথাটার অনেকগুলো মানে দেওয়া আছে। আমার কাছে দৃঢ়সংকল্প মানেটাই সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হলো। বিভিন্ন পত্রিকায় দেখছিলাম, এই রেজল্যুশন কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তবে আমাদের অভিবাসী জীবনের সঙ্গে খাপ খায়, এমন রেজল্যুশন একটাও চোখে পড়েনি। আসলে আমরা যারা অভিবাসী, বছরের শুরুতে তাদের সংকল্প যে ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক।

কোথায় যেন একজন অভিবাসীর গল্প পড়েছিলাম, তাঁর মা ছিলেন দেশে একজন স্কুলশিক্ষক। যুক্তরাষ্ট্রে আসার পর এখানকার একটি স্কুলে গেলেন খণ্ডকালীন একটা চাকরির জন্য। কিন্তু ইংরেজি ভালো না জানার কারণে তাঁকে স্কুলের প্রধান শিক্ষক চাকরিটি দিলেন না। অভিবাসী হিসেবে সেই মা জানেন কী করে না-কে হ্যাঁ করাতে হয়। তিনি সেই স্কুলে বিনা বেতনে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাইলেন। প্রধান শিক্ষক তাঁকে সেই সুযোগ দিলেন। অভিবাসী সেই মা আপ্রাণ চেষ্টায় ইংরেজি শিখে সেই স্কুলেই শিক্ষকের চাকরি নিলেন। এই হলো অভিবাসীদের শক্তি।

আপনাদের কি মনে আছে প্লাম্বার জো কথা? প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প তাঁকে খাস আমেরিকান হিসেবে বর্ণনা করে তাঁদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। এই প্লাম্বার জোর সঙ্গে একজন মেক্সিকান অভিবাসী হোজের জীবন ও দৃষ্টিভঙ্গির পার্থক্য অনেক। আসুন দেখি দুই জীবনের চালচিত্র—
১. জো সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করেন আর হোজে কাজ করেন ৭০ ঘণ্টা, যাতে তাঁর সন্তানেরা আরও ভালো শিক্ষা পেতে পারে।
২. জো কাজের শেষে আনন্দ করতে ভালোবাসেন, যেটা মোটেও খারাপ নয়। আর হোজে পরিবারের জন্য টাকা জমান, নিজের অবসরজীবনের কথা ভেবে টাকা জমান।
৩. সারা দিনের পরিশ্রমের পর জো সিএনএন দেখতে ভালোবাসেন। আর হোজে কঠোর পরিশ্রম করেন এবং ভাবেন, একদিন হয়তো ওই সিএনএনের মতো প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন।
৪. যখন জোর জীবনে কোনো সমস্যা আসে, তখন তিনি বিষণ্ন হয়ে বাসায় বসে থাকেন। আর হোজে সমস্যার গভীরে গিয়ে তার সমাধানের চেষ্টা করেন। নব উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়েন।
যে কথা দিয়ে শুরু করেছিলাম, অভিবাসীদের সংকল্প কেমন হওয়া উচিত:
সন্তানের খোঁজ রাখুন
বাংলাদেশের অভিবাসীদের অনেকেই আছেন দেশে ভালো চাকরি করতেন অথবা ব্যবসা করতেন অথচ সব ছেড়ে এখানে আছেন শুধু সন্তানের ভালো শিক্ষার জন্য। সুতরাং আমাদের অন্যতম সংকল্প হবে সন্তানের শিক্ষার দিকে নজর রাখা। একই সঙ্গে নিজেদের স্কুলের পিটিএর সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে আমরা যা চাই, স্কুল যেন সেটা করে। অনেক অভিভাবককে দেখেছি সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না অথবা স্কুল ছুটির পর সন্তান কোথায় যায়, তার খোঁজ রাখেন না। ফলে একসময় সন্তান এমন পর্যায় চলে যায়, যেখান থেকে আর ফেরানো যায় না। তবে আমাদের বেশির ভাগ অভিবাসীর সন্তান আজ ভালো স্কুলে যাচ্ছে, শুনে আমাদের গর্ব হয়।
প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করুণ
অনেকেই ভালো ইংরেজি না জানার কারণে ভালো চাকরি করতে পারেন না। এটা স্বাভাবিক। তবে এতে লজ্জিত হওয়ার কিছু নেই। এ দেশে এমন অভিবাসীও আছেন, যাঁরা এক বিন্দু ইংরেজি জানেন না। ইংরেজি ছাড়াও এ দেশে কম্পিউটার জানাটাও খুব জরুরি। এখানকার পাবলিক লাইব্রেরিগুলো বিনা মূল্যে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করে। সবারই উচিত সেই সুযোগ গ্রহণ করা। লাইব্রেরি ছাড়াও নানা সংগঠন এবং বিভিন্ন কমিউনিটি কলেজগুলোয় জীবনমান উন্নয়নের জন্য নানা ধরনের কোর্স চালু আছে। যে-কেউ স্বল্প মূল্যের এসব কোর্স করে ভালো চাকরি পেতে পারেন। এসব কোর্সের জন্য প্রদত্ত ফি সাধারণত ট্যাক্স রেয়াত হিসাবে ফেরত পাওয়া যায়।
লেখক: আবদুল্লাহ জাহিদ, গল্পকার, ই-ইমেল: [email protected]