ঈদ মানে আনন্দ বা খুশি। ইসলাম ধর্মের অনুসারীরা বছরে দুবার ঈদ উৎসব পালন করেন। দুটিতেই ধর্মীয় বিভিন্ন অনুশাসন পালনের ব্যাপার থাকলেও অন্তর্বস্তু হিসেবে হাজির থাকে মানুষের সঙ্গে মানুষের মিলন ও স্রষ্টার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনের বিষয়টি। তাই ঈদ মানেই কোলাকুলি, একের বাড়িতে অন্যের আসা, খাওয়াদাওয়া, দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের এই অর্থ ও অন্তর্বস্তুর কোনো কিছুই এবার না বদলালেও আক্ষরিক অর্থেই আচারিক অনেক কিছু বদলের বাস্তবতা এখন বিরাজ করছে।
ঈদুল ফিতর সমাগত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মুসলমানদের অন্য রকম এক আনন্দের আবহে নিয়ে যায়। ঈদের দিনের প্রথম আনন্দের মুহূর্তটি তৈরি হয় পরিবার ও পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব নিয়ে দল বেঁধে ঈদগাহে যাওয়ার সময়। তারপর তো সেখানে ঈদের জামাত এবং পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বিনিময়। এই সৌহার্দ্য বিনিময়ের সেই আদি থেকে চলে আসা রেওয়াজ হচ্ছে স্পর্শ। মানুষ একের প্রতি অন্যের আবেগটি তার স্পর্শের মাধ্যমেই প্রকাশ করে। মুখ ও চোখের ভাষা যা করতে পারে না, তাই করতে পারে স্পর্শ। তাই স্পর্শ এত মূল্যবান। কিন্তু এবার তো স্পর্শের ওপরই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা চলছে। এ এক অভিনব বাস্তবতা।
নতুন করোনাভাইরাসের প্রকোপ ও এর কারণে লাখো মানুষের মৃত্যু এরই মধ্যে এই ছোঁয়াচ বাঁচিয়ে চলার বিষয়ে সবাইকে সচেতন করেছে। বিশ্বের প্রায় সব দেশেই জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা চলছে। রাষ্ট্রগুলো নিজেই অবরোধ জারি করেছে। সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে নানা সুরক্ষাব্যবস্থা। আর এই সুরক্ষাব্যবস্থার কারণেই মানুষ এখন বিচ্ছিন্ন থাকতে বাধ্য হচ্ছে।
এমনিতে রমজান মাসকে সিয়াম সাধনার মাস বলা হলেও এ মাস মুসলমানদের কাছে বিশেষভাবে সহমর্মিতা ও মানুষে-মানুষে মিলের বাণী নিয়েই হাজির হয়। এ কারণে রমজান মাস এলেই বিশ্বের যেকোনো প্রান্তের মুসলমানরা সাহ্রি, ইফতার নানা সময়ে সমবেত হওয়ার চেষ্টা করেন। বন্ধুতে-বন্ধুতে, আত্মীয়স্বজনে, প্রতিবেশীদের সঙ্গে এই সময়ে মানুষ মিলিত হন। কিছুক্ষণ সময় কাটান। এই সমবেত হওয়াটা মানুষের মধ্যে একধরনের সামষ্টিক বোধ জাগ্রত করে। একইভাবে এটি দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যও অন্যদের উদ্বুদ্ধ করে।
কিন্তু এবারের রমজান মাস একেবারেই ভিন্ন রকম গেছে। ইফতার বা সাহ্রিতে বড় আয়োজন হতে দেখা যায়নি। এমনকি বড় জামাতে নামাজ আদায়েও বিধিনিষেধ আরোপ করতে হয়েছে, জীবনের তাগিদেই। ঠিক একইভাবে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য এবার ঈদেও মুসলমানরা এক নতুন বাস্তবতার মুখোমুখি হবেন সন্দেহ নেই। অন্যবারের মতো তাঁরা হয়তো পরস্পরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন না, অন্তত উচিত হবে না। কারণ, করোনা। কারণ, একটি সংক্রামক রোগ, যার নাম কোভিড-১৯, যার কোনো সুনিশ্চিত চিকিৎসা এখনো মানুষের হাতে নেই, নেই কোনো ভ্যাকসিন। এরপরও অনেক স্থানে হয়তো ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে সীমিত পরিসরে ঈদের জামাত আদায়ের অনুমতি দেওয়া হবে। কিন্তু তার সদ্ব্যবহার যেন হয়, তা দেখাটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। যেহেতু মানুষের কল্যাণের জন্যই ধর্ম, তাই এবার প্রচলিত নিয়মের ব্যতিক্রম হতে পারে—এমনটাই বলছেন ইসলামি চিন্তাবিদেরা।
এবারের ঈদে তাই মুসলিমদের শারীরিক দূরত্ব মেনেই পরস্পরকে শুভেচ্ছা জানানো উচিত সমাজ ও সমাজের সবার কথা ভেবেই। এই শুভেচ্ছা জানানোই হবে সত্যিকারের শুভেচ্ছা। কারণ, শুভেচ্ছার জন্ম তো হয় শুভ ইচ্ছা থেকেই। অন্যের প্রতি ভালোবাসার মানুষটির প্রতি নিজের কর্তব্যবোধ থেকেই মানুষ এই পরিবর্তিত পরিস্থিতি মেনে নেবেন—এমনটাই প্রত্যাশা। সবার শুভ হোক। সবার অন্তর আনন্দের উজ্জ্বল আলোকে আলোকিত হোক।