নতুন বিপদে ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগ ঘাড় থেকে নামাতেই পারছেন না। তাঁর বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ, তিনি দেশের দুই প্রধান গোয়েন্দা সংস্থার দুজন শীর্ষ কর্মকর্তাকে ডেকে অনুরোধ করেছেন, তাঁরা যেন পত্রিকায় বিবৃতি দেন, রাশিয়ার সঙ্গে তাঁর নির্বাচনী প্রচারশিবিরের আঁতাতের যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।
ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ এ অভিযোগ সত্য প্রমাণিত হলে অপরাধমূলক ঘটনার তদন্তে বাধা সৃষ্টির জন্য তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ওঠা অভিযোগ আরও জোরালো হবে।
জানা গেছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান ড্যানিয়েল কোটস ও জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইকেল রজার্সের কাছে সরাসরি অনুরোধ করেছেন, তাঁরা যেন ওই প্রকাশ্য বিবৃতি দেন। তবে কোটস ও রজার্স উভয়েই ট্রাম্পের এই অনুরোধ রক্ষায় তাঁদের অপারগতা প্রকাশ করেছেন। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট পত্রিকা।
গত ২০ মার্চ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক প্রধান জেমস কোমি কংগ্রেসকে জানান, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারশিবিরের সম্ভাব্য আঁতাত নিয়ে তাঁর দপ্তর তদন্ত চালিয়ে যাচ্ছে। তাঁর এ বক্তব্য খণ্ডন করতেই ট্রাম্প দুই গোয়েন্দা প্রধানকে ওই অনুরোধ জানান বলে জানা গেছে।
হোয়াইট হাউস যথারীতি এ অভিযোগ শোনামাত্র তা বাতিল করে দিয়েছে। তবে ট্রাম্পের জন্য বিপদ হলো, রজার্সের সঙ্গে তাঁর কথোপকথনের বিবরণ জাতীয় নিরাপত্তা বিভাগের জন্য প্রস্তুত এক মেমোতে আনুপূর্বিক লিপিবদ্ধ করা হয়। এর আগে ট্রাম্প কোমির কাছেও অনুরোধ করেন রাশিয়ার সঙ্গে আঁতাত প্রশ্নে এফবিআইয়ের তদন্ত বাতিল করার। ট্রাম্পের সঙ্গে এ কথোপকথনের বিবরণও কোমি নিজে এক মেমোতে লিপিবদ্ধ করে রাখেন। ট্রাম্প তদন্তকাজে বাধা সৃষ্টির চেষ্টা করেছেন—এ অভিযোগের পক্ষে নথিপত্র হিসেবে এ দুই বিবরণই উত্থাপনের সম্ভাবনা রয়েছে।
এফবিআইসহ যুক্তরাষ্ট্রের সব জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা দপ্তর বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন। অবশ্য তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। অধিকাংশ ভাষ্যকার একমত, ট্রাম্প প্রথমে কোমি ও পরে ওই দুই গোয়েন্দাপ্রধানকে প্রভাবিত করার চেষ্টার মাধ্যমে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এটি একটি অপরাধমূলক তৎপরতা। একই রকম তৎপরতার অভিযোগে ১৯৭৩ সালে প্রেসিডেন্ট নিক্সন অভিশংসনের সম্মুখীন হয়েছিলেন।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির ডেমোক্রেটিক পার্টির সদস্য এডাম শিফ বলেছেন, এ দুই অভিযোগ থেকে স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের তদন্তকাজে বাধা সৃষ্টির অন্যায় চেষ্টা করেছেন।