নতুন ব্যবস্থাপনায় আবার এসেছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলের কর্মকর্তারা
সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলের কর্মকর্তারা

প্রায় চার মাস বন্ধ থাকার পর দুই অংশীদার নিয়ে নতুন মালিকায় ও ব্যবস্থাপনায় ব্যবসায় ফিরে এসেছে বিমান টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল। ৮ সেপ্টেম্বর নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সাবেক একক স্বত্বাধিকারী নাজমুল হুদা এমন ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল নাজমুল হুদা বলেন, ৩০ বছর শুরু করা তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড ও প্রবাসীদের নিরাপদে স্বদেশ ভ্রমণের নিশ্চয়তা দিয়ে অভিবাসী বাংলাদেশিদের পাশে ছিল।
প্রায় চার মাস বন্ধ থাকার কারণ প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, জুন মাসের শেষ সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল মহাবিপর্যয়ের সম্মুখীন হয়। তাঁর আকস্মিক অসুস্থতা ও অভ্যন্তরীণ সমস্যার কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় বড় ধরনের বাধা ও ঝুঁকির মুখে পড়ে। অন্যদিকে কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণেই বিপর্যয় নেমে আসে। তিনি বলেন, এ অনভিপ্রেত সমস্যার কারণে সাধারণ প্রবাসীরা ভোগান্তির শিকার হওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার প্রতিষ্ঠানের গ্রাহক ও ক্রেতাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলের অপ্রত্যাশিত ঘটনার পর যাঁরা আমাকে সাহায্য-সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন, তাঁদের ধন্যবাদ জানাই।
তিনি জানান, গ্রাহক ও ক্রেতাদের ক্রয় করা টিকিটের অর্থ অবশ্যই ফেরত দেওয়া হবে। এ উদ্দেশ্যে ক্রেতাদের কাছ থেকে টিকিটের কপি ও মানি রিসিপ্ট সংগ্রহ করা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে প্রতিদিন ২৫ জনকে অর্থ ফেরত দেওয়া হবে। প্রতিদিন এই ২৫ জনকে আগে থেকে তাঁরা ফোন করে আসতে বলবেন। পর্যায়ক্রমে সব ক্রেতাকে ডাকা হবে বলে তিনি জানান।
নাজমুল হুদা বলেন, ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল আবার পুরোদমে টিকিট বিক্রি করবে। তিনি জানান, তাঁর ব্যবসায় নতুন অংশীদারেরা হলেন ‘ডটনেট’-এর কর্ণধার প্রদীপ সাহা এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার। নতুন অংশীদারেরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

প্রতিশ্রুতি অনুযায়ী ক্রেতাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে কি না এ ব্যাপারে জানতে চাইলে নতুন অংশীদার প্রদীপ কুমার সাহা প্রথম আলোকে জানান, সোমবার থেকেই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, তাঁদের হিসাবমতো প্রায় ৩০০ টিকিট ক্রেতা তাঁদের তালিকায় রয়েছেন, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব দাবি যাচাই করে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ক্রেতাকে অর্থ ফেরত দেওয়া হবে এবং এ প্রক্রিয়া তাঁরা শুরু করেছেন বলে জানান।