নতুন শহরে প্রথম ঈদ
শহরটির নাম গ্রিন বে, আমেরিকার উইসকনসিন স্টেটে এ লেক; মিশিগানের পাশে শহরটি অবস্থিত। আকারে ও জনসংখ্যায় শহরটি একেবারে ছোট নয়। আশপাশের ছোটখাটো শহর মিলে কমপক্ষে তিন লাখ লোক তো হবেই। শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার মান সবকিছু মিলিয়ে শহরটি বসবাসের জন্য খুবই সুন্দর। অথচ এই সুন্দর শহরটিতে মাত্র কয়েক বছর আগেও বাঙালিদের বসবাস ছিল না বললেই চলে। গত ১৫টি বছর তানভীর সাহেব এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। (উনি এখানকার একটি কলেজ শিক্ষকতা করেন। মাঝেমধ্যে দু-একজন বাংলাদেশি যে এখানে আসেননি, তা কিন্তু নয়। শুনেছি সবাই নাকি শীতের দোহাই দিয়েই এখান থেকে চলে গেছেন।)
মাত্র তিন মাস হলো আমরা কানাডা ছেড়ে এখানে এসেছি। কথায় বলে হাঁসের আবার সর্দি কি? কানাডার কঠিন শীত থেকে এসেছি। এখানকার শীতটা আমার জন্য কোনো ব্যাপার হবে না। আসার আগে কত রকম ভাবনা! ওখানে কোনো বাঙালি পাব কি না, ছোট মাছ, শুঁটকি এগুলো খেতে পারব কি না, আরও কত ভাবনা! ধন্যবাদ গুগুলকে! একবার সার্চ দিয়েই সন্ধান পেলাম আমারই অ্যালামনাই উপল সাহেবের। উপল এখানকার স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। উপলের সন্ধান পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বিদেশের মাটিতে একজন বাঙালি পাওয়া মানে যেন একজন আপন ভাইকে কাছে পাওয়া। খোদা যেন আমাদের মনের কথা আগে থেকেই বুঝেছিলেন। তানভীর সাহেব, উপল, ফিরোজ, বাশার সহগত দুই বছরে এখানে ছয়-সাতটি পরিবার হয়ে গেছে। ওনাদের সঙ্গেই পার করলাম এ বছরের প্রথম ঈদ।
মিলেমিশে থাকলে; আনন্দ করতে চাইলে, কম মানুষেও যে অনেক আনন্দ করা যায়, তা এবার বুঝলাম। ঈদের আগের রাতে ভাবিরা মিলে চাঁদরাত করল। অনেক ধৈর্য ধরে একে অন্যের হাত মেহেদির রঙে রাঙিয়ে দিল। এত শুধু আর মেহেদি দেওয়াই নয়; এ যেন নরম হাতে ভালোবাসা আর মমতার চিহ্ন এঁকে দেওয়া। আশপাশে দেশি বাজার নেই তো কি হয়েছে; অনলাইন থেকে আগেভাগেই ভাবিদের ঈদের জামা অর্ডার দেওয়া ছিল। সেই জামার সেলাইয়ের যে অবস্থা! ভাগ্যিস এখানে সব গুণের অধিকারী সুরাইয়া ভাবি ছিল। উনিই সেগুলো কেটেছেঁটে একটা অবস্থানে এনে দিলেন। কোনো পয়সার বিনিময়ে নয় কিন্তু! একমাত্র ভালোবাসাই এসব বাড়তি সুবিধা এনে দিতে পারে!
যা হোক, ঈদের দিন সকালে উঠে নামাজ পড়লাম এই শহরের একমাত্র মসজিদটিতে। প্রায় পাঁচ শ নামাজিদের অধিকাংশ সোমালিয়ান। ওরা অনেক ধর্মপ্রাণ। ছোট ছোট বাচ্চাদের প্রায় সবাই কোরআনে হাফেজ। ঈদের নামাজ শেষে সবার প্রথম জমায়েত আমারই বাসায়। দুপুর পর্যন্ত খাওয়াদাওয়া আর আড্ডা শেষে বাদ দুপুর জমা হলাম উপলের বাসায়। ওখানে গিয়ে বাচ্চাদের আনন্দ যেন আর ধরে না! বন্ধুদের সঙ্গে উপহার বিনিময় (ওদেরই পছন্দেই কেনা), সালামির টাকা পাওয়া; সেই কটি টাকায় কত কিছু যে কেনা যাবে সে ভাবনায় সবাই যেন সবাই বিভোর! ছোট মানুষ; এক ডলারের কটি নোট হাতে পেয়েই যেন হাজার ডলারের খুশি! পারলে যেন বাজারের সবই যেন কিনে ফেলবে।
ওখান থেকে সন্ধ্যায় গেলাম দেলওয়ারের বাসায়। একে একে চার চারটি বাসায় গেলাম; কত কিছু খেলাম; কত মজা করলাম, তারপরও মনের ভেতর কেমন যেন একটু কষ্ট বারবার উঁকি দিচ্ছিল। আর তার কারণ হলো আমাদেরই এক ছোট বোন তন্বীর ওই দিন আমাদের কাফেলাতে যোগ না দেওয়া। ও সেদিন একটু অসুস্থ ছিল। ইচ্ছা ছিল না ওই দিন বাসায় গিয়ে ওদের ঝামেলায় ফেলতে। কিন্তু ওর বর মারুফের (সেও মস্ত টিচার) জোরাজুরিতে রাতে গেলাম ওদের বাসায়। ঈদের দিন; মানুষজন ছাড়া কি আর থাকা যায়। আমাদের দেখে তন্বী যেন সুস্থই হয়ে উঠল। ওর আম্মার মজার মজার রান্না খেয়ে, গল্পগুজব করে খুশি মনে রাতে বাসায় ফিরলাম। এভাবেই কাটল আমাদের ছোট্ট কমিউনিটিতে আমার প্রথম ঈদের দিনটি। বিদেশ-বিভুঁইয়ে ঈদ! আমরা তো আর এখনে কোনো ছুটি পাই না। তাই জানুয়ারির জন্মদিন ফেব্রুয়ারিতে করার মতো সুবিধামতো ঈদ উদ্যাপন করতে হয়। দু-একটি বাসা যদিও ঘোরা হয়নি; কোরবানির আগে হলেও সেটার সুযোগ হবে ইনশাআল্লাহ! সেই কামনায় রইলাম।