নতুন সরকারে সিলেটের মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে আবদুল মোমেন,এম এ মান্নান ,মো. শাহাব উদ্দিন ,ইমরান আহমদ ,মাহবুব আলী
এ কে আবদুল মোমেন,এম এ মান্নান ,মো. শাহাব উদ্দিন ,ইমরান আহমদ ,মাহবুব আলী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভায় নতুন মুখের আধিক্য। সিলেট বিভাগও এর ব্যতিক্রম নয়। সিলেট বিভাগ থেকে এবার পাঁচজন সাংসদ মন্ত্রিত্ব পেয়েছেন। তিনজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। এদের মধ্যে চারজনই নতুন। পুরোনো একজন প্রতিমন্ত্রীকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়েছে।
সিলেট-১ আসন থেকে এ কে আবদুল মোমেন প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবার। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান হয়েছেন পরিকল্পনামন্ত্রী। তিনি তিনবারের সংসদ সদস্য। গত মেয়াদে তিনি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী। মৌলভীবাজার-১ আসনের শাহাবউদ্দিন হয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী। তিনি চতুর্থবারের মতো সংসদ সদ্য নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাহবুব আলী হয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। সিলেট-৪ আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হওয়া ইমরান আহমদ হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
নতুন মন্ত্রিসভা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা দুই-ই। সিলেট বিভাগে চলছে নতুন মন্ত্রীদের নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে নানা বিশ্লেষণ। ১৯৯১ সাল থেকে গত ২৮ বছর ধরে প্রতিটি সংসদীয় সরকারের অর্থমন্ত্রী সিলেট বিভাগ থেকে নিয়োগ দেওয়ার একটি অলিখিত ঐতিহ্য প্রচলিত ছিল। এবার সেই ধারাবাহিকতার ব্যত্যয় হলো।
১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)) সরকার গঠন করলে মৌলভীবাজার জেলার সাইফুর রহমানকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি ১৯৮০-৮১ সালে জিয়াউর রহমানের বিএনপি সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে বিতর্কিত ষষ্ঠ সংসদ নির্বাচনের পর সংক্ষিপ্ত সময়ের বিএনপি সরকারেও সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ঐকমত্যের সরকার গঠন করলে হবিগঞ্জ জেলার শাহ এ এস এম কিবরিয়াকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে চারদলীয় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করলে সাইফুর রহমানকে পুনরায় অর্থমন্ত্রী করা হয়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জয়ী মহাজোট সরকার সিলেট জেলার আবুল মাল আব্দুল মুহিতকে অর্থমন্ত্রী করে। আবুল মাল আব্দুল মুহিত ১৯৮২-৮৩ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের সেনা সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ছিলেন। ২০১৪ সালে ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে দশম সংসদ গঠিত হলে মহাজোট সরকারের অর্থমন্ত্রী হিসেবে আবারও দায়িত্ব পান আবুল মাল আব্দুল মুহিত। একটানা দশ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে মুহিত বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় অর্থমন্ত্রী থাকার রেকর্ড করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন নেওয়া থেকে বিরত থেকে সহোদর আব্দুল মোমেনকে নিজ আসন ছেড়ে দেন।
আব্দুল মোমেন অর্থনীতির ছাত্র হলেও কূটনীতিতে তাঁর খ্যাতি রয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছেন। নতুন মন্ত্রিসভায় ঐতিহ্য ভেঙে সিলেট বিভাগ থেকে অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া না হলেও পররাষ্ট্র, পরিকল্পনা এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়াকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বেসামরিক বিমান ও পর্যটন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও সিলেট বিভাগের। এই দুটি মন্ত্রণালয়ের সঙ্গে সিলেটের মানুষের স্বার্থ সরাসরি জড়িত।
সিলেট থেকে কাউকে অর্থমন্ত্রী না করায় অবশ্য তেমন হা-হুতাশ নেই। বিশ্লেষকেরা বলছেন, ইতিপূর্বে হওয়া অর্থমন্ত্রীরা সিলেটকে রাজভাণ্ডার উজাড় করে কিছু দিয়েছেন বলা যাবে না। সিলেটবাসীকে প্রাপ্যের অধিক কেউ কিছু দিতে পারেননি। বরং প্রাপ্যটুকু না পাওয়ার অভিযোগ-অনুযোগ রয়েছে। তবে এসব কিছুকে ছাপিয়ে প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের মানুষের মধ্যে প্রবাসীদের কল্যাণে এই মন্ত্রিসভার সদস্যরা কাজ করবেন সে আশাবাদ তৈরি হয়েছে।
সিলেট বিভাগের মানুষের অন্যতম একটি চাওয়া হচ্ছে প্রবাসীদের সম্পদ, স্বার্থ ও নিরাপত্তা। কারণ এসবের অনিশ্চয়তা প্রবাসীদের ক্রমান্বয়ে দেশবিমুখ করছে। ফলে নতুন প্রজন্ম ধীরে ধীরে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেশে পা রেখেই প্রবাসীরা একের পর এক বিড়ম্বনার মুখোমুখি হন। সরকারের পর সরকার চলে যায় কিন্তু প্রবাসীদের সমস্যার সমাধান হয় না। দুই দশকেও সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ১৯৯৮ সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা হলেও এখান থেকে বাংলাদেশ বিমানের সরাসরি কোনো আন্তর্জাতিক ফ্লাইট নেই। এক সময় ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং সিস্টেম না থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হতো না। অনেক আন্দোলনের পর বর্তমান সরকারের আমলে এ সমস্যার সমাধান হলেও বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট রুটে ফিরতি কোনো ফ্লাইট নেই। ওসমানী থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নতুন করে সামনে আনা হচ্ছে রানওয়ের সক্ষমতার বিষয়টি।
বিশেষজ্ঞরা বলছেন, লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমানের ফ্লাইট নিয়মিত পরিচালিত হওয়ায় রানওয়ে নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। এই রানওয়েতে বোয়িং-৭৭৭ বিমান উড্ডয়নে কিছুটা ঝুঁকি থাকলেও ছোট ও মাঝারি কোনো বিমানের ক্ষেত্রে তেমন সমস্যা নেই। ওসমানী থেকে বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনায় একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে বেসামরিক বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ ও হতাশ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ৫০ লাখেরও বেশি সিলেটী।
বাংলাদেশের সমৃদ্ধির জন্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ প্রবাসীরা দেশে গেলে হয়রানির শিকার হন। তাদের কাছে চাঁদা দাবি করা হয়। কোনো কাজের জন্য কোনো অফিসে গেলে টাকা চাওয়া হয়। তাদের সম্পদ বেদখল হয়ে যায়। দেশের স্বার্থেই এ ধরনের অপকর্ম বন্ধ করতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পররাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিন সিলেটী মন্ত্রী এবার সমন্বিত উদ্যোগ নিয়ে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণের সুযোগ নিতে পারেন।
হাওর, পাহাড় ও বনাঞ্চলের সমন্বয়ে গঠিত সিলেট বিভাগের প্রকৃতি ও পরিবেশ সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। কিন্তু প্রকৃতির এই প্রতিটি দান আজ ধ্বংসের মুখে। এই সম্পদ রক্ষা করতে হলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা জরুরি। দুর্ভাগ্যজনক হলেও সত্য বিগত দিনে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাঁদের কারও ভূমিকাই প্রকৃতি ও পরিবেশবান্ধব ছিল না। এ অবস্থায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব সিলেটের একজন তৃণমূলের রাজনীতিবিদকে দেওয়ায় সিলেটের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আশাবাদের সৃষ্টি হয়েছে।
আশাবাদ তৈরি হয়েছে পর্যটন মন্ত্রণালয় নিয়েও। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনে দেশ-বিদেশের পর্যটকদের ব্যাপক আগ্রহ থাকলেও এত দিনেও পর্যটনবান্ধব অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। বরং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো সংরক্ষণের অভাবে ক্রমান্বয়ে শ্রীহীন হয়ে পড়ছে। এ অবস্থায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন সিলেটের সন্তান। তিনি এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন।
পরিকল্পনামন্ত্রী হিসেবে সদ্য সাবেক অর্থ প্রতিমন্ত্রীকে দায়িত্বভার দেওয়ায় এখানেও আশাবাদী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে সিলেট অঞ্চলে হওয়া প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড যেন টেকসই হয়, মেগা প্রকল্পে যেন সিলেট বিভাগের নাম যুক্ত হয়, তিনি সে চেষ্টাই করবেন বলে আশা।