যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নতুন নাগরিক প্রণোদনা প্রস্তাবে নথিপত্রহীন অভিবাসীদের জন্য উদ্দীপনা চেক ও বহিষ্কার থেকে সুরক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডেমোক্র্যাটদের প্রস্তাবিত উদ্দীপক প্যাকেজে কাগজপত্রহীন অভিবাসীদের উপকারে আসবে এমন আরও বেশ কয়েকটি বিষয় যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উদ্দীপনা চেকের সম্প্রসারণ ও নথিপত্রহীন অভিবাসীদের বহিষ্কার থেকে রক্ষাসহ ‘অত্যাবশ্যকীয়’ চাকরিতে তাদের বহাল রাখা।
ফক্স নিউজ সূত্রে জানা যায়, ২.২ ট্রিলিয়ন ডলারের নতুন প্রণোদনা প্রস্তাবে বলা হয়েছে, যেসব কাগজপত্রহীন অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় অবকাঠামোগত শ্রম বা পরিষেবাদিতে যুক্ত রয়েছে, তাদের বহিস্কারের ওপর স্থগিতাদেশ এবং কাজ করার অনুমতি দিতে হবে। এই বিলে যেসব চাকরিদাতা অনিবন্ধিত অভিবাসীদের কাজে নিয়োগ দেবে, তাদের জন্যও সুরক্ষা রাখার কথা বলা হয়েছে।
ফক্স নিউজের সূত্রে আরও বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাসের কারণে চলমান জনস্বাস্থ্য জরুরি অবস্থা শেষ হওয়ার ৯০ দিন পর্যন্ত নিবন্ধনহীন অভিবাসীদের সুরক্ষা প্রস্তাবটি আইন হিসেবে বহাল থাকবে।
তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট বিলটি আদৌ পাস হবে কিনা, বা সেখানে পাস হলে প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করবেন কিনা, তা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। কারণ নতুন এই বিলের ভাষা গত মে মাসের ডেমোক্র্যাটদের প্রস্তাবিত প্রথম হাউস উদ্দীপক বিলেও অন্তর্ভুক্ত ছিল। শেষ পর্যন্ত সে বিল রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে প্রত্যাখ্যান করা হয়েছে। গত মে মাসে ডেমোক্র্যাটদের প্রস্তাবিত প্রথম হাউস উদ্দীপক বিলের মত এই নতুন বিলেও লেখা আছে, যাদের সোশ্যাল সিকিউরিটি নম্বর নেই, তাদের জন্য দ্বিতীয় দফায় উদ্দীপনা চেকে প্রাপ্ত বয়স্কদের জন্য এক হাজার ২০০ ডলার এবং নির্ভরশীল প্রতি ব্যক্তির জন্য ৫০০ ডলার দিতে হবে।
এফআইএআরের সরকারি সম্পর্কের পরিচালক আর জে হাউমান অভিযোগ করেন, আবারও ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে লাখ লাখ অবৈধ অভিবাসীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য বিল উত্থাপন করছে। শুধু আর্থিকভাবে নয়, বরং তাদের সাধারণ ক্ষমা করারও চেষ্টা করছে।
হাউম্যান আরও বলেন, ডেমোক্র্যাটদের এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ এবং মহামারির মধ্যে মার্কিনদের কাছ থেকে দূরে থাকা অর্থ ও কর্মসংস্থান গ্রহণ করা হবে। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সুযোগ একেবারেই কম।