নথিপত্রহীন অভিবাসীরা নির্ভয়ে টিকা নিতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নথিপত্রহীন অভিবাসীরা নির্ভয়ে করোনার টিকা নিতে পারবেন। টিকাদান কেন্দ্রে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তাঁদের ধরপাকড় করতে যাবে না। টিকা নেওয়ার সূত্র ধরেও কোনো নথিপত্রহীন অভিবাসীকে তল্লাশি করা হবে না।

২৬ ফেব্রুয়ারি টেক্সাস সফরকালে ইউনিভিশনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণে এর মধ্যেই পাঁচ লাখ ১২ হাজারের বেশি মানুষের মানুষের মৃত্যু হয়েছে। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তাই জনগণকে ব্যাপকভাবে টিকার আওতায় নিয়ে এসে সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এক বছর থেকে দফায় দফায় সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রে এখনো নাজুক অবস্থা চলছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, আগামী শীত মৌসুম আসার আগেই দেশের অধিকাংশ লোকজনকে টিকার আওতায় নিয়ে আসলে পরিস্থিতি এক ধরনের স্বাভাবিক হতে পারে বলে আশা করা যায়।

টিকাদান কেন্দ্রে অভিবাসন বিভাগের কর্মকর্তারা নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড় করতে যাবে না বলে জানানো হয়েছে
ফাইল ছবি: আইসের ওয়েবসাইট থেকে নেওয়া

এদিকে টিকা নেওয়ার ক্ষেত্রে নথিপত্রহীন অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই মনে করছেন, টিকা নেওয়ার জন্য নাম-ঠিকানা তালিকাভুক্ত হওয়ার পর তাঁদের তল্লাশি করতে আসবে অভিবাসন বিভাগ।

যুক্তরাষ্ট্রে কয়েক কোটি নথিপত্রহীন অভিবাসী রয়েছে। এই অভিবাসীদের অধিকাংশই নিজেদের পরিচয় গোপন করে চলাচল করে। এ কারণে টিকা নেওয়ার জন্য নিজের নিশ্চিত পরিচয় দিতে অনেকেই সংশয়ে ভুগছেন। প্রথম ডোজ টিকা দেওয়ার পর দ্বিতীয় ডোজ দিতে এসে অভিবাসন কর্তৃপক্ষের ধরপাকড়ের মধ্যে পড়ার আশঙ্কাও কাজ করছে অনেকের মাঝে।

বিশাল এই অভিবাসী জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসা না গেলে, সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে স্বাস্থ্যসেবীরা মনে করছেন। এর মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে এ নিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নথিপত্রহীন অভিবাসীরা নির্ভয়ে টিকা নিতে পারবেন। টিকাদান কেন্দ্র বা এর সূত্র ধরে কোনো অভিবাসীকে হয়রানি করা হবে না।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া নথিপত্রহীন গুয়েতেমালার নাগরিকেরা তাঁদের দেশে ফিরেছেন। এই আতঙ্কে আছেন অন্য অভিবাসীরা
ফাইল ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট জো বাইডেনও তাঁর সাক্ষাৎকারে টিকা গ্রহণের জন্য নথিপত্রহীন অভিবাসীদের প্রতি তাঁর প্রশাসনের এই নৈতিক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, টিকা গ্রহণের আশপাশে কোনো তল্লাশি বা ধরপাকড় করা হবে না। নির্ভয়ে অভিবাসীরা টিকা নিতে পারবেন।

করোনার সংক্রমণে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী সম্প্রদায়ের। জীবনমানের কারণে অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হারও বেশি হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর অভিবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। যদিও অভিবাসন সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তারপরও প্রেসিডেন্ট বাইডেনের এমন ঘোষণা নথিপত্রহীন অভিবাসীদের নির্ভয়ে টিকা গ্রহণে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।