নদ-নদী রক্ষা ও সুরমার উৎসমুখ খননের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে সিলেট অঞ্চলের নদ-নদী রক্ষা ও সুরমা নদীর উৎসমুখ খননের দাবিতে বেন-বাপা ও সুরমা রিভার ওয়াটারকিপার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিকেল ৪টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে।
‘দখল দূষণমুক্ত প্রবহমান নদী, বাঁচবে প্রাণ ও প্রকৃতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চলতি বছর বাংলাদেশে বিশ্ব নদী দিবস উদ্‌যাপন করা হবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বব্যাপী নদী রক্ষার সংগ্রামীরা পালন করে বিশ্ব নদী দিবস। কানাডার নদীপ্রেমী মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে ১৯৮০ সালে দিবসটি প্রথম পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশে দিবসটি পরবর্তীতে উদ্‌যাপন শুরু হয়। স্ব স্ব অঞ্চলের নদী রক্ষার লড়াইয়ে দিবসটি নদী কর্মীদের অনুপ্রেরণা জোগায়। জাতিসংঘ ২০০৫ সালে দিবসটি অনুসমর্থন করে। সিলেট বিভাগের নদীরক্ষা আন্দোলনের সংগঠক আবদুল করিম কিম এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশে দিবসটি প্রথম পালিত হয় ২০১০ সালে। পরবর্তীতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করতে থাকে। ২০১৭ সালে গঠিত হয় বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ, বাংলাদেশ। বিশ্ব নদী দিবসের একক কোনো প্রতিপাদ্য থাকে না। দেশ ও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য ঘোষিত হয়। ২০১০ সাল থেকে রিভারাইন পিপল এককভাবে এবং ২০১৪ সাল থেকে অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথভাবে দিবসটির প্রতিপাদ্য ঘোষণা করা হচ্ছে। ২০১৭ সালের বাংলাদেশ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দখল দূষণমুক্ত প্রবহমান নদী, বাঁচবে প্রাণ ও প্রকৃতি’।
১৫ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ, বাংলাদেশের উদ্যোগে পুরোনো পল্টনের মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বছরের প্রতিপাদ্য ঘোষণা করা হয়। বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদের সমন্বয়ক ও বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন সংবাদ সম্মেলনে এই প্রতিপাদ্য ঘোষণা করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এখনো ঘুরে দাঁড়ালে কিছুটা হলেও নদী রক্ষা হতে পারে। তবে এর নেতৃত্ব দিতে হবে সরকারকে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মানুষ তার নদী রক্ষা করতে চায়, রাজনীতিবিদ ও সরকার নদী রক্ষায় প্রত্যয় ঘোষণা করেছে। উচ্চ আদালত পরিষ্কারভাবে নদী রক্ষার সিদ্ধান্ত ও প্রক্রিয়া ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী তথা সরকার নদী বাঁচাতে আন্তরিক। তার জন্য নদী টাস্কফোর্স ও নদী কমিশন তৈরি করা হয়েছে। পরিবেশবাদীরা এসব দপ্তরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে, অনেক সভা হয়েছে। কিন্তু গত ৮ বছরে একটি নদীও দখল, দূষণ থেকে পুরোপুরি মুক্ত হয়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকার ইচ্ছা করলে নদী রক্ষা পাবে। কিন্তু সরকারতো নদী রক্ষায় যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ। পরিবেশবাদীরা সরকারের এমন ইচ্ছাকৃত ব্যর্থতার অবসান চায়।
বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ নদীর জন্য পদযাত্রা আয়োজন করেছে দিবসটির একদিন আগে ২৩ সেপ্টেম্বর। ঢাকার বাহাদুর শাহ পাক থেকে সদরঘাট পর্যন্ত এই পদযাত্রায় বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠন অংশগ্রহণ করবে।