নন্দিত প্রবাস: মন্দ্রিত স্বদেশ
প্রবাস মানেই কোনো বিদিশিনীকে তুমি ভেবে-অপলক তাকিয়ে থাকা। প্রবাস মানেই অপার বেদনা, উচাটন মন। প্রবাস মানেই দ্বীপান্তর; অন্তহীন এক নির্বাসন।
১৯৮৪ সালের কোনো এক সময়ে সাপ্তাহিক বিচিত্রার ‘প্রবাস থেকে’ কলামে এই লেখাটি ছাপানো হয়েছিল। লেখক ফ্রান্সে বসবাস করছিলেন তখন। যদিও এখানে কিছুটা অংশ উদ্ধৃত হলো- তবু নিশ্চয়ই সবাই এতক্ষণে অনুমান করে নিয়েছেন পুরো লেখাটিতেই ছিল স্বদেশ কাতরতা। দেশ ছেড়ে প্রবাসী আমরা অনেকেই। বিশেষত ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং তারপর স্বাধীনতার কল্যাণে আজ তারা সবাই বিভিন্ন দ্বীপে নোঙর করেছেন। উদ্দেশ্য অবশ্যই একটা সচ্ছল ভবিষ্যৎ, উন্নত জীবন যাপন ও উচ্চশিক্ষা অর্জন। এই আকাঙ্ক্ষা যতই বিপুল বিস্তৃত হোক না কেন একটা ব্যাকুলতা হয়তো সবাইকে ধাওয়া করছে এবং সেটা হচ্ছে পিছুটান। অর্থাৎ ফেলে আসা দিনগুলির স্মৃতির তর্পণ। বারেবারেই যেন প্রাণের মাঝে এক ব্যাকুল অনুভূতি আন্দোলিত হয়ে ওঠে। ফিরে চল ফিরে চল মাটির টানে- এই গানটিই করুণ রাগিণী হয়ে বাজতে থাকে।
এই প্রসঙ্গে একটি গল্প মনে পড়ল। গল্প না বলে হয়তো জীবন-কাহিনিও বলা যেতে পারে। বেশ কিছুদিন আগে নিউইয়র্ক শহরে বাংলাদেশের কৃষিবিজ্ঞানী সমিতির আমন্ত্রণে তাদের একটি বার্ষিক সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছিল। অনুষ্ঠানটি নির্ধারিত হয়েছিল একটি রেস্টুরেন্টে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ দেখা গেল একজন ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঢুকলেন। চোখ দু’টি তাঁর সজল। কী ব্যাপার? উনিও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আমেরিকায় এসেছেন অল্প কিছুদিন হলো। অনেকের সঙ্গেই এখনো জানাশোনার সুযোগ হয়ে ওঠেনি। যাচ্ছিলেন এই পথ দিয়ে। যখন জানলেন এই সমাবেশটির কথা সোজা এসে হাজির হলেন। আলোচনা পর্বে আবেগজড়িত কণ্ঠে ফেলে আসা দিনগুলোর কথা বললেন। বুক পকেট থেকে বের করে দেখালেন তাঁর সযত্নে সংরক্ষিত বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতিময় সংগ্রামের অ্যালবাম। মনে হলো অন্তরে যতই আমেরিকায় আগমনের বাসনা থাকুক না কেন, ঘর হতে পা মেলেই বুঝতে পেরেছেন কী যেন একটা বিয়োগান্ত অধ্যায়ের শুরু হলো।
এটা বলতে দ্বিধা নেই যে, দেশ ছাড়ার জন্য সবাই এক পা বাইরে দিয়ে রেখেছেন। বিজ্ঞানী থেকে তরুণ সমাজ, ভবঘুরে থেকে ব্যবসায়ী- সবাই উন্নত জীবনের সোনার হরিণের প্রত্যাশায় দেশত্যাগ করছেন। অনেকে বলেছেন, বিষয়টা এক ধরনের ‘ব্রেইন ড্রেইন’। আবার অনেকে বলেছেন, ঘরের বাইরে না বেরোলে বিশ্বকে জানবে কেমন করে? সুতরাং সমাজনীতি বা অর্থনীতি- এই দুইয়ের অবক্ষয়ে কিংবা অ্যাডভেঞ্চারের নেশায় এই কাফেলা দিন দিন বাড়ছে। যদিও বিজ্ঞজনেরা বলেন, সাত সমুদ্দুর তেরো নদী পার হলেও নিজের ঘর পেরোনো যায় না। তাই বুঝি শৈশবের আঙিনা, চেনা পুকুর, ছেলেবেলার সঙ্গী, তাল তমালের ছায়া ঘেরা মেঠো পথ, আত্মীয়-অনাত্মীয় সবকিছুই যেন স্মৃতির ফ্রেমে বারবার ভেসে ওঠে। এই প্রাচুর্যের দেশে সবই আছে- শুধু নেই সেই সবুজ ঘাসের সোহাগ। ওই অশ্রু ভারাক্রান্ত ভদ্রলোকটির মতো অনেক গল্প হয়তো আপনারাও শোনাতে পারবেন। নিজের চৌকি যতই নড়বড়ে হউক না কেন, সুইট হোম আসলেই সুইট হোম।
সবাই জানেন অর্থনৈতিক বিপর্যয় অনেকাংশে এই দেশত্যাগের কারণ। তাই ইমিগ্রান্ট ভিসার সুযোগ কেউ অপব্যবহার করেননি। অনেকেই আবার ভাস্কো-দা-গামার মতো জীবনের ঝুঁকি নিয়ে অ্যাডভেঞ্চারের নেশায় নেমেছেন। একজন ১৮-১৯ বছরের যুবককে জানি। সে মেক্সিকো থেকে আবর্জনার ট্রাকে লুকিয়ে সীমান্ত পার হয়েছিল। অবশ্য তাকে গ্রিনকার্ডের জন্য পরে অজস্র কাঠ-খড় পোড়াতে হয়েছে। কিন্তু ওই যে কথাটা বললাম, পিছুটান। সেখান থেকে উদ্ধারের পথ জানা নেই। তাই মাঝেমধ্যে দেখা হলে যখনই জিজ্ঞেস করতাম বাবা-মার কথা। ছেলেটির অশ্রুসজল দৃষ্টির দিকে দ্বিতীয়বার আর তাকাতে পারতাম না। এমনি একজন তরুণের সঙ্গে দেখা হয়েছিল বিমানের ফ্লাইটে নিউইয়র্কের পথে। ছেলেটি বলল কিছু পয়সা জমা হলেই সে দেশে যায়। মাকে না দেখলে ভালো লাগে না। বছর তিনেক হলো আমেরিকা এসেছ। সব শেষে জানাল এই দেশে আর মন বসছে না। বছরখানেকের মধ্যেই কিছু টাকা জমিয়ে সে একেবারে ফিরে যাবে গ্রামের বাড়িতে।
এই ফিরে যাওয়ার কথা আমরা আলাপে-আড্ডায় অহরহ বলে যাচ্ছি। তবে ইচ্ছা থাকলেও হয়তো সহজেই ফিরে যাওয়া হয় না। দেশে চলে গিয়ে আবার ফিরেও এসেছেন অনেকে ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। অর্থনৈতিক মন্দার চেয়েও শিক্ষাঙ্গনের করুণ পরিস্থিতি বাবা-মাকে ভাবিয়ে তুলছে বেশি। অনেকেই এই কারণে পিছিয়ে যাচ্ছেন; যদিও বুকে আগলে থাকে অনেক ব্যথা। এখানকার পাবলিক লাইব্রেরির বাংলাদেশ লাইব্রেরিতে বাংলাদেশ সম্বন্ধে একটা বই দেখলাম। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে গিয়ে বাংলাদেশের জনসাধারণকে ‘সবাই কবি’ বলে অভিহিত করা হয়েছে। তার মানে এই নয় যে, আমরা সবাই কবিতা লিখি। আসলে কবিতার মতো রোমান্টিক ভাবটা বাঙালিদের মাঝে প্রচুর। আমরা যেমন ভাবুক, তেমনি কল্পনা-বিলাসী। তার মানে এই নয় যে জীবনের কঠিন বাস্তবতাকে আমরা এড়িয়ে চলছি। প্রয়োজনে অসাধ্যসাধনে সবাই কষ্টকর পথটাকে বেছে নিয়েছেন। এবং তার মাঝে অফুরান আনন্দেরও যোগ সাধন হয়েছে। বাংলার বার মাসে-তেরো পার্বণের কথা কে না জানে। এই উৎসবের ঢেউ প্রবাসেও এসে লেগেছে। শীতের হাওয়াটা কেটে গেলেই বৈশাখী মেলায় উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র আমেরিকা। আবার অন্যদিকে বাংলা পত্রিকা, গ্রোসারি, বইয়ের দোকান, রেস্তোরাঁ ও সর্বোপরি বিমানের সুবিধাক্রমে মোটামুটি একটি মিনি বাংলাদেশের জন্ম হয়েছে এই দুই প্রবাসে। তারপর জন্মদিন, বিয়ের দিন, বিবাহ-বার্ষিকী, পুনর্মিলনী ইত্যাদি উৎসব তো লেগেই আছে। তদুপরি আছে বিভিন্ন সমিতির বৈঠক আর চা পানের আড্ডা। সব হারিয়েও এ সব মিলে আমরা তো ভালোই আছি বলা চলে। যদিও বিপদটা ঘটে ঘুমের সময়ে। মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতে- ‘যে আতঙ্কটি সারা সময় অতি সন্তর্পণে এড়িয়ে গেছ, নিদ্রার মাঝেই তার সাক্ষাৎ পাবে।’
তাই কবির ভাষায় বলি হে নন্দিত মেঘ, তুমি নেমে এস। ঘন ও নিবিড় হয়ে করুণা ধারায় নেমে এস। শ্রাবণে শ্রাবণে তুমি হে বন্ধু স্পন্দিত করে দাও। এই অফুরান পরবাস (পরবাসে পঙ্ক্তিমালা- কবি শহীদ কাদরী)। বাংলার বৈশাখ স্মরণে প্রবাসে আজ এই মিলন-মেলা, আনন্দে-সোহাগে স্বজন-পরশে প্রাণবন্ত হয়ে উঠুক।