নরম সুরে ট্রাম্প

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের বিষয়ে কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে কানাডা, মেক্সিকো ও অন্যান্য দেশ শুল্ক ছাড় পেতে পারে।
গত সপ্তাহে ইস্পাতের ওপর ২৫ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহেই এটি পাস হওয়ার কথা। এ ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিপরীতে একটি ‘প্রয়োজনীয়’ ও ‘সঠিক’ প্রতিক্রিয়া জানানোর হুমকি দেয় চীন। ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয় কানাডা, মেক্সিকো, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব বাণিজ্য সংস্থাও (ডব্লিউটিও) ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করে। এমনকি দেশটির ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা চরম উদ্বিগ্ন হন এ সিদ্ধান্তে। এত বিরোধিতার কারণে শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এল হোয়াইট হাউস।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স জানান, চলতি সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয় চূড়ান্ত করবেন। তবে জাতীয় নিরাপত্তার সার্থে কানাডা, মেক্সিকোসহ কিছু দেশের জন্য ছাড় দেওয়া হতে পারে। মূলত দেশভিত্তিক বিভিন্ন হারে বসবে শুল্ক।
এর আগে এক টুইটে ট্রাম্প, বৈষম্যহীন বাণিজ্যের লক্ষ্যে নতুন করে উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি (নাফটা) স্বাক্ষরের পরামর্শ দেন। এতে কানাডা ও মেক্সিকোর ওপর ইস্পাত, অ্যালুমিনিয়ামে শুল্ক তোলার প্রশ্ন উঠবে বলে জানান তিনি।
শুল্ক আরোপের ঘোষণার পর গতকাল পদত্যাগের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন। গ্যারি কনের পদত্যাগের বিষয়ে ধারণা করা হয় যে মুক্ত বাণিজ্যের সমর্থক গ্যারি কন ট্রাম্পের রক্ষণশীল কার্যক্রমে ক্ষুব্ধ।