নর্থ ক্যারোলাইনা কেন এত গুরুত্বপূর্ণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় দুই প্রার্থীই দোদুল্যমান ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ছুটে বেড়াচ্ছেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ভোট বাড়াতে জোর চেষ্টা চালাচ্ছেন স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। যে অঙ্গরাজ্যগুলোর ওপর হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয় নির্ভর করছে, তার মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নর্থ ক্যারোলাইনা।
পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, কেন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা এ অঙ্গরাজ্যকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। নর্থ ক্যারোলাইনায় কয়েক সপ্তাহ ধরে বরাবরই ছোট ব্যবধানে হলেও ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন হিলারি। কুইনিপিয়াক ইউনিভার্সিটির চালানো সর্বশেষ জরিপে দেখা গেছে, অঙ্গরাজ্যটিতে হিলারি ও ট্রাম্পের প্রতি সমর্থন যথাক্রমে ৪৮ ও ৪৬ শতাংশ। আর এ অঙ্গরাজ্য হলো নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট জেতার সিঁড়ি।
২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি নর্থ ক্যারোলাইনায় জিতেছিলেন। এখানে বারাক ওবামাকে তিনি হারিয়েছিলেন মাত্র ২ শতাংশ ভোটের ব্যবধানে। অর্থাৎ এখানে তীব্র লড়াই হতে পারে। নর্থ ক্যারোলাইনার ১৫টি ইলেকটোরাল ভোট দুই প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে নর্থ ক্যারোলাইনাতে জিততেই হবে। এখানে জয় না পেলে হিলারির সঙ্গে তাঁর যে ব্যবধান আছে, তা ঘোচানো সম্ভব হবে না। কারণ, কলোরাডো, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভানিয়া ও উইনকনসিনে জয় পাওয়া অনেক ক্ষেত্রে নর্থ ক্যারোলাইনার চেয়েও কঠিন।
ট্রাম্পের ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার ডেভিড বসি এ সপ্তাহে বলেছেন, প্রেসিডেন্ট হতে হলে চারটি অঙ্গরাজ্যে জিততেই হবে ট্রাম্পকে। এগুলো হলো ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং আইওয়া। ডেভিড বলেন, ‘এই চার অঙ্গরাজ্যের ওপরই চূড়ান্ত জয় নির্ভর করছে। আমরা শতভাগ বিশ্বাস করি, চারটিতেই আমরা জয় পাব। আর যখন তা সম্ভব হবে, তখন অন্যান্য দোদুল্যমান অঙ্গরাজ্যেও জয়ের সুযোগ সৃষ্টি হবে।’
নর্থ ক্যারোলাইনাতে ২০১২ সালে রিপাবলিকান প্রার্থী জয়ী হলেও এবার জরিপের ফল হিলারির পক্ষে। ধরা যাক, হিলারি এ রাজ্যে জিতলেন। অন্যদিকে ২০১২ সালে রিপাবলিকানদের জেতা রাজ্যগুলোসহ ফ্লোরিডা, ওহাইও এবং আইওয়াতেও জয়ী হলেন ট্রাম্প। তবু তাঁর মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা হবে ২৪৪। সুতরাং নর্থ ক্যারোলাইনাতে জয় ছাড়া উপায় নেই ট্রাম্পের।
আফ্রিকান-আমেরিকান, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের ভোট ডেমোক্র্যাটদের বড় ভরসা। এ কারণে একটি জরিপের ফল ডেমোক্র্যাটদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। ২০১২-তে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মোট আগাম ভোটের ২৮ শতাংশ দিয়েছিলেন কৃষ্ণাঙ্গরা। কিন্তু সংবাদমাধ্যম সিএনএনের অংশীদার ক্যাটালিস্ট জানাচ্ছে, এবার পড়েছে মাত্র ২২ দশমিক ৭ শতাংশ। ২০১২ সালে নির্বাচনের দিনের আগেই নর্থ ক্যারোলাইনার ৬১ শতাংশ ভোটার আগাম ভোট দিয়েছিলেন। আশা করা হচ্ছে, এবার এর হার আরও বাড়বে। এখনো ডেমোক্র্যাটরা আগাম ভোটের হিসাবে ২ লাখ ৪৩ হাজার ভোটে এগিয়ে রয়েছে। তবে ২০১২ সালে এ সময় পর্যন্ত তারা এগিয়ে ছিল ৩ লাখ ৭ হাজার ভোটে। তারপরও কিন্তু ডেমোক্র্যাটদের হারাতে হয়েছিল রাজ্যটি।