নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি
পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর অব্যাহত বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জরুরি অবস্থা জারির পর শহরে ন্যাশনাল গার্ডের সদস্য ও স্টেট হাইওয়ে পেট্রল মোতায়েন করা হয়েছে।
পুলিশ বলেছে, গত মঙ্গলবার কিথ স্কট (৪৩) নামের ওই ব্যক্তি তাঁর হাতের আগ্নেয়াস্ত্র ফেলে দিতে রাজি না হওয়ায় তাঁকে গুলি করা হয়। তবে স্কটের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কটের হাতে বই ছিল, আগ্নেয়াস্ত্র নয়।
ওই ঘটনার পর থেকেই স্থানীয় মানুষ প্রতিবাদে সরব হয়। গত বুধবার একটি সমাবেশ থেকে বিক্ষোভকারীরা পাথর ও ইট ছুড়ে পুলিশের দিকে। মিছিলকারীরা কয়েকটি বিপণিবিতানের জানালা ভেঙে ফেললে লুটপাট শুরু হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও শব্দ গ্রেনেড ব্যবহার করে। এই সংঘর্ষে এক বিক্ষোভকারীসহ পাঁচ পুলিশ আহত হয়। পরিস্থিতি সামলাতে গভর্নর প্যাট ম্যাক্ররি জরুরি অবস্থা জারি করেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের নাগরিক এবং পুলিশের প্রতি কোনো ধরনের হিংসাত্মক আচরণ ও সম্পদের হানি সহ্য করা হবে না।’