নর্থ ক্যারোলাইনা শাখা বিএমএর নতুন কমিটি

নর্থ ক্যারোলাইনা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ১৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ এপ্রিল তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের ক্যারোলাইনা শাখার সভাপতি আবু শরিফুজ্জামান ও আহ্বায়ক মালেকা আহমেদ।
পরে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাচ, গান, যন্ত্রসংগীতে অংশ নেন সৃষ্টি ও স্রিধি পালিত, জিম করিম ও নন্দিতা রায় চৌধুরী। মুক্তিযুদ্ধের শহীদ লে. কর্নেল জাহাঙ্গীরের স্মরণে তাঁর জীবনালেখ্য তুলে ধরে তাঁর নাতনি তিশা জাহাঙ্গীর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আবু সালাহউদ্দিন, মাহফুজ হক, শ্যামল পালিত, দিলরুবা রোজি, জাহেদ করিম, কিশোর রায় চৌধুরী, নিতা রায় চৌধুরী ও জাফরুল ইসলাম। সাংকৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জাকিয়া করিম, সহযোগিতায় ছিলেন ফরিদা ইয়াসমীন।
মালেকা আহমেদের পরিচালনায় সুকুমার রায়ের রচিত অবাক জলপান কৌতুক নাটকে অংশ নেন মীর হাকিম, সাবিনা হান্নান, এম এ হান্নান, জিয়াউদ্দিন আহমেদ ও নির্দেশক নিজে।
পরদিন শনিবার সকালে শুরু হয় বৈজ্ঞানিক সেমিনার। পরিচালনা করেন মামুন শাহরিয়ার। চার ঘণ্টাস্থায়ী সেমিনারে বক্তৃতা করেন রাহুল কাকার (সিওপিডি আপডেট), শ্যামল পালিত (নেফ্রোলজি আপডেট), মালেকা আহমেদ (মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম রিভিউ), জিয়াউদ্দিন আহমেদ (হাইপারটেনশন আপডেট) ও নতুন প্রজন্মের হার্ভার্ড মেডিকেলের ছাত্র রিফাত রহমান (ইনফেকশনস ডিজিজ ইন মেকং ভ্যালি)।
দুপুরে ব্যবসা সেশনে সমিতির কার্যকলাপ, হিসাব-নিকাশ ও ভবিষ্যতের প্রকল্প নিয়ে আলোচনা হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি তাসলিম আহমেদকে সভাপতি ও হুমায়ুন কাদেরকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মালেকা আহমেদ, কোষাধ্যক্ষ আবু জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক কিশোর রায় চৌধুরী, শিক্ষা সম্পাদক সাশ্রয়ী এবং সদস্য ফরিদা ইয়াসমিন, শামুক আলো ও সালাম শায়িত। সন্ধ্যায় সমিতির বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে সুফিয়া সিদ্দিক সবাইকে স্বাগত জানান।
আহ্বায়ক মালেকা আহমেদ সম্মেলন আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান। তিনি সম্মেলনের বিভিন্ন কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মঞ্চে পরিচয় করিয়ে দেন। তাঁদের মধ্যে রয়েছেন কো-কনভেনর এম এ হান্নান, তহবিল সংগ্রহে আবু সালাহউদ্দিন, সুফিয়া সিদ্দিক, এম খসরু, তাহমিদা জাহাঙ্গীর, ভেন্যু মারুফ জাহাঙ্গীর, সাংস্কৃতিক অনুষ্ঠানে জাফরুল ইসলাম, শ্যামল পালিত, সাবিনা হান্নান, হুমায়ূন কাদের, দিলরুবা রোজী, ফরিদা ইয়াসমিন ও জাকিয়া করিম।
সভাপতি আবু শরিফুজ্জামান বলেন, নর্থ ক্যারোলাইনা চ্যাপটার বাংলাদেশে রোহিঙ্গা ও আমেরিকায় সাইক্লোন–দুর্গতদের জন্য ৬০ হাজার ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে। উত্তর আমেরিকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রিয়াজ চৌধুরী বলেন, ‘সবার প্রচেষ্টায় উত্তর আমেরিকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যসংখ্যা আজ তিন গুণ বেড়েছে। আমরা সংগঠনকে আরও সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু ইমাম, অ্যাওয়ার্ড কমিটির দবিরুদ্দিন হুমায়ূন ও সমিতির সভাপতি আবু শরিফুজ্জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উন্নয়নে আমেরিকায় ও বাংলাদেশে সামাজিক ও গঠনমূলক কাজে নেতৃত্ব ও অবদানের জন্য আমেরিকার বৃহৎ পুরস্কার ‘এলিস আইল্যান্ড মেডেল অব অনার’ পাওয়ায় বিশেষ অতিথি জিয়াউদ্দিন আহমেদের হাতে সম্মাননা পদক তুলে দেন। পরে বিগত কার্যকরী কমিটিকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়ায় স্বীকৃতি হিসেবে সভাপতি আবু শরিফুজ্জামানের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।