নর্থ ডেকোটা সিনেটরের ফেসবুক পোস্টের প্রতিবাদ ইলহান ওমরের

জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রশিক্ষণ শিবিরে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমর-এমন একটি ঘৃণা উদ্রেককারী ও উসকানিমূলক ছবি ফেসবুকে পোস্ট করেছেন নর্থ ডেকোটা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর ওলেই লারসেন। শুধু তাই নয়, ফটো পোস্টটির সঙ্গে ‘নির্বাচিত সন্ত্রাসী’ লিখে ক্যাপশনও দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের সব ফেসবুক অনুসারীকে এই পোস্ট সর্বোচ্চ শেয়ার দেওয়ার অনুরোধও করেন এ রিপাবলিকান সিনেটর।
সোমালিয়া বংশোদ্ভূত ইলহান ওমর আমেরিকার একজন নাগরিক। মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম নারীদের একজন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁকে নানাভাবে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে। সর্বশেষ নর্থ ডেকোটার রিপাবলিকান সিনেটর তাঁকে হেনস্তা করতে ফেসবুকে পোস্ট করলেন।
এ ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিনেসোটা থেকে নির্বাচিত নতুন প্রজন্মের জনপ্রিয় কংগ্রেসওম্যান ইলহান ওমর। ওলেই লারসেন নামের ওই স্টেট সিনেটরের এমন পোস্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইলহান ওমরের কাছে ক্ষমা চাইতে লারসেনকে অনুরোধ করেছেন তাঁরই দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও। একই সঙ্গে স্টেট সিনেটর পদ থেকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন অনেকে।
২১ অক্টোবর এ সম্পর্কিত এক টুইট বার্তায় ইলহান ওমর বলেন, ‘ঘৃণা ও হিংস্রতা ছড়াতে, একটি বিশুদ্ধ প্রপাগান্ডা এটি। ভুল তথ্য দিয়ে হিংসাত্মক বক্তব্য ছড়ানো বন্ধে ফেসবুকের অনিচ্ছা যে শুধুমাত্র আমার জীবনকেই হুমকিতে ফেলছে তা নয়; এটি খোদ গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ।’
শেষ পর্যন্ত অবশ্য প্রবল নিন্দা ও সমালোচনার মুখে ২১ অক্টোবর লারসেন ওই পোস্টটি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুছে দিতে বাধ্য হন। কিন্তু এটিও তাঁকে সমালোচনার হাত থেকে রক্ষা করতে পারেনি। অনেকেই তাঁকে ও তাঁর ওই পোস্টকে বর্ণবাদী, ধর্মান্ধ ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেন।