না থেকেও ছিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কে জেব বুশ ও টেড ক্রুজ
বিতর্কে জেব বুশ ও টেড ক্রুজ

‘আইওয়া ককাস’ আগামী ১ ফেব্রুয়ারি। ওই দিন এই অঙ্গরাজ্যের রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের সমর্থকেরা তাঁদের দলের হয়ে কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন, সে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ পাবেন। এটিই এ বছরের প্রথম প্রাক্-নির্বাচনী ভোট।
রিপাবলিকান সমর্থকদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়ার রাজধানী ডেময়েনে সপ্তমবারের মতো বিতর্কে মিলিত হলেন সাত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ফক্স নিউজ আয়োজিত এই বিতর্কে অনুপস্থিত ছিলেন রিপাবলিকান দলের সবচেয়ে আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে, এই অভিযোগে বিতর্ক বয়কট করেন ট্রাম্প। তীক্ষ্ণ প্রশ্নবাণে তাঁকে বিদ্ধ করার জন্য ট্রাম্প বিশেষত ক্ষিপ্ত ছিলেন বিতর্কের অন্যতম সঞ্চালক মেগান কেলির ওপর। শুধু বয়কটই নয়, ঠিক একই সময়, বিতর্ক কেন্দ্র থেকে মাত্র তিন মাইল দূরে এক পাল্টা সভা করেন ট্রাম্প।
কিন্তু বিতর্ক মঞ্চে না থাকলেও সাত প্রেসিডেন্ট প্রার্থীর প্রত্যেকের মুখে ছিল ট্রাম্পের নাম। বিতর্কের শুরুতেই ট্রাম্পকে ঠাট্টা করে সিনেটর টেড ক্রুজ বলেন, ‘আমি একজন উন্মাদ, বাকি যাঁরা এই মঞ্চে রয়েছেন, তাঁরা প্রত্যেকে মূর্খ, স্থূলকায় ও কদাকার।’ প্রবল হাস্য রোলের মধ্যে ক্রুজ মন্তব্য করেন, ‘আমাদের বিতর্কের “ডোনাল্ড ট্রাম্প” পর্বটি শেষ হলো।’
এবারের বিতর্ক বয়কট করায় অন্যপ্রার্থীদের ঠাট্টার পাত্র হন ট্রাম্প। একাধিক রিপাবলিকান প্রার্থী পরিহাস করে বলেছেন, ট্রাম্প যদি সাংবাদিক মেগান কেলির সঙ্গে বিতর্কে নামতে গররাজি হন, তাহলে তিনি রাশিয়ার পুতিন বা আইএসের সঙ্গে পাঞ্জা লড়বেন কীভাবে?
এর আগের প্রতিটি বিতর্কে কোনো অর্থপূর্ণ বক্তব্য না দিয়েও ট্রাম্প ছিলেন আলোচনার কেন্দ্রে। বৃহস্পতিবার তাঁর অনুপস্থিতির সুযোগে দলের অন্য প্রার্থীরা নিজেদের বক্তব্য প্রকাশের জন্য বেশি সময় পান। তবে বিতর্কে আগের জমজমাট ভাবটা ছিল না। পাঁচ মাস ধরে বিরতিহীন নির্বাচনী প্রচারণায় ও উপর্যুপরি বিতর্কে প্রার্থীরা অবশ্য ইতিমধ্যে যাঁর যাঁর অবস্থান পরিষ্কার করেছেন। অভিবাসন থেকে সন্ত্রাসের মোকাবিলা, ওবামার স্বাস্থ্যবিমা আইন বাতিল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে তাঁদের বিরোধিতা—সবই খোলামেলাভাবে আলোচিত হয়েছে। ফলে ইস্যু-ভিত্তিক বিতর্কে দর্শকদের আগ্রহ ছিল না। বরং প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কীভাবে ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হন সেটা দেখতেই উদ্গ্রীব ছিলেন তাঁরা। এই ব্যাপারে প্রতিবারই নেতৃত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অনুপস্থিতিতে সে ‘কাজের দায়িত্ব’ পড়ে সিনেটর মার্কো রুবিওর ওপর। অধিকাংশ জাতীয় জনমত গণনায় দ্বিতীয় স্থানে আছেন টেড ক্রুজ। তাঁকে হটিয়ে দ্বিতীয় স্থানে থাকার জন্য লড়ছেন রুবিও। অভিবাসন প্রশ্নে ক্রুজের ‘দ্বিচারিতার’ প্রসঙ্গ তুলে রুবিও তাঁকে সরাসরি ‘মিথ্যাবাদী’ বলে চিহ্নিত করেন।
প্রচারণায় পিছিয়ে থাকা ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ কয়েক সপ্তাহ ধরেই রুবিওর বিরুদ্ধে টিভি বিজ্ঞাপন প্রচার করে আসছেন। তাঁকে হটিয়ে অন্ততপক্ষে তৃতীয় স্থানে থাকার জন্য তাঁর এই রণকৌশল। এই বিতর্কেও তিনি সুযোগ পেয়ে ঠুকলেন রুবিওকে। তিনি মনে করিয়ে দিলেন, এখন অন্য কথা বললেও একসময় রুবিও অবৈধ অভিবাসীদের ঢালাও নাগরিকত্ব দেওয়ার পক্ষে ছিলেন।
সিনেটর ক্রুজ ও সিনেটর রুবিওর মধ্যে অভিবাসন ও অন্যান্য প্রশ্নে তুমুল বাগ্বিতণ্ডা ঠান্ডা মাথায় শোনার পর সে বিতর্কে নাক গলালেন নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। ‘এঁরা দুজন যেভাবে ওয়াশিংটনের রাজনীতিকদের ভাষায় কথা বলছেন, তা বোঝার জন্য এখন দরকার একটি বিশেষ অভিধান’—ফোড়ন কেটে বললেন তিনি।