নাইন-ইলেভেনের প্রভাবে রোগে ভুগছে হাজারো মানুষ
আগামী ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ২০ বছর পূর্তি। ‘নাইন-ইলেভেন’ নামে পরিচিত এ দুঃসহ দিনের স্মৃতিই শুধু নিউইয়র্কবাসীকে তাড়া করছে এমন নয়, এর জের ধরে কঠিন রোগে ভুগছে লোকজন।
নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, নাইন-ইলেভেনের ঘটনার জের ধরে এখন পর্যন্ত ২৩ হাজার ৭১০ জনের ক্যানসার শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক হাজার ৫১০ জন। বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সরাসরি হামলায় নিহতদের এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। এসব উদ্ধারকারী এবং বিশ্ব বাণিজ্য কেন্দ্রের আশপাশে কর্মরত লোকজন, এমনকি পার্শ্ববর্তী স্কুলে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক সব শারীরিক জটিলতা দেখা দেয়। এসব লোকজনের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে শুরু করে। অনেকের মধ্যেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানসার শনাক্ত হয়েছে।
স্বাস্থ্যসেবীরা বলছেন, নাইন-ইলেভেনের ঘটনায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র এলাকাটি দূষিত হয়ে উঠেছিল। গবেষণায় প্রমাণিত হয়েছে, এসব লোকজনের ক্যানসার হওয়ার পেছনে এলাকাটিতে তখনকার সময়ে বিরাজমান স্বাস্থ্য পরিস্থিতি দায়ী।
গত ২০ বছর থেকে এ নিয়ে চলমান গবেষণায় দেখা গেছে, যারা পুড়ে যাওয়া এলাকার দূষিত পরিবেশে উদ্ধার কাজে জড়িত ছিলেন তাঁদের ক্যানসার বেশি হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে থাইরয়েড, প্রোস্টেট, ব্লাড ক্যানসার এবং লিউকোমিয়ার মতো দুরারোগ্য রোগ ধরা পড়ছে।
নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্লিনিকের পরিচালক মাইকেল ক্রেইন বলেছেন, এমন দুরারোগ্য অসুখে পড়া লোকজনকে ভবিষ্যতে আরও বেশি দেখা যাবে। যারা অল্প বয়সে দূষণের শিকার হয়েছেন নাইন-ইলেভেনের কারণে, তাঁদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুখ সহজেই কাবু করবে বলে তিনি আশঙ্কার কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, নাইন-ইলেভেন ঘটনার পর প্রায় চার হাজার মানুষকে দূষিত পরিবেশে কাজ করতে হয়েছে। ফেডারেল সরকারের অর্থ সহযোগিতায় পরিচালিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামে এক লাখ ১২ হাজার ৪২ জনকে প্রথম তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ৬৫ হাজার ৩৭ জনকে নাইন-ইলেভেনের ঘটনায় সরাসরি উপস্থিত থাকার কারণেই অসুখে পড়ার জন্য সার্টিফায়েড করা হয়েছিল।
ক্যানসার ছাড়াও অন্যান্য অসুখে পড়তে হয়েছে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধ্বংসযজ্ঞে কাজ করা লোকজনকে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার পরদিন থেকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন বাংলাদেশি জরুরি বিভাগের কর্মী মুতাসিম বিল্লা। তিনিই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্ধার কাজে একমাত্র বাংলাদেশি ছিলেন বলে জানালেন।
কয়েক বছর আগে ওপেন হার্ট সার্জারি করা মুতাসিম বিল্লা প্রথম আলো উত্তর আমেরিকাকে জানান, মানবিক উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়াকে তখন নিজের দায়িত্ব মনে করেছেন। উদ্ধার কাজের সময়টিতে বিশ্ব বাণিজ্য কেন্দ্রর এলাকা খুবই দূষিত ছিল। তাঁর নিজের শারীরিক নানা সমস্যা ধীরে ধীরে শুরু হলে বুঝতে পারেন, নাইন-ইলেভেন ২০০১ সালেই শেষ হয়ে যায়নি। এর ছাপ রেখে গেছে সর্বত্র। অসংখ্য উদ্ধারকারীর শারীরিক সমস্যার মধ্য দিয়ে দিন যাচ্ছে, অনেকেই এর মধ্যে মারা গেছেন, অনেকেই ক্যানসারে ভুগছেন।
নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ জন ওয়ালকন কয়েক মাস কাজ করেছেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধ্বংসযজ্ঞ এলাকায়। ধসে পড়া ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করেছেন। ২০০৩ সালেই তাঁর শরীরে লিউকোমিয়া শনাক্ত হয়। জন ওয়ালকনের অসুস্থতার মধ্য দিয়েই শুরু হয় নাইন-ইলেভেনের আরেকটি দীর্ঘস্থায়ী খতিয়ান। বোন ম্যারো প্রতিস্থাপন করে ডিটেকটিভ জন ওয়ালকন এখনো বেঁচে আছেন। অনেকেরই এ সৌভাগ্য হয়নি বলে নাইন-ইলেভেন পরবর্তী শারীরিক সমস্যায় পড়া লোকজনকে স্মরণ করেন তিনি।
নর্থ ওয়েল হেলথের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্বাস্থ্য কর্মসূচির পরিচালক জ্যাকলিন মোলাইন বলেছেন, নাইন-ইলেভেন সংক্রান্ত শারীরিক সমস্যা সামনের দিনগুলোতে আরও বেশি দেখা যাবে। এসবেস্টার নামের এক ধরনের বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গিয়েছিল ধ্বংসযজ্ঞের এলাকায়। এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসা লোকজনের শারীরিক সমস্যা দেখা দিতে ২০ বছর পর্যন্ত সময় লাগে। এসবেস্টরের সংস্পর্শে আসা লোকজনের মধ্যে নানা ধরনের ক্যানসার হওয়ার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত বলে জ্যাকলিন নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন।