নাগরিক অধিকার জাদুঘরে ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসিসিপির নাগরিক অধিকার জাদুঘর পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিতর্কিত বক্তব্য দেননি।  তবুও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি
মিসিসিপির নাগরিক অধিকার জাদুঘর পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিতর্কিত বক্তব্য দেননি। তবুও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি

মিসিসিপির নাগরিক অধিকার জাদুঘর পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিতর্কিত বক্তব্য দেননি। ৯ ডিসেম্বর ওই জাদুঘরে বক্তব্য দেওয়ার সময় তিনি বিখ্যাত নাগরিক অধিকার আন্দোলনকারী ও জাদুঘরটির কর্মকর্তাদের প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি।
এত দিন তিনি নিজেই যে ভাবমূর্তি গড়ে তুলেছেন, তার কারণেই নাগরিক অধিকার আন্দোলনকারীরা ট্রাম্পের এই পরিদর্শনের অধিকার নিয়েই প্রশ্ন তুলেছেন।
মিসিসিপি সিভিল রাইটস মিউজিয়ামের উদ্বোধনের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে সমাজের যেকোনো স্তর থেকে উঠে আসা শিশুরা নিঃশঙ্কভাবে, ঘৃণামুক্ত পরিবেশে, ভালোবাসা, সুযোগ ও আশা নিয়ে বেড়ে উঠতে পারে। আজ আমরা আমাদের অতীত নায়কদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, একটি স্বাধীন, সাম্য, শান্তি ও একটি ন্যায়ানুগ ভবিষ্যৎ গড়ে তুলতে নিজেদের উৎসর্গ করছি।’
কিন্তু ট্রাম্পের এমন বক্তব্যের পরও নাগরিক অধিকারকর্মীরা তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, হোয়াইট হাউসে বসে ট্রাম্প যা করছেন, তার ওপর দাঁড়িয়ে তিনি এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন না।
একই দিনে এক সংবাদ সম্মেলনে এনএএসিপির পরিচালনা পর্ষদের সদস্য ও নাগরিক অধিকারকর্মী আমোস ব্রাউন বলেন, ‘নাগরিক অধিকার জাদুঘর উদ্বোধনের অনুষ্ঠানে তাঁর থাকা উচিত নয়। প্রেসিডেন্ট হওয়ার আগে এবং পরে তিনি নাগরিক অধিকারের প্রতি বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা প্রদর্শন করেননি। আমরা আপনার পদকে সম্মান করি। কিন্তু আমরা আপনার আচরণকে এবং জাতিকে বিভাজিত করায় আপনার বিভিন্ন কার্যক্রমকে সম্মান করতে পারি না।’
অনুষ্ঠানে ট্রাম্প প্রায় ১০ মিনিট বক্তব্য রাখেন। এ সময় তাঁর প্রশাসনের প্রতি সংশ্লিষ্টদের সহযোগিতামূলক আচরণের জন্য ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রয়াত নেতা মেডগার এভার্সসহ নাগরিক অধিকার নিয়ে যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমেরিকার নায়ক হিসেবে তাঁদের স্মৃতি খোদাই করা আছে। মেডগার এভার্স ছিলেন একজন মহান নেতা। এই জাদুঘরে এমন শ্রদ্ধাভাজন নায়কেরাই স্থান পেয়েছেন।’
সংবাদ সম্মেলন তাঁর এই পরিদর্শনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ভিড় করেছিল। তাদের বক্তব্য, যিনি ওবামাকেয়ার বাতিল করেন, ড্রিমারদের তাড়িয়ে দেওয়ার পদক্ষেপ নেন, তিনি নাগরিক অধিকার নিয়ে কথা বলতে পারেন না। তাঁর এই অবস্থান পরস্পরবিরোধী।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেডগার এভার্সের স্ত্রী মার্লি এভার্সও। তিনি বলেন, ‘আমার সামনে সেই দিনগুলো, সেই বুলেট ও কান্না যেন জড়ো হয়ে এসেছে। আমি সেই কান্না অনুভব করার পাশাপাশি আশাও দেখতে পাচ্ছি। সেই আশা রয়েছে মানুষের মধ্যে, শিশুদের মধ্যে, যারা শুধু আমাদেরই নয়, পুরো আমেরিকাকেই পথ দেখাবে। কারণ আজকেই আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক যেমনটা ছিল মেডগারের জীবদ্দশায়।’