নাগরিক হয়েও রক্ষা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের মধ্যে যারা আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন তাঁদেরও এখন যাচাই করে দেখা হবে। অ্যাসাইলাম আবেদনের জন্য পারিবারিক সহিংসতা বা গ্যাং ভায়োলেন্সকে এখন আর বিবেচনায় আনা হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকায় ইমিগ্রেশন নিয়ন্ত্রণের জন্য যা করা দরকার, সবই এখন করছে। যদিও মার্কিন কংগ্রেস এখন পর্যন্ত সমন্বিত কোনো ইমিগ্রেশন সংস্কার আইন প্রণয়ন করতে পারেনি। সেজন্য বসে নেই প্রশাসন। নানা উপায়ে অভিবাসীদের চেপে ধরার আয়োজন অব্যাহত রয়েছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক ফ্রান্সিস কিসনা ১১ জুন বলেছেন, তার বিভাগের পক্ষ থেকে বেশ কিছু নতুন অভিবাসন কর্মকর্তা ও আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। যারা এরই মধ্যে নাগরিকত্ব পেয়েছে ইমিগ্রেশন বিভাগ থেকে তাদেরও নথিপত্র তল্লাশি করা হবে। কোনো মিথ্যা তথ্য দিয়ে বা নাম বদল করে নাগরিকত্ব গ্রহণ করেছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা তথ্য দিয়ে বা কোনো তথ্য গোপন

করে নাগরিকত্ব গ্রহণকারীর নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হবে। ডিন্যাচারালাইজেশন নামের এ ব্যবস্থায় নাগরিকত্ব প্রাপ্ত কারও আবেদন প্রক্রিয়ায় ফাঁক ফোকর পাওয়া গেলে তাদের আদালতে পাঠান হবে। লস অ্যাঞ্জেলেসে স্থাপিত এ সম্পর্কিত আলাদা অভিবাসন কেন্দ্র থেকে বিষয়টি পরিচালনা করা হবে। পরিচালক ফ্রান্সিস কিসনা বলেছেন, বহু লোক নাগরিকত্ব পাওয়ার উপযুক্ত নয়, তবুও নাগরিক হয়ে গেছে। আবার অনেক অভিবাসীর একাধিক নাম আছে। অনেকেই তাদের জীবন বৃত্তান্তে তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য প্রদান করে নাগরিকত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এসবের গভীরে যেতে চাই। অনেক অভিবাসী তাদের বহিষ্কারের তথ্য গোপন করেছে বলে প্রমাণ রয়েছে অভিবাসন বিভাগের হাতে।’
নাম পরিবর্তন করে নাগরিকত্ব গ্রহণ করার কারণে এরই মধ্যে নিউজার্সির একজন ভারতীয় অভিবাসীর নাগরিকত্ব কেড়ে নিয়ে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে। নাগরিকত্ব পাওয়ার পর তা কেড়ে নেওয়া অনেকটাই নজিরবিহীন। আগের কোনো প্রশাসন এমন উদ্যোগ না নিলেও ট্রাম্প প্রশাসন আগাম ঘোষণা দিয়ে এ কাজে নামছে বলে অভিবাসীদের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাথিউ হোপক নামের একজন অভিবাসন আইনজীবী বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব গ্রহণকারী আইনের আওতায় আসতেই পারে। তবে তিনি মনে করে অনেকে আবেদনে অনিচ্ছাকৃত ভুল করেছে। নাগরিকত্বের আবেদন পুনঃতল্লাশির নামে এমন অনেক অনিচ্ছাকৃত ভুলের জন্য আবেদনকারীরা হয়রানির শিকার হতে পারে। এই আইনজীবী মনে করেন, একবার কোনো অভিবাসন মামলায় পড়ে গেলে এসব মামলা মোকাবিলা করার অর্থ ও সময় অনেক অভিবাসীর হাতে নেই।
এদিকে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস সোমবার বলেছেন, এখন থেকে আমেরিকায় আশ্রয় আবেদনের জন্য পারিবারিক সহিংসতা বা কোনো সহিংসতার শিকারকে কারণ হিসেবে বিবেচনা করা হবে না। অ্যাটর্নি জেনারেলের এ উদ্যোগ দৃশ্যত আমেরিকায় রাজনৈতিক আশ্রয় বা অন্যান্য আশ্রয় আবেদন জটিল করার ইঙ্গিত বহন করে বলে অভিবাসী গ্রুপগুলো মনে করে। আমেরিকায় আশ্রয়ের জন্য নিজ দেশে সহিংসতা, যৌন নির্যাতন—এসব ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করে গ্রিনকার্ড পাওয়া বা কাজের অনুমতি পাওয়ার সুযোগ ছিল।
ইমিগ্রেশন জজরা সরাসরি অ্যাটর্নি জেনারেলের নিয়ন্ত্রণে কাজ করেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী হিসেবে পরিচিত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের নতুন নির্দেশনায় অনেকে বিপাকে পড়বে। নিজ দেশে জীবনহানির আশঙ্কা বা নিরাপত্তাহীনতার আশঙ্কাকে তুলে ধরে অ্যাসাইলাম আবেদন করলে, তা বাতিল করার জন্য এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এমনকি নারীদের বেলায় সহিংসতা শিকার হলে এখন আর আমেরিকায় আশ্রয় মিলবে না, এমন সিদ্ধান্ত মানতে কষ্ট হচ্ছে মানবাধিকার গ্রুপগুলোর।
ডেমোক্র্যাট দলের সাবেক স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন, ট্রাম্প প্রশাসনের নিষ্ঠুরতা সব সীমা অতিক্রম করেছে। তিনি রিপাবলিকান দলকেও অভিবাসীদের নিয়ে রাজনীতি করার জন্য দায়ী করেন।