নিউইয়র্ক স্টেটব্যাপী বাড়ির মালিকেরা অভিবাসী ভাড়াটেদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করছে কিনা তা খতিয়ে দেখতে নিউইয়র্ক স্টেট গভর্নর কমো তিনটি সংস্থাকে তদন্তের আদেশ দিয়েছেন। বাড়ির মালিকেরা অভিবাসী ভাড়াটের নাগরিকত্ব প্রমাণ দেখাতে অথবা বাড়ি খালি করতে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়ার পর রাজ্য গভর্নর এ আদেশ জারি করেছেন।
গত ১১ জুন কুইন্সের জংশন বুলেভার্ডের কাছে করোনার ৪২ অ্যাভিনিউর ২৩টি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কাছে পাঠান একটি নোটিশের পরিপ্রেক্ষিতে কমো এ সিদ্ধান্ত নিয়েছেন। কুইন্সের স্টেট সিনেটর জোসে প্যারেল্টা এ চিঠির অস্তিত্ব প্রকাশ করেন।
ওই নোটিশে ভাড়াটে বাসিন্দাদের বলা হয়েছে, আপনাদের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে। তা দেখাতে ব্যর্থ হলে আমাদের ভাড়া দেওয়ার চুক্তি বাতিল করতে হবে এবং আপনাদেরকে অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদ করা হবে। এ বিষয়টি খতিয়ে দেখতে কমো স্টেট হিউম্যান রাইটস ডিভিশন, ডিপার্টমেন্টস অব স্টেট অ্যান্ড হোমস এবং কমিউনিটি রিনিউয়াল—এ তিনটি সংস্থাকে এ সব বাসভবনে তদন্ত চালানোর নির্দেশ দেন। এ ভবনের মালিক লং আইল্যান্ডের বাসিন্দা জনৈক জয়দীপ রেড্ডি।
নির্দেশে কমো বলেন, তদন্তকারীদের খতিয়ে দেখতে হবে এ সমস্যা স্টেটব্যাপী বিদ্যমান কিনা। স্টেট বাড়ির মালিক ও ভাড়াটেদের প্রশিক্ষণ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হবে বলে গভর্নর জানিয়েছেন। তিনি বলেন, এসব অভিযোগ ভীতিজনক এবং অগ্রহণযোগ্য, বেআইনি এবং নিউইয়র্ক স্টেটকে প্রতিনিধিত্ব করে এমন সবকিছুর পরিপন্থী।
ক্ষুব্ধ প্যারেল্টা গত ১২ জুন স্টেট অ্যাটর্নি জেনারেল এরিক হেইডারম্যানের কাছে এ ব্যাপারে অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, এটা অবাস্তব ও দুঃখজনক। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন থেকে অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের উন্মুক্ত আচরণ চলছে। এ চিঠি নিউইয়র্ক স্টেট ও সিটির আইনকে বিভিন্নভাবে লঙ্ঘন করেছে।
স্পেশাল কাউন্সিল জেসিকা অ্যাটাই বলেন, অ্যাটর্নি জেনারেলের দপ্তর উচ্ছেদকরণের ভীতি এবং অভিবাসনের অবস্থান নিয়ে ভাড়াটেদের অন্য কোনোভাবেই বিব্রত করাকে সহ্য করবে না।
একই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ১৯ জুন রাতে সিটি মেয়র ডি ব্লাজিও আইনের ধারার প্রতি ইঙ্গিত করে বলেন, এ ধরনের নোটিশ প্রদানের জন্য রেড্ডির আড়াই লাখ ডলারের মতো জরিমানা হতে পারে। তিনি বলেন, ‘এটা খুবই ভয়ানক বিষয়। .... বিষয়টিকে সঠিক জায়গায় আনার জন্য আমরা বাড়ির মালিককে একবার সুযোগ দিতে চাই’।
সিটি কাউন্সিল স্পিকার ম্যালিসা মার্ক এ চিঠিকে “জঘন্য ও ঘৃণ্য” হিসেবে বর্ণনা করেন। সিটির হিউম্যান রাইটস কমিশন কর্মকর্তারা বলেন, বৈষম্যমূলক ও অন্যায় আচরণের অভিযোগ ২০১৬ সন থেকে ২০১৭ সনে লাফিয়ে ৬০% বেড়েছে।
এ চিঠির ব্যাপারে ভবনের মালিক রেড্ডি হতভম্ব হয়ে যান। তিনি এ জন্য ভবনের ইলেকট্রিশিয়ান ইডিই প্যারেলটাকে দায়ী করলে, ইলেকট্রিশিয়ান তাঁর সেক্রেটারিকে দায়ী করেন। সেক্রেটারি ট্রাম্পের কথারই পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সঠিক কাজ করছেন। আমরা এ সব অবৈধ বিদেশিদের জন্য কত কিছু করছি। আর তারা হত্যা আর ধর্ষণের মতো অপরাধ করছে।’