নাগরিকদের হাতে অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। আন্তর্জাতিক বিচার সালিস করে বেড়াচ্ছে সে। কোথায় কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য কী উদ্যোগ নিতে হবে সব তার নখদর্পণে। উত্তর কোরিয়া কিংবা ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সে জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ কী ভয়াবহ মারণাস্ত্রের ওপর সে দাঁড়িয়ে আছে সে বিষয়টি উপলব্ধি করতে সে স্পষ্টতই ব্যর্থ হয়েছে। তার জনগণের প্রায় সবার হাতে বন্দুক, পিস্তল, রাইফেলের মতো জীবনঘাতী স্মল আর্মস। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদন বলছে, সারা দুনিয়ায় ৬৫ কোটি লোকের হাতে আগ্নেয়াস্ত্র বা স্মল আর্মস আছে। এই ৬৫ কোটির অর্ধেক লোকই (৪৮ শতাংশ) হলো আমেরিকান। সাড়ে ৩২ কোটি আমেরিকানের ৮৯ শতাংশের হাতে আছে আগ্নেয়াস্ত্র। একাই ৮ থেকে ১৪০টি অস্ত্রের মালিক—এমন আমেরিকানের সংখ্যা ৭৭ লাখ। মানে কোটি কোটি আগ্নেয়াস্ত্রের মহাগুদাম নিয়ে আমেরিকানরা দিন কাটাচ্ছে। তাদের অস্ত্রের পরিসংখ্যান দেখলে যে কারুরই মনে হতে পারে, এত দিনেও এই দেশে মানুষ টিকে আছে—এটা রীতিমতো এক বিস্ময়। লাস ভেগাসে সম্প্রতি স্টিফেন প্যাডক নামের যে ব্যক্তি গুলি করে ৫৮ জন মানুষকে মেরে ফেলেছে এবং পাঁচ শতাধিক লোককে আহত করেছে তার মালিকানায় ছিল শতাধিক বৈধ অস্ত্র। লাস ভেগাসের ঘটনায় একসঙ্গে অনেক মানুষ হতাহত হয়েছে বলে বিষয়টি সবার নজরে পড়েছে। কিন্তু একজনের গুলিতে আরেকজন মারা যাচ্ছে—আমেরিকায় এমন ঘটনা প্রতিদিন যেভাবে ঘটছে তা হতবাক করে দেওয়ার মতো। নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যার ঘটনাও জলভাত হয়ে গেছে। হাতে হাতে অস্ত্র থাকার এমন আত্মঘাতী নীতি থেকে বের হতে পারছে না আমেরিকা। এখন বিভিন্ন মহল থেকে জোরে শোরে অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার দাবি উঠেছে। তবু সরকার সেই দাবি মেনে নিতে পারছে না। পারছে না নানা কারণে। সংবিধানে সাধারণ নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রাখা হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের শক্তিশালী লবিং রয়েছে। ব্যক্তি পর্যায়ের অস্ত্র রাখার দীর্ঘদিনের রেওয়াজ থেকে বের হয়ে আসাটা সাধারণ মানুষের জন্য কঠিন। তবু এই অবস্থা থেকে আমেরিকাকে যে বের হয়ে আসতেই হবে সে বিষয়টি অনেকেই বুঝতে পারছে। গণগুলি বর্ষণের একটি ঘটনার পর অস্ট্রেলিয়া সাধারণ মানুষের হাতে প্রাণঘাতী অস্ত্র যাওয়া ঠেকাতে বিশেষ আইন করেছিল। সেই আইনের পর আর কোনো গণগুলি বর্ষণের ঘটনা সেখানে ঘটেনি। সেই একই মডেল আমেরিকারও অনুসরণ করা উচিত।
সাংবিধানিক ও আইনি বাধা সরিয়ে দ্রুত যদি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা না যায় আমেরিকাকে ভয়ানক পরিণতি বরণ করতে হবে। কিছুতেই সেই পরিণতি এড়ানো যাবে না।