নাগালে পেয়েও ওসামাকে হত্যা করেননি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা আগে একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছিলেন, ওসামা বিন লাদেনকে হাতের কাছে পেয়েও হত্যা করেননি।চলতি সপ্তাহে প্রকাশিত তাঁর একটি অডিওবার্তায় এই তথ্য জানা গেছে।
২০০১ সালে মেলবোর্নে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন বিল ক্লিনটন।এ সময় সন্ত্রাসবাদ নিয়ে কথা উঠলে তিনি বিন লাদেনের প্রসঙ্গ টানেন।খবর এবিসি নিউজের।
সন্ত্রাসী হামলার মাত্র এক দিন আগে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে ক্লিনটনের দেওয়া এই বক্তব্যের একটি অডিওবার্তা প্রচার নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার স্কাই নিউজ চলতি সপ্তাহে ওই অডিওবার্তা প্রচার করেছে।
ক্লিনটন বলেন, ‘ওসামা খুব চতুর লোক ছিলেন।তাঁকে নিয়ে চিন্তা করে আমি অনেক সময় নষ্ট করেছি।একবার তো তাঁকে হাতের নাগালে পেয়েছিলাম।’
অস্ট্রেলিয়ার লেবার পার্টির তৎকালীন প্রধান মাইকেল ক্রোগার সাবেক মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য রেকর্ড করেন। তিনি বলেন, ক্লিনটনের জ্ঞাতসারেই ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছিল।
ক্লিনটনের বক্তব্য অনুযায়ী, ১৯৯৮ সালে আফগানিস্তানের কান্দাহারে বিন লাদেনকে হত্যা করা যেত, তবে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে তিনি তখন অভিযানে সায় দেননি।
যুক্তরাষ্ট্রের নাইন-ইলেভেন কমিশনের এক প্রতিবেদনেও ক্লিনটনের এই বক্তব্যের সমর্থন পাওয়া যায়।তাতে বলা হয়, ১৯৯৮ সালে ডিসেম্বরে বিন লাদেনকে হত্যার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার একটি পরিকল্পনা নেওয়া হলেও বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে তা বাদ দেওয়া হয়।ওই অভিযান চালালে বেসামরিক প্রায় ৩০০ নারী-পুরুষ মারা যেত।
২০০১ সালে মেলবোর্নের ওই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এই বক্তব্য উড়িয়ে দিয়ে তাঁকে ‘মিথ্যুক’ আখ্যায়িত করেছেন সিআইএর ওসামা বিন লাদেন ইউনিটের সাবেক প্রধান মাইকেল শুয়ের।