নাজমুন্নাহার পিয়ারির সঙ্গে কিছুক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুন্নাহার পিয়ারি
নাজমুন্নাহার পিয়ারি

নাজমুন্নাহার পিয়ারি জার্মানিতে বাস করছেন ১৯৭৬ সাল থেকে। জার্মানি থেকেই লেখালেখি চালিয়ে যাচ্ছেন। নোবেল বিজয়ী এলফ্রিড ইয়েলিনেকের পিয়ানো টিচার বই অনুবাদ করে বাংলাভাষীদের কাছে পেয়েছেন জনপ্রিয়তা।
তাঁর আরও পরিচয় থাকলেও নিজেকে সাহিত্যের মানুষ পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন নাজমুন্নাহার পিয়ারি। কখনো স্বামী বা বাবার নামে পরিচিত হতে চাননি। নিউইয়র্কের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। প্রায় প্রতিবছরই বইমেলায় আসেন। তাঁকে নিয়ে আড্ডায়, গল্পে মেতে ওঠেন নিউইয়র্কে বসবাসরত কবি-সাহিত্যিকেরা। এবারের বইমেলায়ও এসেছেন নাজমুন্নাহার পিয়ারি। এক ফাঁকে আসেন প্রথম আলোর উত্তর আমেরিকা অফিসে।
কবে প্রথম কবিতা লিখলেন, এমন প্রশ্নের উত্তরে বললেন, অগোছালো স্মৃতিচারণায় যতটুকু বুঝি, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি কবিতার প্রেমে পড়েন। দৈনিক বাংলায় তাঁর লেখা প্রথম প্রকাশিত হয়। পরে কবিতার একটা বইও লিখেছেন প্রেম-অপ্রেমের কবিতা নামে। সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর সরব পদচারণ। বিশ্ববিদ্যালয়ে তাঁর ব্যাচে তিনি ছিলেন সুদর্শনা আর বহু গুণে গুণান্বিতা।
তবে কবিতা নয়, নাজমুন্নাহার পিয়ারি অনুবাদ সাহিত্য দিয়েই পাঠকের দরজায় করাঘাত করেছিলেন। বিংশ শতাব্দীর শুরুর দশকে জার্মান সাহিত্যিক এলফ্রিড ইয়েলিনেকের নোবেল বিজয়ী উপন্যাস পিয়ানো টিচার অনুবাদ করে সাড়া ফেলে দেন তিনি। বইটি বাংলাদেশি পাঠকদের কাছে বেশ সমাদৃত হয় তখন। জার্মান লেখিকার লেখা বইটি অস্ট্রিয়ার ভিয়েনা শহরকে কেন্দ্র করে। কাহিনিও অন্য ধাঁচের। মা ও মেয়ের সম্পর্কের জটিল এক রূপ নিয়ে লেখিকা এলফ্রিড ইয়েলিনেক হাজির হন পাঠকের সামনে। কাহিনির ভেতর অবাধ যৌনতাও ছিল। কিন্তু লেখকের কাজই হলো অসুন্দরের মাঝেই সুন্দরের অন্বেষণ, যা দিয়ে হৃদয় স্পর্শ করে নেয় বইটি, যা দিয়ে লেখক ইয়েলিনেক নোবেল পুরস্কারের মঞ্চে গেছেন।
তবে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই বইটি পাঠকের জন্য তৈরি করা সহজ ছিল না। সেই কাজটি সহজে করতে পেরেছেন বলেই হয়তো সাহিত্যিক পরিচয় গর্ব ভরে দেন নাজমুন্নাহার পিয়ারি।
২০০৫ সালের কথা। তখন বইটার পাণ্ডুলিপি তৈরি হয়েছে সবেমাত্র, সে সময়ই আমেরিকায় বিশ্বসাহিত্য কেন্দ্র তাঁকে নিয়ে বসে। এই বইটি পাঠকপ্রিয়তা পাবে এটা বুঝতে ভুল করেনি আমেরিকায় বিশ্বসাহিত্য কেন্দ্র। আমেরিকার বাংলাদেশি বিশিষ্ট লেখকেরা সেদিন তাঁকে নিয়ে বসেছিলেন, সেই নামগুলোর মধ্যে ছিলেন আমেরিকায় বাংলাদেশি পত্রিকার পথপ্রদর্শক সাইদুর রব, আবেদিন কাদের, শামস আল মুমিন, ফকির ইলিয়াস, মুজিব বিন হক।
সাহিত্যিক পরিচয়ের আড়ালে জার্মানিতে প্রথম বাংলাদেশি নাজমুন্নাহার পিয়ারি, যিনি জার্মান রেডিওতে জনপ্রিয় অনুষ্ঠান নগর পরিক্রমায় বাংলা ভাষায় জার্মানির পথ ধরে বাংলাদেশিদের হাঁটা শেখাতেন। তাঁর হাত ধরেই নগর পরিক্রমায় প্রথম বাংলা ভাষা যোগ হয়।
২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট বাংলাদেশে এলে তাঁর সফরসঙ্গী ছিলেন নাজমুন্নাহার পিয়ারি। জার্মানিতে শুরুতে রসায়নের অধ্যাপক, তারপর এক যুগ ডয়েচে ভেলে গণসংযোগ ও রিলেশন বিভাগেও কাজ করেন। আর সবখানেই বাংলাদেশকে উপস্থাপন করে গেছেন।
তাই তো সব পরিচয়ের ওপরে উঠে তাঁর মূল পরিচয় জার্মানিতে বাংলাদেশের পতাকাবাহী নারী হিসেবে।