নাজিম-নজরুল প্যানেল জয়ী হলে মসজিদের ভবিষ্যৎ বিপন্ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের আসন্ন নির্বাচনে মোস্তাক–খলিল (এ গ্রুপ) ও নাজিম–নজরুল (বি গ্রুপ) প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২ নভেম্বর এই নির্বাচন হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দুটি প্যানেলের পক্ষে সংবাদ সম্মেলন করে একে অন্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনেছে। দুই পক্ষই নিজেদের মসজিদের সত্যিকারের সেবক বলে দাবি করে।
মোস্তাক-খলিল প্যানেলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন
মোস্তাক-খলিল প্যানেলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন

মোস্তাক-খলিল প্যানেল অভিযোগ করেছে, নাজিম–নজরুল প্যানেল মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনে জয়ী হলে মসজিদের ভবিষ্যৎ বিপন্ন হবে। তাঁরা আবার আগের মতো আর্থিক অনিয়ম শুরু করবে।

মোস্তাক-খলিল প্যানেলের পক্ষ থেকে ৭ নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এই পক্ষ ‘ধর্মপ্রাণ ও সচেতন মুসল্লি সমর্থিত’ ব্যানারে পার্কচেস্টারের বাংলা গার্ডেনে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আর্থিক অনিয়মের অভিযোগে কমিটি থেকে বহিষ্কৃত ব্যক্তিরা আবার নেতৃত্বে আসলে মসজিদের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন ২০১৮-২০১৯-এর মোস্তাক-খলিল প্যানেলের আহ্বায়ক আবদুল হাসিম হাসনু। কমিটির যুগ্ম আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সফিক উদ্দিন, সভাপতি প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, সহসভাপতি প্রার্থী আ. শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক প্রার্থী আম্বিয়া মিয়া, রক্ষাণাবেক্ষণ বিষয়ক সম্পাদক প্রার্থী মো. ফটিক মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১২ নভেম্বর অনুষ্ঠেয় পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি মোস্তাক-খলিল নেতৃত্বাধীন প্যানেল যা গ্রুপ ‘এ’, অন্যটি নাজিম-নজরুল নেতৃত্বাধীন প্যানেল যা গ্রুপ ‘বি’।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘পার্কচেষ্টার জামে মসজিদের মুসল্লিদের বৃহত্তর স্বার্থে আমরা সৎ যোগ্য ও পরিশ্রমী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মোস্তাক-খলিল নেতৃত্বাধীন প্যানেলকে সমর্থন দিয়েছি। এই প্যানেলকে জয়ী করে মসজিদ ও মুসল্লিদের বৃহত্তর স্বার্থ রক্ষা করুন।’
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নজরুল হক পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সৈয়দ আল ওয়াহিদ নাজিম কোষাধ্যক্ষ ছিলেন। সে সময় মসজিদের হিসাব-নিকাশ নিয়ে প্রচুর অনিয়ম ধরা পড়লে ২০১০ সালে মসজিদের তৎকালীন নির্বাচিত কমিটি নজরুল ও নাজিমকে চার বছরের জন্য বহিষ্কার করা হয়। সেই নাজিমই ছয় বছর পর অর্থাৎ ২০১৫ সালে মসজিদের সভাপতি হয়ে আবার আর্থিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড শুরু করলে মসজিদের বর্তমান কমিটি ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ নিরাপদে রাখতে কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক হিসাব পরিচালনা থেকে তাঁর নাম বাদ দিতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বহিষ্কৃত কোষাধ্যক্ষ নাজিম এবারের নির্বাচনে বিতর্কিত নজরুল হকের সঙ্গে নাজিম-নজরুল প্যানেল করায় সাধারণ মুসল্লিরা মসজিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। যে ব্যক্তিদের আর্থিক অসততার অভিযোগে মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছিল তারা আবার কেন, কাদের স্বার্থে এক জোট হয়ে মসজিদের নেতৃত্বে আসতে প্রতিদ্বন্দ্বিতা করছে? তাদের কি এমন স্বার্থ? কার্যকরী পরিষদে তাঁরা আবারও নির্বাচিত হলে এই মসজিদের ভবিষ্যৎ মারাত্মকভাবে বিপন্ন হতে পারে।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, সভাপতি প্রার্থী মোস্তাক চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান দুজনই উচ্চশিক্ষিত ও পরিশ্রমী। তাঁরা দুজনই দীর্ঘদিন যাবৎ মসজিদের দায়িত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে অনৈতিক অসততার কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ উত্থাপন করতে পারেননি। তা ছাড়া সহসভাপতি প্রার্থী আবদুস শহিদ ও জয়নাল চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী আম্বিয়া মিয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মাজলুল আহমদ কামরানসহ সবাই সৎ ও যোগ্য প্রার্থী।
লিখিত বক্তব্যে মসজিদের স্বার্থে সব ভোটারকে মোস্তাক-খলিল প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।