নাটক দেখতে গিয়ে দুয়োধ্বনি শুনলেন মাইক পেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন; কোথাও গেলে সংবর্ধনা দেওয়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটি থিয়েটারে গিয়ে উল্টো অভিজ্ঞতা হলো নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। দুয়োধ্বনি শুনতে হলো তাঁকে। পরে মঞ্চ থেকে এক কৃষ্ণাঙ্গ অভিনেতা পেন্সকে বলেন, তাঁদের আশঙ্কা নতুন প্রশাসন তাঁদের রক্ষা করবে না।

শুক্রবার রাতে নিউইয়র্কে হ্যামিল্টন মিউজিক্যাল গ্রুপের মঞ্চনাটক দেখতে গিয়েছিলেন মাইক পেন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, পেন্স মিলনায়তনে প্রবেশের পর কিছু দর্শক তাঁকে স্বাগত জানান। তবে অধিকাংশ দর্শকই অপমানজনক শব্দ (দুয়োধ্বনি) করেন। এর মাধ্যমে ট্রাম্পের ও ভবিষ্যৎ প্রশাসনের প্রতি নিজেদের অনাস্থা জানালেন তাঁরা।

পেন্স হেঁটে গিয়ে নিজ আসনে বসার আগে উপস্থিত দর্শকদের প্রতি হাত নেড়ে সম্ভাষণ জানানোর চেষ্টা করেন। তখন দর্শকেরা দুয়ো ধ্বনি আরও বাড়িয়ে দেন।

একপর্যায়ে মনে হচ্ছিল পেন্স বুঝি মিলনায়তন ছেড়ে চলে যাবেন। পরে অবশ্য আলো নিভে যাওয়ায় তিনি তাঁর আসনে ফিরে আসেন। পুরো অনুষ্ঠানের মাঝেমধ্যেই পেন্সের প্রতি অবজ্ঞাসূচক শব্দ করতে থাকেন দর্শকেরা। এ সময় মঞ্চে থাকা এক অভিনেতা অবশ্য দর্শকদের থামানোর চেষ্টা করেন। তিনি বলেন, দুয়োধ্বনি করার কোনো প্রয়োজন নেই।

তবে ইন্ডিয়ানা রাজ্যের গভর্নর পেন্সের অনুষ্ঠানের শেষ দিকে যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ান, তখন তাঁর প্রতি ওই অভিনেতা যে বার্তা পড়েন তা আরও দৃঢ় ও স্পষ্ট। অভিনেতা ব্রান্ডন ডিক্সন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আপনি চলে যাবেন না। আমি আশা করব আপনি কিছু সময় অপেক্ষা করে আমাদের কথা শুনবেন। আমরা আপনাকে এখানে স্বাগত জানাই। আমরা মার্কিন নাগরিকেরা বৈচিত্র্যময়। আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন এই ভেবে যে আপনাদের নতুন সরকার আমাদের, আমাদের সন্তানদের, অভিভাবকদের এবং আমাদের বিশ্বকে রক্ষা করবেন না।’ তিনি বলেন, ‘আমরা আশা করব, আমাদের মার্কিন মূল্যবোধ রক্ষায় আজকের নাটক আপনাকে অনুপ্রাণিত করবে।’

পেন্স পুরো বক্তব্য শুনেছেন কি না অথবা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কি না, তা বোঝা যায়নি। পরে তিনি নিরাপত্তাকর্মী পরিবেষ্টিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।