নানা সুবিধায় সজ্জিত হচ্ছে ব্রঙ্কস পয়েন্ট

নিউইয়র্কের হারলেম নদীর তীরবর্তী ব্রঙ্কস পয়েন্ট এলাকার বাসিন্দাদের জন্য নানাবিধ সুবিধায় নতুনভাবে সজ্জিত হচ্ছে। এর ফলে এলাকাটি নিউইয়র্ক নগরের বাসিন্দাদের জন্য মিশ্র সুযোগ-সুবিধার গন্তব্যে পরিণত হবে।
নিউইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশন গত ২২ সেপ্টেম্বর এক ঘোষণায় জানিয়েছে, সাধারণত ব্রঙ্কস পয়েন্ট নামে পরিচিত হারলেম নদীর তীরবর্তী দক্ষিণ ব্রঙ্কস এলাকায় নানা সুবিধার সমন্বয় ঘটিয়ে এলাকাটিকে নগরীর বাসিন্দাদের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে।
ঘোষণায় বলা হয়, এখানে হিপ-হপ জাদুঘর, জনসাধারণের জন্য সবুজ উন্মুক্ত চত্বর, বহুমাত্রার থিয়েটার কমপ্লেক্স, রেস্টুরেন্ট প্রভৃতি সুবিধা গড়ে তোলা হবে। যেখানে ব্রঙ্কস-কেন্দ্রিক ছোট খাবারের দোকান, লেখাপড়ার জায়গা, পাঠাগার, সামর্থ্যের মধ্যে থাকবে এমন ৬০০ আবাসনসহ আরও অন্যান্য সুবিধা থাকবে।
লয়ার কনকোর্স এলাকায় নিকটবর্তী ব্রঙ্কস পয়েন্ট মিল পন্ড পার্ক, ১৪৫ স্ট্রিট ব্রিজ থেকে হারলেম, ব্রঙ্কস টার্মিনাল মার্কেট এবং ইয়ানকি স্টেডিয়ামের কাছে অবস্থিত। দুই বছর ধরে এনওয়াইসিইডিসি ব্রঙ্কস অঞ্চলের জনগণের সর্বাধিক গুরুত্বপূর্ণ অসুবিধা দূর করার জন্য কাজ করছে। এগুলো হলো সামর্থ্যযোগ্য আবাসন এবং ওয়াটারফ্রন্টে যাতায়াতের সুবিধা।
এনওয়াইসিইডিসি প্রেসিডেন্ট ও সিইও প্যাটচেট বলেন, বহুদিন ধরে খালি পড়ে থাকা ওয়াটারফ্রন্ট আজ উঁচুমানের উন্মুক্ত ময়দানে পরিণত হলো, যেখানে ৬০০ স্থায়ী আবাসন ব্যবস্থাসহ নানাবিধ সাংস্কৃতিক সুযোগ থাকবে।
জনসাধারণের জন্য উন্মুক্ত হলে এখানে প্রায় ১০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে প্রাথমিক পর্যায়ে এখানে ৯০০ নির্মাণকর্মীর কাজের সুযোগ হবে।