নাফটা সংশোধনে মেক্সিকোর সঙ্গে চুক্তি, কানাডাকে ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে উত্তর আমেরিকার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তির (নাফটা) গুরুত্বপূর্ণ অংশগুলো সংস্কারে ঐকমত্য হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এ কথা জানিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, কানাডা দ্রুতই এ ব্যাপারে সায় না দিলে দেশটিকে ত্রিদেশীয় বাণিজ্য চুক্তি থেকে বাদ দেওয়ার জন্য তিনি তৈরি।
দ্য নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, ওভাল অফিস থেকে ট্রাম্প মেক্সিকোর সঙ্গে প্রাথমিক চুক্তির ঘোষণা দিয়ে বলেন, এটি নাফটার স্থলাভিষিক্ত হতে পারে এবং কানাডা ‘ন্যায্য সমঝোতা’ না করলে তিনি দেশটির প্রস্তুতকৃত গাড়ির ওপর শুল্ক বসাবেন।
ট্রাম্প বলেন, ‘তারা এটিকে নাফটা নামে ডাকত। আমরা একে যুক্তরাষ্ট্র-মেক্সিকো বাণিজ্য চুক্তি নামে ডাকব।’
তবে প্রেসিডেন্ট ট্রাম্প নাম পরিবর্তনের ব্যাপারে যে কথাই ভাবুন না কেন, বাস্তবে মেক্সিকোর সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি আসলে একটি সংশোধিত নাফটা। মূলত চুক্তির ডিজিটাল অর্থনীতি, গাড়ি, কৃষি ও শ্রমিক ইউনিয়নসংক্রান্ত ধারাগুলো হালনাগাদ করা হয়েছে। বাণিজ্য চুক্তি মূল অংশ—যা আমেরিকান কোম্পানিগুলোকে বিনা শুল্কে মেক্সিকো ও কানাডায় ব্যবসা করার অনুমতি দেয়—অপরিবর্তিত রয়েছে।
এ মুহূর্তের প্রশ্ন হলো, ত্রিপক্ষীয় চুক্তি দ্বিপক্ষীয় চুক্তিতে পরিণত হচ্ছে, নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে কানাডা সমঝোতার টেবিলে ফিরে এসে যুক্তরাষ্ট্রের অনেক দাবি মেনে নিচ্ছে।
মেক্সিকোর কর্মকর্তারা গতকাল সোমবার বলেন, তাঁরা প্রক্রিয়াটিতে কানাডার প্রত্যাবর্তন চাইছেন এবং সপ্তাহ শেষের মধ্যেই একটি ত্রিপক্ষীয় চুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো ঘোষণাটির সময় ফোনে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়ে বলেন, তাঁদের ইচ্ছা কানাডাও এই প্রক্রিয়ায় শরিক হতে পারবে। কিন্তু পরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় কাসো ইঙ্গিত দেন, কানাডাকে ছাড়াই মেক্সিকো সামনে এগোতে তৈরি আছে।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই আগস্টের মধ্যে একটি সংশোধিত চুক্তিতে পৌঁছতে চাইছে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারের মধ্যে একটি নয়া চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করতে পারেন। কোনো বাণিজ্য চুক্তি বিষয়ে কংগ্রেসে ভোট হওয়ার আগে এই পদক্ষেপ আবশ্যক হয়।
কানাডা সংশোধিত চুক্তিটিতে স্বাক্ষর করতে কতটা আগ্রহী হবে, তা স্পষ্ট নয়। বেশ কয়েক মাস যাবৎ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প গত জুনে বিশ্ব নেতৃবৃন্দের একটি উত্তেজনাপূর্ণ বৈঠকের পর ব্যক্তিগতভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘অত্যন্ত অসৎ ও দুর্বল’ বলে আক্রমণ করেন এবং তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা বক্তব্য’ দেওয়ার অভিযোগ আনেন।
কানাডাকে বাইরে রেখে কোনো চুক্তি করা হলে তা সম্ভবত আইনি চ্যালেঞ্জ এবং কংগ্রেসের তীব্র বাধার মুখে পড়বে। কংগ্রেস ট্রাম্প প্রশাসনকে ত্রিপক্ষীয় চুক্তি হিসেবে নাফটা নিয়ে আবার দর-কষাকষিতে ক্ষমতা দিয়েছে।
পেনসিলভানিয়ার রিপাবলিকান সিনেটর প্যাট্রিক জে টুমি বলেন, ‘নাফটা হচ্ছে একটি ত্রিপক্ষীয় চুক্তি। এর জন্য আইন প্রয়োজন হয় এবং নাফটা সংশোধন করতেও আইন প্রয়োজন হয়। আমি তাদের বলেছি, যেকোনো পরিবর্ত অবশ্যই কংগ্রেস হয়ে যেতে হবে। এ ব্যাপারে পূর্ণ চুক্তি হয়েছে—এ কথা বলা যাবে না।’
টেনেসির রিপাবলিকান সিনেটর ল্যামার আলেকজান্ডার বলেন, কেউই কানাডাকে অন্তর্ভুক্ত করে না—এমন একটি সংশোধিত নাফটা ‘কল্পনা’ করছে না।
শিল্প মহলও চূড়ান্ত চুক্তিতে কানাডার অন্তর্ভুক্তি চাইছে।