নাবিকের ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অর্ধযুগের নিউইয়র্কপ্রবাসী তামজীদ খান সংক্ষেপে টি জে খান। সত্তর ছুঁই ছুঁই খান সাহেবের জীবনের একটি সময় কেটেছে এক বন্দর থেকে আরেক বন্দরে। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন সত্তর দশকের শেষ দিকে।
আশির দশকের মাঝামাঝি শিপিং করপোরেশনে যোগ দিয়ে শুরু করলেন পুরোদস্তুর বাণিজ্যিক জাহাজের চ্যালেঞ্জিং নাবিক (ক্যাপ্টেন) জীবন। লাল সবুজ পতাকাবাহী জাহাজ নিয়ে চীনের সাংহাই হতে ব্রাজিলের সন্তোস বন্দরে। কখনো আবার জাহাজের দিক পরিবর্তন করে হংকং থেকে জার্মানির হামবুর্গ।
সাগর মহাসাগর পাড়ি দিতে গিয়ে অসংখ্যবার ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করেছেন। সব মনে না পড়লেও বারবার মনে পড়ে, শান্তিতে–বিপত্তিতে অথবা সুখে–দুঃখে প্রিয় সানু মানে সানোয়ারা খানকে ভোলেননি। তিনি হলেন প্রিয়তমা স্ত্রী, আচমকা সবাইকে অবাক করে অকালে চলে গেলেন না ফেরার দেশে।
মেয়েকে প্রবাসের এক ব্যাংকারের সঙ্গে বিয়ে দিয়ে দুবছরের মাথায় হলেন গর্বিত নানা। নিজের ছেলে ব্যবসা নিয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হলো শিপিং ব্যবসায়। বাবার আনাগোনা ছিল সাগরের নোনা জলে, পুত্র হাল ধরল সাগরের বুকে বিশাল তরী ভাসানোর কর্মযজ্ঞে।
স্ত্রীকে হারিয়ে হয়ে গেলেন একা। ব্যবসার কারণে ছেলে থিতু হলো চট্টগ্রামে। একমাত্র নাতি মা ও বাবার সঙ্গে চলে গেল চট্টগ্রাম। অনেক কষ্টে তিন বছর ছেলেমেয়ে সবার অনুরোধ উপেক্ষা করে একাই ঢাকার উত্তরার বাড়িতে রইলেন। শেষমেশ বুঝতে পারলেন, নাহ, কোনভাবে একা থাকা সম্ভব না। মেয়ে বারবার তাগিদ দেয় নিউইয়র্ক চলে আস, আমাদের সঙ্গে থাকবে। তোমারও ভালো লাগবে, আমাদেরও। তা ছাড়া চিকিৎসা ভালোভাবে চলবে। যেতে মন চায়, পরক্ষণে মনে হয় ছেলে যদি রাগ করে। স্বজনরাই কি বলবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ করে সিদ্ধান্ত নেন, আর নয়, যথেষ্ট হয়েছে। একরকম জোর করেই সিদ্ধান্ত নিলেন, আমেরিকাতে মেয়ের কাছেই থাকবেন। ছেলেকে জিজ্ঞেস করলে সংক্ষিপ্ত উত্তর, বাবা তোমার খুশি। যেখানেই থাক, তুমি ভালো থাক আমরা তাই চাই। ছেলেমেয়ে দুজনকে জিজ্ঞেস করে আমেরিকা আসার আগে উত্তরার বাড়িও বিক্রি করে দিলেন। ভাবলেন, ছেলে যখন ঢাকায় আসবে না, তা এগুলো কে দেখাশোনা করবে? ওর জন্য বাড়তি ঝামেলা রাখতে চাইলেন না। বাড়ি বিক্রির দিন বারবার মনে হলো প্রিয়তমা স্ত্রীর কথা। বাড়ির জায়গা কেনা হতে শুরু করে চার তলা বাড়ি নির্মাণ পর্যন্ত কতই না কষ্ট করেছেন মিসেস খান। দেখাশোনা, ঠিকাদারদের সঙ্গে দেন–দরবার, এখানে–সেখানে দৌড়াদৌড়ি—সব একাই সামাল দিলেন। আর আজ একা শুয়ে আছেন বনানী গোরস্থানের উত্তর পাশে।
নিউইয়র্কের রুটিন বাঁধা জীবনের মধ্যে পুরোনো কিছু বন্ধু জুটিয়ে বেশ আমোদ–ফুর্তির মাঝে নিজেকে ব্যস্ত রাখলেন খান সাহেব। এ ছাড়া নাতি ও নাতিন—দুজনই নানুকে ভালো সময় দেয়। দিনকাল ভালোই কাটছিল ভালো–মন্দের মিশেলে। হঠাৎ ঢাকা থেকে পুরোনো এক বন্ধুর ফোন। অবসর নেওয়ার আগে তিন বন্ধু মিলে ছোট খাট ব্যবসা শুরু করে এক বন্ধুকে বললেন তুমি চালাও। লাভ হলে খরচাপাতি বাদ দিয়ে যদি বাঁচে আমাদের দিয়ো। সেই মৌখিক কথায় আজ প্রায় ৩৫ বছর চলছে সেই ব্যবসা। সেই বন্ধু ফোন করে বলল, তোমরা এসে যার যার হিসাব বুঝে নিয়ে আমাকে মুক্ত কর। আমি আল্লাহর ঘরের দাওয়াত পেয়েছি। আমি চাই আল্লাহ যেন আমায় জন্য মক্কা বা মদিনার মাটি নসিব করেন।
মেয়েকে সব বলার পর চটজলদি ঢাকার যাওয়ার ব্যবস্থা করে সুটকেস গুছিয়ে দিল। এয়ারপোর্টে যাওয়ার আগের দিন মেয়ে জিজ্ঞেস করল, বাবা, ঢাকায় তুমি উঠবে কোথায় আর থাকবেই কার কাছে? তাই তো, সেটা তো আমি ভাবিনি। সত্যি, আমি কোথায় উঠব? ছেলে থাকে চট্টগ্রাম। তাহলে উপায়! মেয়েই দিয়ে দিল এর সমাধান। বাবা তুমি শারমিন আপার বাসায় গিয়ে উঠবে। আমি আপার সঙ্গে কথা বলেছি, আপা খুশিতে কেঁদে ফেলার অবস্থা। প্রয়াত স্ত্রীর একমাত্র ভাইয়ের বড় মেয়ে। নিজে বেসরকারি কলেজের শিক্ষিকা আর স্বামী সরকারি চাকুরে। একমাত্র কলেজপড়ুয়া মেয়ে নিয়ে শান্তির সংসার। ভোরবেলায় ঢাকায় পৌঁছে এয়ারপোর্টেই দেখা শারমিন ও তার মেয়ে শ্রাবন্তির সঙ্গে।
বললাম, এত সকালে কী দরকার ছিল কষ্ট করে তোমাদের আসার। নাতনি নিশ্চয় আমাকে গাল দিচ্ছে। লক্ষ্মী মেয়ে শারমিনের উত্তর, না ফুপা, আপনি আসবেন বলে আমার মেয়ে দারুণ উত্তেজিত। ওই তো আমাকে টেনে এয়ারপোর্ট নিয়ে এল। উত্তরে বললাম, তাই নাকি তাহলে তো ভালোই হলো। আমি একজন সঙ্গী পেয়ে গেলাম। তাও আবার সুন্দরী অষ্টাদশী। নাশতার টেবিলে সবার সঙ্গে শারমিনের স্বামী এল। সালাম–আদাব সেরে বসল নাশতার টেবিলে। ঘুমহীন চোখে শ্রাবন্তিও আছে। তখন শ্রাবন্তিকে দেখলাম। কোন এক সিরিয়াল নাটকে অভিনেতা মোশারফ করিমের অভিনীত নাটকের সংলাপে শরবতের জন্য লেবুর বর্ণনা ছিল, ওই লেবু দিয়ে শরবত বানাবি, যে লেবু বড় হতে হতে থেমে গেছে। আমার মনে হলো, শ্রাবন্তির অপরূপ সৌন্দর্য প্রকাশ হতে গিয়ে কোথায়ও থেমে আছে। একহারা গড়ন হলেও ব্যক্তিত্বে আধুনিকতার ছোঁয়া। গায়ের রং উজ্জ্বল শ্যামলার দিকে। সব মিলিয়ে বেশ সুন্দরী বলা যায়।
হঠাৎ মনে হলো অষ্টাদশী শ্রাবন্তীর পাশে মনের উজ্জ্বলতায় পাশাপাশি পোশাকের ঢের উজ্জ্বলতা আবশ্যক। নাশতা সেরে সবার সঙ্গে বসে গল্পের লোভ থাকলেও বুড়ো শরীরে সায় দিল না। আধো আধো ঘুমে দিনটি কাটিয়ে বিকেলে উঠে হাত–মুখ ধুয়ে চায়ের টেবিলে বসলাম। হেসে হেসে আসর মাতিয়ে ভীষণ আড্ডার মেজাজে নানা গল্পে আমাকে পুরোপুরি হেলিয়ে দিল। কাজের কথা উঠতেই ঠিক হলো ঢাকার ট্রাফিক হতে বাঁচা ও যথাসময়ে কাজ সারবার একমাত্র উপায় ভোরে জায়গায় পৌঁছে যাওয়া। ভোরের আলো ফোটার আগেই রওনা দিতে হবে বলে প্ল্যান মাফিক গাড়ি বারান্দায় এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর শ্রাবন্তি এসে আমার পাশে দাঁড়াল। শীতের সকালে শিশির ধোঁয়া নীলাভ অর্কিডের চকচকে রঙে ও মেজাজে শ্রাবন্তি আমার পাশে। দেখলাম ঠোঁটের কোণে আধো হাসির ছোঁয়া নিয়ে অজানা চাহনি আমার দিকে। শুরু হলো ঢাকার ফাঁকা রাস্তায় দামি গাড়ির দ্রুত পথ চলা। ডানে তাকিয়ে আলতো হাসির জবাবে ঝনঝন আওয়াজে শ্রাবন্তির আলাপচারিতার প্রথম পাঠ। হাসির রেশে কথা ফুরাতেই দুর্বোধ্য ভাষায় তিন চারটি শব্দে একটি বাক্য এল শ্রাবন্তির মুখে। বাক্যটি পুরা না শুনলেও স্বগতোক্তি ভিন ভাষায় তা এবার স্পষ্ট ধরা পড়ল।
সারা দিনের এদিক–সেদিক ছোটাছুটি করে আইনি কাজকর্মের সুরাহা হয়ে যাওয়ায় সবার মাঝে স্বস্তি এল, তেমনি বন্ধুরা হলাম ভারমুক্ত। অশ্রু সজল নয়নে বেঁচে থাকলে আবার দেখা হওয়ার আশ্বাসে একে অন্যের কাছ থেকে বিদায় নিলাম। ফেরার পথে শ্রাবন্তি জানতে চাইল, এরপর আমার কী প্রোগ্রাম। উত্তরে বললাম, চিটাগাং যাব। আমার দাদু ভাইদের দেখে ফের ঢাকায় ফেরত আসব।
বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হতে না হতেই শ্রাবন্তি জোর করে বাড়ির ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে আমি একেবারে হতবাক। তার মা–বাবা দুজনে অনেক পরিশ্রম করে এই ছাদ বাগান তৈরি করেছে। কি নাই সেখানে? হরেক রকমের ফলের গাছ, নানা জাতের ফুল, দামি অর্কিডের বিশাল সংগ্রহ। এক কোণে দেশি বাঁশ বেতের বসার আয়োজন মাথার ওপর ছনের ছোট একটি ছাউনি। পরিবেশবান্ধব বিনোদনের উপযুক্ত স্থান। বসার কিছুক্ষণ পর চায়ের সরঞ্জাম নিয়ে এল শ্রাবন্তির মা। ওর বাবা এসে গল্পে যোগ দিল কিছুক্ষণ পর।
নিউইয়র্কের মেয়ে ও নাতনির গল্প শুরু হলেও কখন যে সাগরে জাহাজ নিয়ে বন্দরে বন্দরে বেড়ানোর গল্পে চলে এল, তা বোঝাই গেল না। ভালো করে খেয়াল করে দেখলাম, শ্রাবন্তি বাড়তি মনোযোগে বন্দরের সব গল্প শুনছে। ক্ষণে ক্ষণে চেহারায় আসছে অচেনা অভিব্যক্তি। একপর্যায়ে ছাদের মনোরম পরিবেশে চায়ের টেবিলে আমি আর শ্রাবন্তি। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, তুমি কি সাগর ভালোবাস শ্রাবন্তি? সরাসরি আমার চোখে চোখ রেখে অদ্ভুত চাহনির সঙ্গে অপলক দৃষ্টির শেষ ধাপে এল এক আওয়াজ, ‘দাদু আমি মহাবলীপুরুমের সমুদ্রতটের জেলেপল্লিতে জন্ম নেওয়া সাগর কন্যা। তুমি কি কখনো ভারতের চেন্নাই বন্দরে তোমার জাহাজ ভিড়িয়েছ? দাদু তুমি নিশ্চয় ১২৫ বছর পুরোনো বিখ্যাত পাথরনির্মিত বাতিঘরের আলোর পথ ধরে জাহাজের নিশানা ঠিক করেই জাহাজের হাল ধরেছিল, তাই না?’
হতচকিত হয়ে ভাবছি, আমি কি সজাগ, নাকি ঘুমে? শ্রাবন্তি এ কি বলছে? কোথায় বিশাল ভারতের তামিলনাডুর সমুদ্র পারের ছোট শহর মহাবলীপুরাম। আর কোথায় রাজধানী ঢাকার অভিজাতপাড়া গুলশান। বাতি ঘর, জেলেপল্লি না আমার মাথায় কিছুই আসছে না। সাহস করে আড় চোখে তাকিয়ে দেখি, শ্রাবন্তি নিঃশব্দে দূরের দিগন্ত পানে পলকহীন চোখে তাকিয়ে আছে। ঢাকার অভিজাতপাড়ায় বেড়ে ওঠা, শিক্ষিত পারিবারিক বলয়ে জন্ম নেওয়া সুন্দরী অষ্টাদশী শিক্ষিত তরুণী শ্রাবন্তি। আমি উঠে গিয়ে ছোট করে ডাক দিলাম, শ্রাবন্তি চল নিচে যাই।
অচেনা অভিব্যক্তির সীমানা পেরোনো নতুন বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি আমি। খপ করে আমার ডান হাত চেপে শ্রাবন্তি সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, দাদু, মহাবলীপুরামের পাথর বাতি ঘরের বাতি তোমায় পথ দেখিয়ে পোতাস্রয়ে নিলেও আমার প্রেমিকের মাছ ধরার নৌকাটিকে সঠিক পথ দেখাতে ব্যর্থ হলে কেন? কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি কে? ক্রূর হাসিতে রক্ত চক্ষুর চাহনিতে শ্রাবন্তি চেপে চেপে উত্তর দিল, আমি সেই বাতি ঘরের পাশের জেলেপল্লির কন্যা আনুসা, যে তার প্রেমিক পুরুষকে হারিয়েছে ভারত মহাসাগরে। সেই ভয়ংকর ঝড়ের রাতের পরের পূর্ণিমাতে প্রেমিক পুরুষকে খুঁজতে গিয়ে নিজেও হারিয়ে গেলাম চিরকালের জন্য।
ঢাকার অভিজাত এলাকায় মনোরম ছাদের পাথুরে অনুভবে আমার অতীত সামনে দাঁড়িয়ে। এদিকে এক টুকরো কষ্টের আদলে ডান হাত চেপে ধরা রহস্যময়ী অষ্টাদশী শ্রাবন্তি। আমি কোনটি নিয়ে ঘরে ফিরে যাব।