নারী, দি (দ্য) বস...
ঠিক বুঝলাম না, নারী দিবস বিষয়টা আসলে কী?
শুধু মার্চের ৮ তারিখই কেবল কেন? গত ২৪ ঘণ্টা এ নিয়ে এক পাশ ফিরে শুয়ে-ভেবে বোঝার চেষ্টা করলাম। গভীর চিন্তায় নিমগ্ন হওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, এ বিষয়ে পরে একটা গভীর ধীসম্পন্ন স্পর্শকাতর অভিসন্দর্ভ লিখব। বাড়ির পুরুষ কর্তা বলে কথা। সবাই আমার অপার নীরবতা এবং একাকিত্ব নিশ্চিত করার জন্য উঠেপড়ে লাগল। ঘর ফাঁকা করে দেওয়া হলো। টেবিল পরিষ্কার করা হলো। টেবিল ল্যাম্পের বাতিও বদলে গেল।
আভা আভা আলোয় চারপাশে একটা মনস্তাত্ত্বিক আবহাওয়া তৈরি হলো। যেন বসলেই গড়গড় করে লেখা বেরিয়ে আসবে। কিন্তু আমি সেদিকেই গেলাম না। একপাশে কাত হয়ে আমি সময়ে-অসময়ে গুগল ঘাঁটি। জানলাম, ১৯০৯ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখ প্রথম এ বিষয়ে নিউইয়র্কে কিছুটা নাড়াচাড়া হয়। ১৯০৮ সালে গার্মেন্টস নারী শ্রমিকদের হরতালকে স্মরণ করেই এই আন্দোলন। এরপরের কয়েক বছরই দুনিয়ার অন্যান্য দেশে বিক্ষিপ্তভাবে দিনটিকে স্মরণ করে পালিত হয়ে আসছে। ডেনমার্ক, জার্মানি, সুইজারল্যান্ড ঘুরে ১৯১৭ সালের ৮ মার্চ রাশিয়ার পেত্রোগ্রাদে এসে তা আসল চেহারা পায়। তার মানে আজ থেকে ঠিক ১০০ বছর আগে।
বলাই বাহুল্য, সব ভাবনার মতোই এবারও আমি ব্যর্থ। কাজের মধ্যে কাজ হয়েছে একটা।
একপাশ ফিরে বেকায়দায় শুয়ে থেকে থেকে ঘাড়ের মধ্যে ব্যথার ব্যারাম দেখা দিয়েছে। বিছানা থেকে আর তো নড়ি না। পড়ে থেকে কুঁইকুঁই করতে থাকি...মনে হতে থাকে আমার বুঝি কেউ নেই, আমি বড় একা...
প্রতি সপ্তাহে এই সময়ে আব্বার সঙ্গে আমার কথা হয়। স্কাইপের দুই পাশে বসে সমাজ-রাজনীতি, জীবন-মনস্তত্ত্ব, পারিবারিক পদস্খলন, মূল্যবোধ-বধির বৈষম্য ইত্যাদি ভারী ভারী বিষয় নিয়ে উচ্চমার্গীয় আলোচনা চলে আমাদের। আম্মার সঙ্গে তেমন কথা হয় না। তাঁর সঙ্গে কথা বললেই শুনি, বাজারে আগুন লেগেছে, বিদ্যুতের দাম বেড়েছে, দুপুরের দিকে রান্নার সময় বাসায় গ্যাস চলে যায়, কাজের মানুষ সবকিছু নিয়ে চম্পট...ইত্যাদি ইত্যাদি।
আমার নাকের পাতলা চামড়া সূক্ষ্মভাবে কুঁচকে যায়। বলি, আম্মা, তোমার সঙ্গে এসব নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। এখন আব্বার সঙ্গে একটা জটিল ব্যাপার নিয়ে কথা বলছি।
চোখের দৃষ্টি কমে আসার জন্য আম্মা আমার সূক্ষ্ম চাতুর্যময় বিরক্তি লক্ষ করেন না। এতে ইন্টারনেটের দুর্বল সিগন্যালও দারুণ সাহায্য করে। মনিটর ঘোলাটে দেখায়। আমি দেখি আম্মা দূরে সরে আমাদের আলাপচারিতা দেখেন। তাঁকে ঘোলাটে দেখায়।
এ সপ্তাহে কারও সঙ্গে কথা বলতে পারলাম না। জানিয়ে দেওয়া হলো, আমার স্কন্ধ-প্রদাহ। বিছানায় শুয়ে শুয়ে কুঁইকুঁই করি আর ভাবি, নারী দিবসের মাহাত্ম্য কী?
আমার জননী তাঁর ঝাপসা চোখের দাপট দেখালেন। টিপে টিপে স্কাইপে আমার বিবিকে নিয়ে পড়লেন। আমি দেখি, বাইরের রোদে বালিশ গরম করে আমার সিথানে দেওয়া হয়েছে। কার্পেটের ওপর বিছানো হলো শক্ত শয্যা। বরফের কুচি কাপড়ে জড়িয়ে মেয়েরা আমার ঘাড় এবং কাঁধে ঘষে দিচ্ছে!
জানতে চাই, এসবের মানে কী?
উত্তরে আমার বড় কন্যার কাছ থেকে যা শুনি, তা স্বল্প, চুপচাপ শুয়ে থাকো বাবা। ওপরের নির্দেশ।
এখানেই শেষ নয়! দেশ থেকে ফোন আসতে থাকে। আমার বন্ধুরা কথা বলে। স্পিকারে দিয়ে আমি নির্মিলিত চোখে ওদের সঙ্গে কথা বলি। এদের মাঝে সবাই একেকজন নারী। মিনেসোটা থেকে পাই বোনের উৎকণ্ঠা জড়িত গলা, ভাইয়া, তোমার নাকি ঘাড়ে ব্যথা?
-হুম্, তোকে কে জানাল?
-আম্মা ফোন করেছিলেন। বললেন, আমরা নাকি তোমার খোঁজখবর ঠিকমতো নিই না। একা একা বউ-বাচ্চা নিয়ে কোথায় পড়ে আছ! এক দেশে থেকেও এই দূরে থাকার মানে কী? কাছাকাছি থাকলে তো কিছু একটা করতে পারতাম। আমি কি চলে আসব, ভাইয়া?
-আরে কী বলিস! এটা তো গর্দানে সামান্য ব্যথা...
বুঝি, এই ঘূর্ণিবায়ুর উৎস আসলে কোত্থেকে।
বাঙালি কমিউনিটির অমর একুশ এবং স্বাধীনতা দিবস উদ্যাপনের মহড়া চলছে। বন্ধের দিনগুলোতে সন্ধ্যায় আমাদের কারও না কারও বাসায় জড়ো হওয়ার কথা। একেকটা পরিবার থেকে একেক পদের রান্না নিয়ে যাওয়া হয়। তারপর চলে মধ্যরাত পর্যন্ত আমাদের রিহার্সাল। রিহার্সাল না ছাই। প্রথম কয় সপ্তাহ চলে খাওয়াদাওয়া আর দেশোদ্ধার, মানে বাংলাদেশের বদনাম। এবার আমার গর্দান কাহিল। গাড়ি চালাতে পারব না। তাতে কী?
স্ত্রী আছে না। রান্নাবান্না করে, ঘরদোর সাফসুতরো বানিয়ে, বাচ্চাদের গোসল করিয়ে, নিজে তৈরি হতে হতে সময় পেরিয়ে যায়। গাড়িতে কোলে মুরগির গরম বাটি নিয়ে আমি গজগজ করতে থাকি। সময়জ্ঞানহীনতাকে লক্ষ্য করে আমার বয়ান চলতে থাকে। কী কারণে আমরা বাঙালিরা পশ্চাৎপদ তা বিস্তারিত বলতে থাকি। আমার লেকচার গন্তব্যের দুয়ার পর্যন্ত অব্যাহত থাকে। সে সময় ঘাড়ের ব্যথার কথা মনে থাকে না আমার।
সকালে ঘুম থেকে উঠি ছোট কন্যার হাতের ছোঁয়ায়। আমার কাঁধে ওর নরম হাত ডলতে ডলতে সে জানতে চায়, ব্যথাটা কি খুব বেশি, বাবা? একটু কি কমেছে? আমি কি একটু ডলে দেব?
তারপর আমার দিকে বাড়িয়ে দিল একটা প্যাকেট। খুলে দেখি একটা শার্ট। তিন মা-বেটিতে মিলে যুক্তি করে কিনেছে। যেন তা পেলে আমার মন ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গ্রীবাপ্রদাহও। খুলে দেখি লেখা ‘মেইড ইন বাংলাদেশ’।
স্বার্থপর মানুষের অনুভূতি নিম্নগামী। আমি আজীবন সে দলের ঝান্ডাধারী।
চিন্তারহিত হয়ে আমার বোধ স্থির দাঁড়িয়ে থাকে। নারী দিবসের মাজেজাটা আসলে কোথায়?
বছরের শুধু একটা দিন ওদের পেলেই আমার মতো পুরুষের (মানুষ নয় মোটেই) চলবে?
বাস্তবিক অর্থে বিচার করেই বলছি, স্বার্থপর হিসেবেই বলছি, চরম গণিতবিদ হয়েই বলছি, চলবে আমার? চলবে তোমার? চলবে আপনার? চলবে আমাদের? চলবে বাংলাদেশের? চলবে পৃথিবীর?
চলবে না। তার জন্য কি আমাকে মানবতাবাদী হওয়ার দরকার আছে? আমার কি নারীবাদী হওয়ার খুব প্রয়োজন আছে? একজন সামান্য স্বার্থপর মানুষ হলেই তো বোঝার কথা...
এই যে ফরেন রিজার্ভ নিয়ে আমাদের অর্থনীতিবিদেরা বড়াই করেন, তা কোত্থেকে আসে? সে সঞ্চিতি প্রতিটি সুচের ফোঁড় আর মধ্য প্রাচ্যের অগণিত গৃহকর্মীর প্রতিদিনের লবণাক্ত স্বেদনিঃসৃত। এ নিয়ে আমাদের ভদ্র সমাজের বাহাদুরি করার কিছু নেই। কোনো অধিকারও নেই।
ভাগ্যিস আদি পিতা আদম এমন একটা আবদার করেছিলেন! তা না হলে কী রংহীন, ধৈর্যহীন ‘ফালতু’ একটা জীবন হতো আমাদের! অমন নিরেট জীবনে আমি একদিনও থাকতে চাই না। তাই মার্চের ৮ তারিখ শুধু নয়, আমার কাছে প্রতিদিনই নারী দিবস।
আই অ্যাম হ্যাপি টু বি ইন দ্য উইমেনস ওয়ার্ল্ড। নারীর জয় অব্যাহত থাকুক, রোজ।
*দায় স্বীকার : শিরোনামটি একজন ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য থেকে নেওয়া