নারী নির্যাতনের বিরুদ্ধে একাতাবদ্ধ প্রবাসী নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার‌ী নির্যাতনের বিরুদ্ধে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় জড়ো হয়েছেন প্রবাসী নারীরা
নার‌ী নির্যাতনের বিরুদ্ধে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় জড়ো হয়েছেন প্রবাসী নারীরা

‘নারী নির্যাতনের বিরুদ্ধে একতাবদ্ধ হোন’ মন্ত্রে উজ্জীবিত প্রবাসী নারীরা নিজেদের উদ্যোগেই সংগঠিত হচ্ছেন।
৩ নভেম্বর ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় অ্যাভিনিউ সি প্লাজায় জড়ো হয়েছিলেন এ রকম একদল প্রবাসী নারী। শলাপরামর্শ করেছেন নিজেদের মধ্যে। প্রবাসে আপনজনের হাতে প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছেন তা অবলীলায় ব্যক্ত করেছেন তাঁরা। পারিবারিক ঐতিহ্য ও সামাজিকতা বিবেচনায় রেখে এখনো অধিকাংশই ৯১১-এ কল করেননি বলে তাঁরা উল্লেখ করেন।
অনেকেই বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার রুখে দাঁড়ানো উচিত। এমন অবস্থায় আয়োজকেরা অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু করার পরামর্শ দেন। পুলিশ ডাকাডাকিতে কখনই সমস্যার সমাধান হয় না। অধিকন্তু পরিস্থিতি আরও জটিল হয়, যার পরিণতি কারও জন্যই শুভ হয় না বলেও কেউ কেউ মন্তব্য করেন।
এটি ছিল নিউইয়র্ক সিটিতে এ রকম চতুর্থ সমাবেশ। এর আগে জ্যাকসন হাইটসে দুটি এবং রিচমন্ড হিলে একটি সমাবেশ হয়েছে। এমন চমৎকার পরিবেশে অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শ সভাকে অনেকেই চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে খুবই উপযোগী হিসেবে অভিহিত করেছেন।
ব্রুকলিনের এ পরামর্শ সভায় উদ্যোক্তাদের মধ্যে অন্যতম কাজী ফৌজিয়া জানান, সুন্দর জীবনের জন্য আটলান্টিক পাড়ি দেওয়ার পরও অনেকের বোধোদয় ঘটেনি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মনমানসিকতা জিইয়ে রেখে স্ত্রী এবং উঠতি বয়সী কন্যাদের গৃহবন্দী করে রাখতে চাচ্ছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই শ্রম দিতে পারছেন না। ফলে আর্থিক কারণে স্বামী/বাবা অথবা পরিবারের পুরুষ প্রধানের ওপর নির্ভরশীল হয়ে দিনাতিপাত করতে হচ্ছে। অথচ নারীরা যদি কাজ করেন তাহলে সেই পরিবারের স্বাচ্ছন্দ্য বাড়ে খুব দ্রুত। এই আমেরিকায় আর্থিক এবং সামাজিকভাবে যারাই প্রত্যাশিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছেন তাঁদের সিংহভাগের উপার্জনে রয়েছেন স্বামী-স্ত্রী-সন্তানেরা। তাঁরা সুখে রয়েছেন। পারিবারিক অশান্তি নেই। আমেরিকান স্বপ্ন পূরণে অনন্য উদাহরণে পরিণত হয়েছেন তাঁরা। এসব দেখেও না দেখার ভান করে আছেন অনেক প্রবাসী। এ শ্রেণির প্রবাসীর পরিবারে সংকট, অবহেলা-অনাদরের ঘটনা বিদ্যমান। প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। উঠতি বয়সী কন্যারা ভেতরে-ভেতরে জ্বলে মরছে। এমন অবস্থার উত্তরণে চাই প্রয়োজনীয় কাউন্সেলিং। এটি হতে পারে উভয় পক্ষ থেকে। আমরা সে পথেই হাঁটছি। কারণ আমরা সংসারে ভাঙন দেখতে চাই না।
নিউইয়র্ক অঞ্চলে দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিংয়ের (ড্রাম) অন্যতম সংগঠক কাজী ফৌজিয়া তৃণমূলে কাজের অভিজ্ঞতার আলোকে বলেন, মামুলি অজুহাতে অনেক পরিবার ভেঙে গেছে। অনেক মাকে সন্তান হারাতে হয়েছে। আবার কেউ কেউ পুলিশ ডেকে গৃহত্যাগে বাধ্য হয়েছেন। এখনো কিছু মা সিটি শেল্টারে দিনাতিপাত করছেন। এসব ঘটনা কখনোই একটি উঠতি কমিউনিটির জন্য সুখকর হতে পারে না।
লিঙ্গভিত্তিক নির্যাতনের বিরুদ্ধে কীভাবে সংগঠিত হতে হয় তা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন সবাই। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেনসিন রায়হান, রুবি, ফরিদা, শেফালি শাহীন, শেরিন প্রমুখ।