নারী ভোট হারিয়ে ট্রাম্প পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র যদি শুধু নারীদের ভোটে তার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করত, তাহলে হিলারি ক্লিনটনের বিজয় অবধারিত। বিখ্যাত নির্বাচন বিশেষজ্ঞ নেট সিলভার ও তাঁর ফাইভ থার্টি এইট ওয়েবসাইট সাম্প্রতিক জনমত জরিপের ভিত্তিতে যে মডেল নির্মাণ করেছে, তাতে সে কথাই বেরিয়ে এসেছে।

নেট সিলভারের মডেল অনুসারে, যদি শুধু পুরুষেরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন, তাহলে ট্রাম্প বেশ সহজেই জিতে যাবেন। ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্প পাবেন ৩৫০টি ভোট, আর হিলারি মাত্র ১৮৮। অন্যদিকে যদি শুধু নারী ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে হিলারি পাবেন ৪৫৮ ইলেকটোরাল ভোট, ট্রাম্প পাবেন মাত্র ৮০ ভোট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন।

নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তাঁর অশ্লীল মন্তব্যকে ‘শুধু কথার কথা’ বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও দেশের নারীদের কাছে সে কথা সন্তোষজনক মনে হয়নি। তাঁরা এখন বেঁকে বসেছেন। জনমত জরিপে ক্রমেই এটা স্পষ্ট হচ্ছে, শুধু ডেমোক্রেটিক ও শহুরে ভোটারদের মধ্যে নয়, সারা দেশের নারী ভোটাররাই হিলারির দিকে ঝুঁকছেন। গত তিন দিনে এক ডজনের মতো নতুন জনমত জরিপের ফল বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, হিলারি যে সহজেই ট্রাম্পকে পেছনে ফেলে দিচ্ছেন, তার প্রধান কারণই হলো নারী ভোটারদের সমর্থন। এমনকি রিপাবলিকান হিসেবে পরিচিত নারীরাও তাঁদের দল ছেড়ে ডেমোক্রেটিক শিবিরে ঢুকছেন। এটি শুধু প্রেসিডেন্ট নয়, সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে ভাবা হচ্ছে।

নারীদের ব্যাপারে ট্রাম্পের মন্তব্যের প্রভাব কত দূর বিস্তৃত, তার একটি প্রমাণ মিলেছে উইসকনসিন থেকে মার্কেট ইউনিভার্সিটির আইন বিভাগের গৃহীত একাধিক জরিপে। এই অঙ্গরাজ্যে সেপ্টেম্বরের শেষ নাগাদ হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে ছিলেন। গত শুক্রবার ট্রাম্পের অশ্লীল মন্তব্য-সংবলিত ভিডিও প্রকাশিত হওয়ার পরের দিন হিলারি ৬ পয়েন্টে এগিয়ে যান। রোববার দ্বিতীয় বিতর্কের পর হিলারি ও ট্রাম্পের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৯ পয়েন্ট।

শুধু উইসকনসিনে নয়, রিপাবলিকানদের জন্য ‘নিরাপদ’ হিসেবে পরিচিত ইউটাহ, জর্জিয়া ও অ্যারিজোনাতেও ট্রাম্পের সমর্থনে ধস নামার ইঙ্গিত মিলেছে। ইউটাহর জনসংখ্যার বৃহদাংশ রক্ষণশীল মরমন ধর্মাবলম্বী, নারীদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সেখানে নারী-পুরুষ সবার মধ্যেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নির্বাচনী বিশেষজ্ঞরা এখন বলছেন, জনমতের এই ধারা অব্যাহত থাকলে হিলারি সম্ভবত ৭ বা তার চেয়ে বেশি পয়েন্টে নির্বাচন ছিনিয়ে নেবেন। মনমাউথ ইউনিভার্সিটির খ্যাতনামা জনমত জরিপ বিশেষজ্ঞ প্যাট্রিক মার্ফি দ্য হিল পত্রিকাকে জানিয়েছেন, তাঁর বিশ্বাস, হিলারি ‘ভূমিধস ব্যবধানে’ জয়ী হবেন।

রিপাবলিকানদের জন্য সবচেয়ে ভয়ের কথা হলো, এই ব্যবধান টিকে থাকলে শুধু সিনেটেই তাদের চলতি সংখ্যাধিক্যতা হাতছাড়া হবে না, প্রতিনিধি পরিষদেও তাদের প্রভাব ক্ষুণ্ন হবে। এর একটি বড় কারণ, দলনিরপেক্ষ ভোটারদের অনেকেই এখন রিপাবলিকানদের দিক থেকে মুখ ফিরিয়ে হিলারিমুখী হচ্ছেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ দলনিরপেক্ষ এমন ভোটারদের ৮ শতাংশ হিলারির দিকে ঝুঁকেছেন বলে জরিপে প্রকাশিত হয়েছিল। ট্রাম্পের ভিডিও ও দ্বিতীয় বিতর্কের পর এই ব্যবধান ১১ শতাংশে দাঁড়িয়েছে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য এসব জনমত জরিপের কোনোটাই সত্য নয় বলে মন্তব্য করেছেন। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এসবই মূলধারার তথ্যমাধ্যম ও ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র। তিনি বলেন, ‘আমার মনে হয় না এর কোনোটাই সত্যি।’