নারীদের বিনা মূল্যে ফরেনসিক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হামলার শিকার হয়েছেন এমন নারীদের ফরেনসিক পরীক্ষার জন্য পয়সা দিতে হবে না। নিউইয়র্ক নগর অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
যৌন হামলার শিকার হয়েছেন এমন নারীদের ফরেনসিক পরীক্ষার জন্য নগরীর ব্রুকলিন মেডিকেল হসপিটাল সেন্টার অতিরিক্ত বিল করার কারণে অ্যাটর্নি জেনারেল ইরিক স্যায়েইডারম্যান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
স্যায়েইডারম্যান মেডিকেল সেন্টারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পেয়ে তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, ২০১৫ সালের জানুয়ারি ও ২০১৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ব্রুকলিন মেডিকেল হসপিটাল সেন্টার কর্তৃপক্ষ ভুক্তভোগী নারীদের ফরেনসিক পরীক্ষার জন্য বিধিবহির্ভূত বিল করেছেন। এ ধরনের ৮৬টি পরীক্ষার মধ্যে ৮৫টিতেই হয়তো সরাসরি ভ্রমাত্মক বিল করেছেন কিংবা রোগীর জন্য বিল পরিশোধের কোনো বিকল্প না রেখেই তাঁর বিমা থেকে বিলের পয়সা নিয়েছেন।
বিদ্যমান আইন অনুযায়ী, এসব ক্ষেত্রে বিকল্পের জন্য পর্যাপ্ত যুক্তি অথবা ব্যাখ্যা জরুরি। ‘নিউইয়র্ক স্টেট এক্সিকিউটিভ ল’ এর মতে, কোনো হাসপাতালে নারীদের ওপর যৌন হামলার ফরেনসিক পরীক্ষাসহ এ ধরনের সেবা রোগীর কাছ থেকে পয়সা ছাড়াই দিতে হবে এবং এসব ক্ষেত্রে খরচের বিল সরাসরি ভুক্তভোগীদের সেবা দপ্তরে (অফিস অব ভিকটিম সার্ভিসেস) পাঠাতে হবে।
যৌন হামলার শিকার ব্যক্তিরা ইচ্ছা করলে ফরেনসিক পরীক্ষার ব্যয় বিমা থেকে দেওয়ার বিকল্প পন্থা ব্যবহার করতে পারেন। আইনের মোদ্দা কথা হলো, বিকল্প ব্যবস্থা অতীব গুরুত্বপূর্ণ। অন্যদিকে এ ধরনের হামলার শিকার ব্যক্তিদের নিজস্ব গোপনীয়তা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, ব্রুকলিন মেডিকেল হসপিটাল সেন্টারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন স্যায়েইডারম্যান। সমঝোতা অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ যৌন হামলার শিকার ব্যক্তিদের ব্যাপারে একটি নীতিমালা অনুসরণ করবেন এবং কোনোভাবেই বিতর্কিত ও অনভিপ্রেত বিল থেকে বিরত থাকবেন।