নাসাউ কলিসিয়ামে ফোবানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফোবানার একাংশ লং আইল্যান্ডের নাসাউ কলিসিয়ামে ৩০ আগস্ট থেকে তিন দিনব্যাপী ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজন করছে। এবারের ফোবানা সম্মেলনের একটি অন্যতম বিশেষ আয়োজন ‘কাব্য জলসা’। সম্মেলনের দ্বিতীয় দিন ৩১ আগস্ট নাসাউ কলিসিয়াম সংলগ্ন সম্মেলনের অফিশিয়াল হোটেল লং আইল্যান্ড ম্যারিয়টের লাইটহাউস হল ‘এ’-তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ‘কাব্য জলসা’।

এবারই প্রথমবারের নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও বাংলাদেশ থেকে আসা খ্যাতনামা আবৃত্তিকার ও নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ অর্ধশতাধিক আবৃত্তি শিল্পীর একটি বিশাল সমাবেশ ঘটবে কাব্য জলসার আবৃত্তি মঞ্চে। সমবেত বিপুলসংখ্যক আবৃত্তি শিল্পী একটি নান্দনিক পরিবেশনা উপহার দেবেন ফোবানা সম্মেলনে। ড্রামা সার্কলের পরিচালনায় এবারের ফোবানা সম্মেলন বেশ ব্যতিক্রমী হবে বলে আশা করা হচ্ছে।

‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।’

কবির এই পঙ্‌ক্তিগুলো যখন একজন আবৃত্তিকার তার শৈল্পিক গাঁথুনির মাধ্যমে অর্থাৎ সৃষ্টিশীলতা, সৌন্দর্য ও নান্দনিক প্রকাশ ঘটিয়ে সুশ্রাব্য, সুললিত ও মনোমুগ্ধকর করে শ্রোতাদের কাছে উপস্থাপন করেন আর সেই উপস্থাপন যখন শ্রোতাদের কানে পৌঁছে তাদের হৃদয় স্পর্শ করে, তখনই তা একজন আবৃত্তিকারের সাফল্য আসে। আর এই কারণেই আবৃত্তি একটি শিল্প।

হ্যাঁ, কাব্য জলসায় প্রতিটি আবৃত্তি শিল্পী তার সেরা বুননটিই দর্শক-শ্রোতার কাছে উপস্থাপন করবেন। এমনি সাহসী ও আত্মপ্রত্যয়ী কথা বললেন কাব্য জলসা কমিটির ভাইস চেয়ারম্যান, আবৃত্তিকার পারভীন সুলতানা। তিনি বলেন, বিগত বেশ কয়েক মাস ধরেই কাব্য জলসা কমিটি ও আবৃত্তি শিল্পীরা নিরলস কাজ করে যাচ্ছে। রিহার্সাল চলছে বিরতিহীন।

কাব্য জলসায় অতিথি হিসেবে আবৃত্তি করবেন আবৃত্তিকার বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ। বিশ্বব্যাপী বাংলা কবিতার আবৃত্তি শিল্পীরা একই পরিবার—এ বিষয়ে কথাও বলবেন তিনি। অতিথি হিসেবে কাব্য জলসায় আবৃত্তি করবেন সংগঠক ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিথুন আহমেদ। আবৃত্তি বিষয়ে কথা বলবেন তিনি।

চমৎকার, জমজমাট, মনোমুগ্ধকর, হৃদয়ে আঁচড় কাটার মতো একটি কবিতার আসর হবে কাব্য জলসা—এমন আশাবাদ আয়োজক কমিটির। ৩১ আগস্ট দুপুর ২টায় কাব্যজলসার আসর বসবে। ভ্যেনু হচ্ছে, লং আইল্যান্ড ম্যারিয়ট হোটেল, (কনভেনশনের অফিশিয়াল হোটেল। নাসাউ কলিসিয়ামের পাশে), ১০১ জেমস্ ডলিটেল বুলেভার্ট, ইউনিয়নডেল, নিউইয়র্ক ১১৫৫৩।