নাসার নভোযান বিস্ফোরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জন্য গত রোববার ছিল ‘বড় ক্ষতির’ দিন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নভোচারীদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় মালামালবাহী চালকবিহীন নভোযান রোববার ‘স্পেসএক্স-৯ ফ্যালকন’ উড্ডয়নের কিছু পরই বিস্ফোরিত হয়েছে। খবর গার্ডিয়ানের।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয় নভোযানটি। কিন্তু উড্ডয়নের ২ মিনিট ১৯ সেকেন্ড পরই এটি বিধ্বস্ত হয়। বিস্ফোরণের পর এক বিবৃতিতে নাসার প্রশাসক চার্লস বল্ডেন বলেন, ‘আইএসএসে পাঠানো নভোযানটি বিস্ফোরিত হয়ে যাওয়ায় আমরা হতাশ। তবে স্টেশনে নভোচারীরা নিরাপদে আছেন। সেখানে কয়েক মাসের জন্য প্রয়োজনীয় রসদ আছে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
আইএসএসের ব্যবস্থাপক মাইকেল সাফারদিনি বলেন, ‘এটা একটা বড় ক্ষতি। তবে আমরা ক্ষতি কাটিয়ে উঠব এবং নতুন উৎক্ষেপণের প্রস্তুতি নেব।’
নাসার জ্যেষ্ঠ কর্মকর্তা উইলিয়াম গার্স্টটেনমেয়ার দাবি করেন, উৎক্ষেপণের আগে প্রস্তুতির ঘাটতি ছিল না। তিনি বলেন, ‘ কোনো সমস্যা ছিল না। এর মাধ্যমে আমরা বুঝলাম কারিগরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে।’
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেছে। এফএএর পাম আন্ডারউড বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে আমরা তদন্ত করছি। তবে এ ঘটনাকে দুর্ঘটনা বলেই আখ্যায়িত করা যায়।’