নাসার বিরুদ্ধে মামলা করছে বেজোসের ব্লুঅরিজিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ব্লু অরিজিন স্পেস ক্র্যাফটে জেফ বেজোস
ছবি রয়টার্স

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের সঙ্গে ভবিষ্যতে চন্দ্রাভিযানের জন্য বড় ধরনের চুক্তি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইউএস ফেডারেল কোর্টে মামলা করছে স্পেস এক্সের প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিন। গত সোমবার প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ব্লু অরিজিনের বিবৃতিতে বলা হয়, স্পেসএক্সের সঙ্গে যে প্রক্রিয়ায় চুক্তি করা হচ্ছে, তার ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকেই এই মামলা করা হচ্ছে।

গত এপ্রিল মাসে বেজোসের প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে ২৯০ কোটি মার্কিন ডলারের হিউম্যান ল্যান্ডিং সিস্টেম (এইচএলএস) নামের চুক্তিটি করা হয়। এই চুক্তির বিরোধিতা করেন অন্য দরদাতারা। তাঁদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারত। এ ছাড়া তাদের মূল্যায়ন প্রক্রিয়াটিও ন্যায্য ছিল না।

ব্লু অরিজিন বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ক্রয়ের ক্ষেত্রে চিহ্নিত সমস্যাগুলো দূর করতে হবে এবং তা ন্যায্য হতে হবে। এ ছাড়া প্রতিযোগিতা সৃষ্টিসহ চাঁদ থেকে নিরাপদে ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

নাসা সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা মামলার বিষয়ে অবগত এবং মামলাটি পর্যালোচনা করছে।

২০৩০ সাল নাগাদ মঙ্গল গ্রহে ক্রুসহ মিশন পাঠানোর আগে আর্টেমিস নামের কর্মসূচির মাধ্যমে এ দশকের মাঝামাঝি সময়ে চাঁদে মানুষ পাঠানোর ও চন্দ্র কক্ষপথ স্টেশন তৈরির পরিকল্পনা করছে নাসা।