নাসির উদ্দীনকে সাংস্কৃতিক সহযাত্রীদের সংবর্ধনা

নিউইয়র্কে বসবাসরত সাংস্কৃতিক অঙ্গনের সহযাত্রীদের সঙ্গে জ্যামাইকার স্টার কাবাবে ১২ অক্টোবর সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে যোগদান শেষে ব্যক্তিগত সফরে নিউইয়র্কে এসেছেন নাসির উদ্দীন ইউসুফ। ১২ অক্টোবর আয়োজিত সম্মিলনী অনুষ্ঠানের শুরুতে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়, তাঁকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। তাঁকে অভিনন্দন জানিয়ে পাঠ করা হয় মানপত্র। উদ্যোক্তাদের পক্ষ থেকে শিল্পী রথীন্দ্রনাথ রায় ও সংস্কৃতিকর্মী মিথুন আহমেদ তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। এরপর শংসাবচন পাঠ করেন মিথুন আহমেদ।
নাসির উদ্দীন ইউসুফ তাঁর বক্তব্য শুরু করেন বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে। তিনি বলেন, ‘বাংলাদেশ কখনো রাষ্ট্র ছিল না। আমরা পাল ও সেন বংশের কথা বলি। কিন্তু তারা বাঙালি ছিল না। তবে বাঙালি প্রথম আঘাতটি পেয়েছিল ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হলে। এই বঙ্গভঙ্গের রেশ ধরেই স্বাধিকারের আন্দোলন বিকশিত হয়েছিল। জয় বাংলা শব্দটি এর মধ্য দিয়েই এসেছিল। বাংলা ভাষা রাষ্ট্র পরিচালনার ভাষা ছিল না। ফলে বাংলা ভাষায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার শব্দ নেই। বাংলায় অন্য ভাষা থেকে এ ধরনের শব্দ অনুবাদ করে নিতে হয়েছে।’
এরপর নাসির উদ্দীন ইউসুফ ধারাবাহিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সংস্কৃতিচর্চার অগ্রণী ভূমিকা রয়েছে। আমরা এটি অনুভব করেছি বায়ান্নতে। বায়ান্নর ভাষা আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছিল না, ছিল সাংস্কৃতিক আন্দোলন। বঙ্গবন্ধুর বড় সাফল্য হচ্ছে সংস্কৃতির মধ্য দিয়ে তিনি অনুধাবন করেছিলেন বাঙালির মন ও মননকে। তিনি জেনেছিলেন ইতিহাস ও ঐতিহ্যকে। সেটিকেই তিনি প্রথমে ছয় দফা এবং পরে মুক্তিযুদ্ধে কাজে লাগিয়েছিলেন।’
নাসির উদ্দীন কিছুটা হতাশার সুরে বলেন, ‘বঙ্গবন্ধু যে বাঙালি জাতীয়তাবাদের জন্য আন্দোলন করেছিলেন, সে পথে আমরা থাকতে পারিনি। সংবিধানে রাষ্ট্রধর্ম এবং বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করার মধ্য দিয়ে অন্য ধর্মের মানুষকে ছোট করা হয়েছে। এখান থেকেই শুরু সংকটের। এখান থেকে মুক্ত করে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চর্চা করা খুবই কঠিন কাজ।’
আরেক প্রশ্নের জবাবে খান আতাকে রাজাকার বলে উল্লেখ করে নাসির উদ্দীন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধ শেষে তিনি খান আতাকে রক্ষা করেছিলেন। ‘আবার তোরা মানুষ হ’ মুক্তিযুদ্ধবিরোধী একটি চলচ্চিত্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মিনহাজ আহমেদ। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয়। আয়োজকদের আনুষঙ্গিক কথা শুরুর আগেই নাসির উদ্দীন ইউসুফ মঞ্চে এসেই তাঁর রীতিবিরুদ্ধ কাজ, অর্থাৎ পূর্বনির্ধারিত অনুষ্ঠানে বিলম্বে উপস্থিতির জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে নেন।
নাসির উদ্দীন ইউসুফের বক্তব্য শুরুর আগে নিউইয়র্ক অভিবাসী সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে বক্তৃতা করেন শিল্পী রথীন্দ্রনাথ রায়। তিনি বলেন, নাসির উদ্দীন ইউসুফ বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলনের কমিটেড যোদ্ধা। কখনো এই কমিটমেন্ট থেকে তিনি সরে আসেননি।