নাহিদুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জিয়ায় বিএনপির কাউন্সিলে নেতা–কর্মীরা।
জর্জিয়ায় বিএনপির কাউন্সিলে নেতা–কর্মীরা।

বিএনপি যুক্তরাষ্ট্রের জর্জিয়া শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর আটলান্টার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নাহিদুল খান সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মামুন শরীফ।
সম্মেলনে প্রথমবারের মতো সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নাহিদুল ও মামুনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের অনুমোদন লাভের পর চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটির নির্বাচন কমিশন।

নাহিদুল খান, মামুন শরীফ
নাহিদুল খান, মামুন শরীফ

প্রাথমিক কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ লোদী, আজিজুল হাকিম, ফয়সাল শেখ ও তানভির আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক বেলায়েত হোসেন এবং অর্থ সম্পাদক তুহিন খান।
সম্মেলনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জর্জিয়া বিএনপির সাবেক সভাপতি শাকুর মিন্টু এবং নির্বাচন কমিশনার ডিউক হাসান খান ও আজহারুল ইসলাম ফারুক।
সম্মেলন বর্জন করায় কমিটি থেকে বাদ পড়েন জর্জিয়া বিএনপির দাপুটে সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আজাদ। এ বিষয়ে তিনি প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, সম্মেলন অধিবেশনের পরিবেশ সৃষ্টি না হওয়ায় তিনি তা বর্জন করেছেন। কিছুদিনের মধ্যে নতুন করে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি নাহিদুল খান বলেন, আজাদ অগণতান্ত্রিক উপায়ে সম্মেলন অনুষ্ঠানে তাঁকে চাপ দেন। ১৭০ জন কাউন্সিল সদস্যের মধ্যে তিনি মাত্র ৫৩ জন সদস্যের খসড়া তৈরি করে তা অনুমোদন করতে বলেন। তিনি তা করেননি।
আজাদের কাউন্সিল বর্জন প্রসঙ্গে নির্বাচন কমিশনার ডিউক হাসান খান বলেন, ‘এই অংশটি বরাবরই কমিটি গঠনে বিরোধিতা করে। বিগত কমিটি গঠনেও তারা বিরোধিতা করেছিল। আজাদ ওই গ্রুপে যোগ দিয়েছেন মাত্র।
সম্মেলনে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইব্রাহিম রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা কামাল মাহমু্দ, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪৮-এর পদপ্রার্থী জসীম উদ্দিন ও ডিস্ট্রিক্ট ৪১-এর মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।