নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০। চিত্রার বয়স এখন ৩০। দেখতে খুব সুন্দর মেয়ে। বুদ্ধি হওয়ার পর থেকেই তার মনের মধ্যে উঁকি দিত, একদিন অভিনয় করবে নায়িকা হবে। মাঝে মাঝে মায়ের শাড়ি পরে সেজে আয়নায় দেখত নিজের নায়িকা রূপ। দেখত আর গুন গুন করে গান গাইত। এ কারণে মায়ের কাছে অনেক বকা খেতে হতো। ভীষণ রক্ষণশীল পরিবারে চিত্রার জন্ম। মায়ের ধারণা, নায়িকা হলে পড়ালেখা আর হবে না। কিন্তু চিত্রা মায়ের কাছে শুনেছে, মা যখন কলেজে যেতেন তখন নায়িকা সুচিত্রাকে নকল করে দুই কলা বেণি করে যেতেন। এ ছাড়া বাসায় মাঝে মধ্যে ছবি দেখত সুচিত্রা-উত্তমের।
সেই শৈশবের সুপ্ত বাসনা মনের ভেতর ধারণ করে রেখেছে চিত্রা। যদি কখনো সুযোগ আসে নায়িকা হবে। নায়িকারা কত সুন্দর করে সাজে, এটা চিত্রাকে আপ্লুত করে। ছোটবেলা থেকে চিত্রা সাজতে পছন্দ করত। এরই মধ্যে একদিন চিত্রার বিয়ে হয়ে যায়। স্বামীর সংসার, বাচ্চাকে নিয়ে জীবন অন্য এক নতুন অধ্যায়ে চলে যায়। তারপরও ভাবতে থাকে কোনো একদিন যদি তেমন সুযোগ হয় একবার নায়িকা সেজে অভিনয় করবে। একদিন চিত্রা সকালে উঠে পত্রিকায় দেখতে পেল, শহরে ৬০-এর দশকের নায়িকা প্রতিযোগিতা হবে। খুশিতে যেন আত্মহারা চিত্রা। এত দিন পর চিত্রার সুযোগ এসেছে আশা পূরণের। গম্ভীর স্বভাবের স্বামীকে কথাটা কীভাবে বলবে তা ভাবছিল চিত্রা। সে সব সময় স্বামীর কাছ থেকে শুনতে চায় চিত্রা সুন্দরী, কিন্তু স্বামী কোনো দিন বলেনি। স্বামীর চোখে সে কখনোই সুন্দর হতে পারেনি। তাহলে কীভাবে চিত্রা নায়িকা প্রতিযোগিতার কথা বলবে! তাই বারবার চেষ্টা করেও থেমে যাচ্ছিল। স্বামী আবার বাবা-মায়ের মতো অতটা রক্ষণশীল ছিল না। কিছুটা উদার মনের ছিল।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ চিত্রা তার স্বামীকে আহ্লাদের সুরে বলল, ‘শুনেছি একটা পত্রিকা তাদের উত্তরের নকশা নামে একটি পাতায় নায়িকা প্রতিযোগিতার ব্যবস্থা করছে। আমি জানি আমি অসুন্দর। আমি অনন্যা নই। শোনো, আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। তোমার মতামত দাও।’
চিত্রা জানে তার স্বামীর ধারণা, সে পৃথিবীর সবচেয়ে অসুন্দর মেয়ে। তাই স্বামীর প্রথম কথাই ছিল চিত্রা তুমি তো পারবে না। চিত্রা শুনে বলল, পারি আর না পারি, এটা আমার শখ। তুমি দেবে না অংশ নিতে? চিত্রার স্বামী কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে যেতে দিতে পারি যদি তুমি নায়িকা শবনমের সাজে যেতে পার? চিত্রা যেন কিছুক্ষণ থমকে গেল। এত সহজে স্বামী রাজি হবে ভাবতে পারেনি। তার ওপর প্রিয় নায়িকা সাজতে হবে। স্বামীর চোখে চিত্রা নায়িকা শবনমের মতো। স্বামীর কথা শুনে চিত্রার বিশ্বাস হচ্ছিল না। চিত্রা স্বামীকে জিজ্ঞেস করল, তুমি তো বলো আমি অসুন্দর। তবে কেন নায়িকা শবনম সাজতে বলছ।
—তোমাকে তো আমি বিয়ে করেছিলাম শুধু তুমি দেখতে শবনমের মতো বলে। তোমার মুখের আদল একদম নায়িকা শবনম। নিজের বিশ্বাস হচ্ছিল না।
যে স্বামী চিত্রাকে কোনো দিন পার্টিতে নিয়ে যেত না শুধু চিত্রা অসুন্দর মেয়ে ছিল বলে। আজ সেই স্বামী বলছে তুমি নায়িকা শবনমের মতো সুন্দর!
—আমার মনে হয় তুমি শবনম সাজলে প্রতিযোগিতায় বিজয়ী হবে। চিত্রার সেদিন আর ঘুম এল না খুশিতে। নিজের সেলফোনে ইউটিউবে গিয়ে দেখতে লাগল শবনম কীভাবে সাজত। পাশে স্বামীকে দেখাতে লাগল কীভাবে সাজলে চিত্রাকে নায়িকা শবনমের মতো দেখতে লাগবে। মা-খালাদের কাছে শুনেছে ৬০-এর দশকে তাঁর চেয়ে সুন্দরী নায়িকা আর ছিল না। এর পর থেকে নাওয়া খাওয়া ছেড়ে প্রতিদিন নায়িকা সাজার মহড়া। প্রতিদিন চর্চা করতে লাগল কীভাবে নায়িকা শবনম হওয়া যায়। প্রতিদিন নায়িকা শবনমের অনুকরণ করে শাড়ি পরা, গুন গুন গান করা “আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এ যেন আরাধনায় পরিণত হয়ে গেল।
আজ প্রতিযোগিতার দিন। সকালে স্বামী বলল, আজ তোমার নায়িকা প্রতিযোগিতা। নিজেকে শবনমের মতো করে সাজাও। চিত্রার খুব ভালো লাগছিল। কারণ স্বামী তাকে সুন্দরী নায়িকা ভাবছে। তাড়াতাড়ি করে পারলারে গিয়ে শবনমের ছবি দেখিয়ে তাঁর মতো করে সাজতে চিত্রার যেন খুশির সীমা ছিল না। পারলারে আজ চিত্রাকে সাজিয়েছে নায়িকা শবনমের মতো।
চিত্রা এত খুশি কখনোই হয়নি। আজ যেন চিত্রার মন রাঙিয়ে দিল তার স্বামী। ঘরে গিয়ে প্রতিযোগিতায় যাওয়ার জন্য প্রস্তুত। গাড়ি বের করে চিত্রার স্বামী তাকে ভিআইপির সম্মান দিয়ে প্রতিযোগিতার স্থলে নিয়ে যাচ্ছে। পাশের সিটে বসা চিত্রা।
স্বামী বলল, জানো আমি তোমাকে বিয়ে করেছিলাম তুমি দেখতে একদম শবনমের মতো ছিলে বলে। আজ তুমি জয়ী হবে।
চিত্রার জবাব, আচ্ছা, তুমি তো কখনো আমার সঙ্গে কোথাও যেতে না আগে। তবে আজ কেন যাচ্ছ।
—আমি জানি আজ তোমার জেতার পালা। আজ থেকে আমি আবার
নতুন করে তোমার নায়িকা রূপের ভালোবাসায় সিক্ত হলাম। সত্যি চিত্রা তুমি অনেক সুন্দর।
মিউজিক চলছে গাড়িতে ‘তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে’। সুরের পরশে চলছে স্বামীর ভালোবাসার গাড়ির চাকা। এবার অনুষ্ঠানে গিয়ে প্রতিযোগিতা করার পালা। সবাই সেজেছে বিভিন্ন নায়িকার সাজে। চিত্রার দুরুদুরু বুক। চিত্রাকে যে আজ জিততে হবে। বিচারক কি জানে আজ চিত্রা এখানে কত সাধনার পর এসেছে।
অবশেষে জল্পনা কল্পনা শেষ করে চিত্রা প্রতিযোগী হয়ে বিচারকের সামনে। কিছুই যেন ভাবতে পারছে না। যদি না জেতে বাসায় গিয়ে স্বামীর মুখোমুখি হওয়ার ভয়ে তোলপাড় হয়ে যাচ্ছে চিত্রার হৃদয়। ফলাফল ঘোষণায় এক নম্বরে চিত্রার ডাক এল। হলভর্তি মানুষ। সবার করতালি আর ক্যামেরাম্যানের ছবি তোলার হিড়িক। স্বামী স্টেজে উঠে চিত্রার কপালে আলতো চুমু দিয়ে স্বাগত জানিয়ে বলল, আমি জানতাম আমার নায়িকা, আমার বউ চিত্রা জিতবে। সঙ্গে সঙ্গে ভোরের পাখির ডাকে চিত্রার ঘুম ভেঙে গেল। স্বামী অঘোরে ওপাশ ফিরে ঘুমাচ্ছে। স্বামীর নাক ডাকার শব্দে চিত্রা বুঝতে পারল, এ ছিল শুধু চিত্রার নায়িকা হওয়ার স্বপ্ন।