নি র্ঘু ম নি উ ই য় র্ক

এই কলামে নিউইয়র্ক সিটির কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী হচ্ছে এবং অভিবাসীদের যেসব জরুরি তথ্য জানা প্রয়োজন তা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। লিখছেন আবদুল্লাহ জাহিদ
সেলফোনে পার্কিং মিটার পরিশোধ
ফোনের মাধ্যমে আমরা আজকাল অনেক কিছুই করতে পারছি। ট্যাক্সি ভাড়া, খাবারের অর্ডার দেওয়া, জিনিস কেনা, বিনোদনসহ আরও অনেক কিছু—এখন থেকে যোগ হয়েছে পার্কিং মিটারের পয়সা পরিশোধের সুবিধা।
ডিওটি বা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানাচ্ছে সিটির পাঁচ বেরোতে ৮৫ হাজার মিটারে অর্থ প্রদান এখন থেকে সেলফোনের মাধ্যমে করা যাবে। মোটরচালককে এখন আর মিটার খুঁজতে হবে না, অচল মিটারের জন্য হাপিত্যেশ করতেও হবে না, বারবার মিটারের কাছে দৌড়াতে হবে না, শুধু ফোনে অ্যাপস ডাউনলোড এবং সেটাতে ডলার যোগ করলেই চলবে।
কেমন করে এই পদ্ধতি কাজ করবে
l অ্যাপস স্টোর থেকে ParkNYC অ্যাপস ডাউন-লোড অথবা parknyc.parkmobile.us/parknyc ওয়েবসাইটে রেজিস্ট্রার করতে হবে।
l ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে।
l লাইসেন্স নম্বর যোগ করতে হবে
l কমপক্ষে ২৫ ডলার যোগ করতে হবে (ইজি পাসের মতো)।
l পার্কিংয়ের সময় ৬ সংখ্যার জোনের নম্বর দিতে হবে, যা পার্কিং সাইনের কাছে লেখা আছে।
l ড্রাইভারকে টাইম এবং গাড়ির নম্বর দিতে হবে।
l সময় শেষ হলে দূর থেকে সেলফোনের মাধ্যমেই তা বাড়ানো যাবে তবে নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ সময় পর্যন্ত পার্ক করা যাবে।
l ট্রাফিক এজেন্ট গাড়ির নম্বর তার হ্যান্ডহেল্ড মেশিনে দিলেই জানতে পারবেন মিটারের অর্থ পরিশোধ করা হয়েছে কিনা।
l একজন একটি ফোনে পাঁচটি গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে।
l https://parknyc.parkmobile.us/parknyc/faqs.html ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
ঘুরে আসুন রুজভেল্ট আইল্যান্ড
সামারে অনেকেই বেড়াতে চান। বেড়ানোর জন্য এমন একটি চমৎকার জায়গা হলো রুজভেল্ট আইল্যান্ড। কুইন্স এবং ম্যানহাটনের মাঝখানে ইস্ট রিভারে এর অবস্থান। লম্বায় ২ মাইল এবং প্রস্থে ৮০০ ফুট। এই দ্বীপে সবচেয়ে বড় আকর্ষণ হলো ট্রাম যা দিয়ে ম্যানহাটনের স্কাইলাইন বা দিগন্ত দেখতে দেখতে অল্প সময়েই আপনি পৌঁছে যাবেন কুইন্সের ওই দ্বীপ থেকে ম্যানহাটনে। আর ম্যানহাটন থেকে যদি এই ট্রামে উঠতে চান তাহলে আপনাকে যেতে হবে সেকেন্ড অ্যাভিনিউ আর ৫৯ এবং ৬০ স্ট্রিটের মাঝে। আর কুইন্স থেকে ওই দ্বীপে যেতে হলে এফ ট্রেনের রুজভেল্ট আইল্যান্ড স্টেশনই হলো সবচেয়ে ভালো। কারণ, দ্বীপে সেখানে পার্কিং খুবই সীমিত। সপ্তাহের সাত দিনই সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ট্রাম চালু থাকে। যদিও এই ট্রাম এমটিএর আওতাভুক্ত নয়, তবুও ভাড়া সাবওয়ের ভাড়ার সমান এবং মেট্রো কার্ড দিয়ে ট্রামে ভাড়া পরিশোধ করা যায়। এ ছাড়া পার্কে নদীর পাশে এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর বা প্রকৃতির কাছে সময় কাটানোর চমৎকার স্থান রয়েছ। অনেকেই ওখানে খাবার নিয়ে পিকনিকে যান। পার্কের ভেতরে লাল রঙের বাস আছে, যা পার্কের এক প্রান্ত থেকে আপনাকে অন্য প্রান্তে নিয়ে যাবে। ভাড়া মাত্র ২৫ সেন্টস। ই-মেইল: [email protected]
মোবাইল অ্যাপসের মাধ্যমে ফুড স্ট্যাম্পের আবেদন
নিউইয়র্ক সিটিতে প্রায় ১৭ লাখ মানুষ ফুড স্ট্যাম্পের সুবিধা নিয়ে থাকেন। তবে এত দিন পর্যন্ত ফুড স্ট্যাম্পের আবেদন করা ছিল অনেক ঝামেলাপূর্ণ। কারণ আবেদন করতে অনেক কাগজপত্র যেমন জন্মসনদ, বেতনের প্রমাণপত্র, বাড়িভাড়ার দলিল, বাচ্চাদের স্কুলের রেকর্ড ইত্যাদি সরবরাহ করতে হয়। তারপর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সোশ্যাল সার্ভিস অফিসের কর্মীদের সহজে টেলিফোনে পাওয়া যায় না। এখন থেকে সেই অবস্থার অবসান হলো। কারণ, মোবাইল অ্যাপসের মাধ্যমে এসব কাগজপত্রের ছবি তুলে সহজেই আপলোড করার মাধ্যমে দরখাস্ত জমা দেওয়া যাবে এবং ফলাফল জানা যাবে। এ জন্য যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে তা হলো ‘অ্যাকসেস এইচআরএ’।