নিঃশব্দে কাজ সেরেছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

কোনোরকম অতি নাটকীয়তা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘মুসলিম নিষিদ্ধকরণ’ আদেশ দ্বিতীয়বারের মতো জারি করেছেন। ইতিপূর্বে জারিকৃত প্রতিটি আদেশ স্বাক্ষরের আগে সাংবাদিক ও টিভি ক্যামেরা ডেকে আনা হয়েছিল, এবার সেই কাজটি তিনি সেরেছেন নিঃশব্দে। এমনকি নিজেও সে আদেশের কথা ঘোষণা করেননি। তাঁর মন্ত্রিসভার তিন সদস্য সে দায়িত্ব পালন করেন।
নতুন আদেশ নিয়ে আইনি বিপর্যয় এড়াতে পর্যাপ্ত সতর্কতা নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার নিষিদ্ধের তালিকায় রয়েছে ছয়টি দেশ: ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। ইরাকি সরকারের সর্বোচ্চ পর্যায়ের লবিংয়ের পর সে দেশকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গ্রিন কার্ডধারী ও যাদের ভিসা রয়েছে, এমন পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে। এসব দেশের সংখ্যালঘু অমুসলিমদের (মুখ্যত খ্রিষ্টানদের) অগ্রাধিকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আসার যে ব্যবস্থা রাখা হয়েছিল, এই আদেশে তা বাতিল করা হয়েছে। আদালত আটকে না দিলে ১৬ মার্চ মধ্যরাতের পর থেকে এই দ্বিতীয় আদেশ কার্যকর হওয়ার কথা।
অধিকাংশ আইনি বিশেষজ্ঞেরা ধারণা, এই আদেশটির বিরুদ্ধে মামলা হলে সরকারের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথম ঘোষণার পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ উঠেছিল, প্রধান বিমানবন্দরগুলোতে হাজার হাজার স্থানীয় মানুষ মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিল। সে সময় ওয়াশিংটনসহ একাধিক অঙ্গরাজ্যের অনুরোধে ফেডারেল আপিল আদালত নির্দেশটি বাস্তবায়নে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেন।
গতকাল পর্যন্ত কোনো অঙ্গরাজ্য নতুন আদেশটির বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আইনি লড়াইতে যাচ্ছে। ‘এই আদেশটি এখনো অসাংবিধানিক। এর কেন্দ্রে রয়েছে ধর্মভিত্তিক বৈষম্য,’ বলেছে সংস্থাটি।
সিলিকন ভ্যালির প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলো এই নতুন আদেশেরও বিরোধিতা করেছে। উবার কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘মুসলিম নিষেধাজ্ঞার ব্যাপারে আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞা নির্দেশ অন্যায্য ও ভ্রান্ত।’ প্রথম নিষেধাজ্ঞা জারি হওয়ার পর অ্যাপল, গুগলসহ অধিকাংশ তথ্যপ্রযুক্তি কোম্পানি এই আদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ও বেআইনি, এই যুক্তি দিয়ে এর প্রতিবাদ করেছিল।
ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঢালাও উদ্বাস্তু আগমন হুমকি। সে কারণে আরও কঠোর বিধিনিষেধ আরোপ প্রয়োজন। একাধিক বিশেষজ্ঞ বলেছেন, এই যুক্তি ভ্রান্ত। ওয়াশিংটনের ক্যাটো ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, যে সাতটি (পরে ছয়টি) দেশের মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা জারি হলো, সেসব দেশের নাগরিকদের হাতে মার্কিন ভূমিতে নিহত মানুষের সংখ্যা শূন্য। একই কথা প্রযোজ্য সিরিয়া থেকে আগত উদ্বাস্তুদের বেলায়।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের ফাঁস হওয়া এক গোপন নথিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্য কোনো দেশের নাগরিকত্ব আলাদাভাবে চিহ্নিত করা জরুরি নয়। ২০১১ সালের পর সন্ত্রাসী হামলায় যুক্ত এই অভিযোগে ২৬টি দেশের মোট ৮২ জন ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়। এদের মধ্যে যেসব দেশের নাগরিক সবচেয়ে বেশি সেগুলো হলো ইরাক, সোমালিয়া ও বাংলাদেশ। এ কথা উল্লেখ করে নিউইয়র্ক টাইমস এক সম্পাদকীয়তে ট্রাম্পের এই আদেশকে প্রথম আদেশের ‘মৃদু সংস্করণ’ অভিহিত করে লেখা হয়েছে, কেন ওই ছয়টি দেশ থেকে নাগরিকদের আগমন নিষিদ্ধ করা দরকার, ট্রাম্প প্রশাসন এখনো তার কোনো যুক্তিপূর্ণ কারণ দেখাতে পারেনি।