নিঃসঙ্গ স্টিভ ও বিশাল হৃদয়
আমেরিকায় পড়াশোনা করতে এসেছি ২০১৮ সালের শুরুর দিকে। আমাদের চিরায়ত বিশ্ববিদ্যালয়ের ঢিমেতাল পড়াশোনা থেকে এখানকার লেখাপড়ার ধরন অনেকটাই আলাদা। গ্র্যাজুয়েট লেভেলে নিয়মিত ক্লাস ছাড়াও অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, রিসার্চের চাপে পিষ্ট হওয়ার ফাঁকে নিশ্বাস ফেলতাম অলবানি শহরের পুরো রাত জেগে থাকা ডানকিন ডোনাটসগুলোতে। দেশি-ভিনদেশি ভাইদের সঙ্গে আড্ডায় ভালোই জমত উইকেন্ড। তেমনই এক আড্ডায় পরিচয় স্টিভের সঙ্গে।
না, স্টিভ আমাদের মতো ছাত্র নন। এক তুষার পড়া রাতে কাঁপতে কাঁপতে এসে জীর্ণশীর্ণ পোশাকের স্টিভ জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার কাছে দুটো ডলার হবে? কফি খাব।’ আমি দিইনি। তখন নতুন এসেছি। সাড়ে আট হাজার মাইল দূরের এক দেশের দরিদ্র মানুষের সঙ্গে স্টিভের কফি খাওয়ার কষ্টকে মেলাতে পারিনি। এরপর স্টিভের সঙ্গে অনেক দিন দেখা হয়েছে। আর কোনো দিন কিছু চাননি। আমিই একদিন যেচে জিজ্ঞেস করলাম, ‘কফি খাবেন নাকি এক কাপ?’ স্টিভ খুব লজ্জা পেয়ে বললেন, ‘না না, সেদিন তোমাকে বিরক্ত করায় আমি খুবই দুঃখিত!’
এভাবেই স্টিভের সঙ্গে পরিচয়। স্টিভ হোমলেস। একদিন মদ্যপ অবস্থায় বলেছিলেন, তাঁর স্ত্রী মারা যায় বহুদিন আগে। দুই মেয়ে-এক ছেলে সবাই দূরে থাকে। যোগাযোগ নেই, হবেও না কোনো দিন। তিনি এখন অপেক্ষা করছেন যন্ত্রণাময় মৃত্যুর জন্য। কারণ দুরারোগ্য পাকস্থলীর ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে। সহমর্মিতা নেওয়ার প্রচেষ্টা হিসেবে খুব একটা পাত্তা দিইনি। তবুও মাঝে মাঝে এক-দুই ডলার দিতাম। স্টিভ বিনিময়ে আমাকে কোন গ্রোসারি শপ ভালো, আর কোনটাতে মানহীন খাবার থাকে সেই জ্ঞান দিতেন।
স্টিভ একদিন হন্তদন্ত হয়ে কফি শপে আমাকে দেখে বললেন, ‘সাদাত, আমি তোমার দেশের একটা ডকুমেন্টারি দেখেছি, সেখানে অনেক লোক নাকি না খেতে পেরে মারা যায়?’ আমি প্রতিবাদ করে কিছু একটা বলার চেষ্টা করার আগেই তিনি একটা থলে ধরিয়ে দিয়ে বললেন, ‘এটায় খুব অল্প কিছু টাকা আছে। তুমি প্লিজ এটা তোমার দেশে পাঠিয়ে দাও। আমার কাছে যা কিছু আছে, সেটা দিয়ে কয়েকটা দিন চালিয়ে নেব। কিন্তু এই টাকায় একটা পরিবারের কিছুদিনের খাবার হবে না, কি বল!’
আমি অভিভূত হলাম। এই ব্যক্তির কাছ থেকে এতটাও আশা করিনি। তিনি কোনোভাবেই সেটা ফেরত নেবেন না। শেষে বাধ্য হয়ে বোঝালাম, যদি প্রয়োজন হয়, আমি অবশ্যই আপনার কাছ থেকে নেব।
এরপরে প্রায় দুই মাস আর সেই কফি হাউসে যাওয়া হয়নি। সেমিস্টার শেষে আবার আড্ডা দেওয়ার তাগিদে গেলাম। প্রায় গভীর রাত পর্যন্ত আড্ডা শেষে সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছি, এমন সময়ে হঠাৎ মনে পড়ল স্টিভের কথা। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, স্টিভ কি এখনো আসে এখানে? ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘তুমি কিছু জানো না? এক মাস হতে চলল, স্টিভ মারা গেছে। তীব্র শীতে রাস্তায় পড়েছিল। পরে পুলিশ এসে উদ্ধার করে দেখে নিথর দেহ।’
আমার খুব বিষণ্ন লাগল। এই নিঃসঙ্গ ভিনদেশি বুড়ো একটা চমৎকার হৃদয় নিয়ে এসেছিলেন, সেটা হয়তো কেউই জানবে না!