নিইউয়র্কে বিএনপির 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালন

‘বিএনপির নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে নেতা–কর্মীদের। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না’—‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৯ নভেম্বর যুক্তরাষ্ট্র শাখা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র শাখা বিএনপির ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাবেক সহসভাপতি শরাফত হোসেন, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আন্তর্জাতিক জনমত গঠনে ৭ নভেম্বরের চেতনায় প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতদের আবার দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, ‘পঁচাত্তরের ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’–এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ একদলীয় স্বৈরশাসনের কবল থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় ফিরেছে। এখন সময় এসেছে সেই চেতনায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সব ভেদাভেদ দূরে ঠেলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার।’
আলোচনা সভায় বাংলাদেশের চলমান পরিস্থিতি ও বিরোধী দলকে নাজেহালের মধ্য দিয়ে আবার বাকশাল কায়েমের যে চেষ্টা চালানো হচ্ছে, তা রুখে দিতে দেশ ও প্রবাসের বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আরও বক্তৃতা করেন ড. শওকত আলী, আলী ইমাম শিকদার, জসীম ভূঁইয়া, মোশারফ হোসেন, রুহুল আমিন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও কারাবন্দী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।