নিউ ইয়র্কে আগুন লেগে সাত শিশুর করুণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রান্নার নষ্ট হিটার থেকে বাড়িতে আগুন ধরে যাওয়ায় একই পরিবারের সাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার মধ্যরাতের পর নিউ ইয়র্ক নগরের ব্রুকলিন বরোতে এ ঘটনা ঘটে।
নিউ ইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো বলেন, ‘সাত বছরের মধ্যে নিউ ইয়র্ক নগরে এটাই অগ্নিকাণ্ডের সবচেয়ে মর্মান্তিক ঘটনা।’
ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে খাবার গরম রাখার জন্য ‘হট প্লেট’ নামে পরিচিত বৈদ্যুতিক সরঞ্জামটি দীর্ঘ সময় চালু রাখা হয়েছিল। গোঁড়া ইহুদিরা রীতি অনুযায়ী সাবাথ বা বিশ্রামের দিন শনিবার আগুন জ্বালানো থেকে বিরত থাকে। একজন প্রতিবেশী বলেন, পরিবারটি খুব ভালো ছিল। তাদের কয়েকটি শিশু শুক্রবার দিনের বেলায়ও প্রতিবেশীদের আঙিনা থেকে তুষার সরাতে সাহায্য করে।
নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৫-এর মধ্যে। ৪৫ বছর বয়সী একজন নারী ও ১৪ বছরের এক মেয়ে বাড়ির জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যায়। গুরুতর আহত এ দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বয়স্ক নারীটি ওই শিশুদের মা বলে মনে করা হচ্ছে।