নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ও স্যান্ডার্স জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও বার্নি স্যান্ডার্স। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প ও বার্নি স্যান্ডার্স। ছবি: এএফপি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স নাটকীয় জয় পেয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই। আইওয়া ককাসের পর নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হলো প্রথম প্রাইমারি।

আইওয়াতে ডেমোক্র্যাটদের ককাসে প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের চেয়ে সামান্য ব্যবধানে জয় পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর রিপাবলিকান শিবিরে ট্রাম্পকে ডিঙিয়ে বিজয় ছিনিয়ে নেন সিনেটর টেড ক্রুজ।

নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারিতে ডেমোক্রেটিক ভোটাররা ভারমন্টের সিনেটর স্যান্ডার্সকে সুস্পষ্ট সমর্থন দিয়েছেন। সেখানে রিপাবলিকানদের পছন্দের শীর্ষে ট্রাম্প।

স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়ে হিলারি বলেছেন, তিনি তাঁর নির্বাচনী প্রচারে প্রতিটি ভোটের জন্য লড়াই চালিয়ে যাবেন।
জয়ের প্রতিক্রিয়ায় স্যান্ডার্স বলেছেন, তাঁর বিজয় প্রমাণ করে, মানুষ সত্যিকারের পরিবর্তন চায়।

স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

চলতি মাসের শেষের দিকে সাউথ ক্যারোলাইনা ও নেভাদায় পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে।