
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে আজ মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে দুই দলের ‘প্রাইমারি’। এর আগে সর্বশেষ জনমত জরিপে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বার্নি স্যান্ডার্স ও রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। খবর রয়টার্স ও সিএনএনের।
আইওয়াতে ডেমোক্র্যাটদের ভোটাভুটিতে যৎসামান্য ব্যবধানে জিতেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে সিএনএনের সর্বশেষ জনমত জরিপের ফল বলছে, নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্রেটিক ভোটারদের ৫৮ শতাংশের সমর্থনই যাবে বার্নি স্যান্ডার্সের ঝুলিতে, যিনি প্রতিবেশী অঙ্গরাজ্য ভারমন্টের সিনেটর। হিলারি এখানে পেতে পারেন ৩৫ শতাংশ ভোট।
নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকানদের বেলায়ও বেশ উল্টোপাল্টা হওয়ার আভাস মিলছে। সিএনএনের এই জরিপের ফল বলছে, সার্বিকভাবে এখানকার ৩৩ শতাংশ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন। অপেক্ষাকৃত উদার রিপাবলিকান হিসেবে পরিচিত মার্কো রুবিও ১৬ শতাংশ এবং ট্রাম্পের মতোই কট্টর হিসেবে পরিচিত টেড ক্রুজ ১৪ শতাংশ ভোট পেতে পারেন।