নিউইয়র্ক ছাড়বেন, কোথায় যাবেন
আপনি কী নিউইয়র্ক ছেড়ে চলে যাচ্ছেন? তাহলে আপনার বসবাসের জন্য কোন এলাকা বেছে নেবেন, তা ঠিক করুন। যেমন—হাঁটা যায় এমন শহরতলি, সহজ যাতায়াত ব্যবস্থা, আশপাশে ভালো স্কুল, ওয়াটারফ্রন্ট অ্যাকসেস বা অন্য কিছু আছে কিনা দেখে নিয়ে বাড়ি খোঁজা শুরু করুন।
স্থানান্তরের ক্ষেত্রে নাগরিক সুবিধা—যেমন, ভালো স্কুল-কলেজ, শপিংমল ইত্যাদি বিবেচনায় থাকা জরুরি। এখন কোভিড-১৯ মহামারির কারণে নিউইয়র্ক নগর ছেড়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। রিয়েল এস্টেটের লোকজন যাই বলুক না কেন শহরতলি নির্বাচনের ক্ষেত্রে শহুরেদের সাবধানতার সঙ্গে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা উচিত। নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটের ২০টিরও বেশি রিয়েল এস্টেট এজেন্ট আটটি ভিন্ন ভিন্ন মানদণ্ডে স্থানান্তর সম্পর্কিত নানা পরামর্শ দিচ্ছে। বিদ্যালয়ের মান, জনসংখ্যার ঘনত্ব ও জনসংখ্যার বিভিন্নতাসহ নানা বিষয়ে তথ্য সহায়তা দিচ্ছে তারা। নিচে এ সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা হলো—
প্রতিটি এলাকারই বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কাতোনাহ নিউইয়র্কের একটি এলাকা, যার জনসংখ্যা ১ হাজার ৯০০। সেখানে মাঝারি মানের বাড়ির গড় দাম ৮ লাখ ৪৯ হাজার ডলার। কাতোনাহে একটি গ্রামের নির্মল পরিবেশ পাওয়া সম্ভব। তবে শহরতলির দিকে যাত্রা করা কতজন নিউইয়র্কার তাদের সুন্দর ও সচ্ছল ব্যবসায় ভরপুর ও হাঁটাচলার রাস্তাগুলো ছেড়ে সেখানে যেতে ইচ্ছুক হবে—সেটা একটা প্রশ্ন।
ইরভংটনের মতো হাডসন রিভার টাউনে গ্রামের মতো পরিবেশ পাওয়া সম্ভব। ব্রঙ্কসভিল বা লর্চমন্টের মতো শহরতলিতে এটা পাওয়া সহজ। ওয়াটারফ্রন্টের জন্য কারমেল বেশ ভালো, যার জনসংখ্যা ৩৪ হাজার। সেখানে বাড়ির গড় মূল্য ৪ লাখ ৯ হাজার ৯০০ ডলার। তবে উপকূলীয় এলাকা হওয়ায় কিছু ঝুঁকি রয়েছে। তাই শহর ছেড়ে উপকূলীয় কমিউনিটির দিকে যাওয়ার আগে নিউইয়র্কবাসীরা সম্ভবত দুবার ভাববেন।
আপনি যদি বন্যায় বাড়ি হারানোর চিন্তা না করে পানির ওপরে বা তার কাছাকাছি বাস করার আগ্রহ প্রকাশ করেন, তবে কারমেলের পুত্রম শহরটিকে বিবেচনা করুন। কারমেল জর্জ ওয়াশিংটন ব্রিজের প্রায় ৫০ মাইল উত্তরে, যেখানে রয়েছে হ্যালমেট অব কারমেল, মহোপ্যাক ও মহোপ্যাক জলপ্রপাতের মতো প্রাকৃতিক পরিবেশ। এখানে বেশ কয়েকটি হ্রদ ও ১৪০টি মিঠা জলের পুকুর রয়েছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই অঞ্চলটি রিসোর্ট হিসেবে গড়ে তোলা হলেও বাঁধযুক্ত নদীগুলো থেকে জলাবদ্ধ বা বর্ধিত হ্রদগুলো মাছ ধরা ও নৌকা বাইচের ক্ষেত্র হিসেবে এখনো রয়ে গেছে। উচ্চমানের রেটিংপ্রাপ্ত স্কুলের জন্য গ্রেট নেক এলাকার কথা বিবেচনা করা যেতে পারে, যার জনসংখ্যা ৪১ হাজার। সেখানে বাড়ির গড় দাম ১১ লাখ ৮৮ হাজার ডলার। গ্রেট নেক নাসাউ কাউন্টিতে অবস্থিত। গ্রেট নেকের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো এর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভালো রেটিং। যদি আপনি আপনার সন্তানদের এমন একটি স্কুল ডিস্ট্রিক্টে পাঠাতে চান, যা নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রথম ও যুক্তরাষ্ট্রে তৃতীয় অবস্থানে রয়েছে, তবে এদিকটাতে নজর দিতে পারেন।
এমন আরও কয়েকটি শহরতলি রয়েছে যেমন—ভ্যালি স্ট্রিম। এর জনসংখ্যা ৩৮ হাজার। বাড়ির গড় মূল্য ৫ লাখ ৩৯ হাজার ৯০০ ডলার। গ্রামীণ বৈশিষ্ট্য নিয়ে আছে নর্থ সালেম, যার জনসংখ্যা ৫ হাজার ২০০। বাড়ির গড় মূল্য ৭ লাখ ৩৫ হাজার ডলার। রয়েছে হার্টসডেল, যার জনসংখ্যা ৪ হাজার ৮০০। বাড়ির গড় মূল্য ও ৩ লাখ ৪২ হাজার ৫০০ ডলার। নিউজার্সিতে রয়েছে গ্লেন রিজ, যার জনসংখ্যা ৭ হাজার ৬০০। বাড়ির গড় মূল্য ৬ লাখ ৮০ হাজার ডলার। কানেকটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডের দিকেও নজর দেওয়া যায়, যার জনসংখ্যা ৬৩ হাজার। বাড়ির গড় মূল্য ৩ লাখ ৯ হাজার ৯০০ ডলার।