নিউইয়র্ক নগরীতে ঘৃণার কোনো স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গে রাইট মুভমেন্ট’-এর অন্যতম নেতা সিলভিয়া রিভেরা ও মার্শ পি জনসনকে অমর করে রাখতে নিউইয়র্ক নগরীতে একটি নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। বেল্ট এনওয়াইসি কর্তৃক কমিশন করা স্মৃতিস্তম্ভটি নিউইয়র্ক নগরীর গ্রিনউইচ ভিলেজের স্টোনওয়াল ইন থেকে মাত্র
এক ব্লক দূরে স্থাপন করা হবে। গত ৩০ মে নিউইয়র্ক নগরীর কর্মকর্তারা এ ঘোষণা দেন।
১৯৬৯ সালের জুন মাসে সমকামী মানুষদের বিশেষ জনপ্রিয় আড্ডাস্থল বিখ্যাত রেস্টুরেন্ট ও হোটেল ‘স্টোনওয়াল ইন’-এ পুলিশ অভিযান চালায়। সে সময় সেখানে অবস্থানরত মানুষদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে স্থানীয় অধিবাসীরাও পরে যোগ দেয়। সেই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে সূচিত হয় ‘গে রাইট মুভমেন্ট’। প্রতি বছর তাই জুন মাসকে ‘প্রাইড মান্থ’ হিসেবে পালন করে আসছে এলজিবিটিকিউ সদস্যরা। গে রাইট মুভমেন্টের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ল্যাটিন কন্যা সিলভিয়া রিভেরা ও কৃষ্ণাঙ্গ মার্শ পি জনসন। এই দুজন অগ্রণী এলজিবিটিকিউ কর্মী ও নেতাকে অমর করে রাখার উদ্দেশ্যে নিউইয়র্ক নগরীতে এই নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
এ দুই নেতাই অল্প বয়সে মারা গিয়েছিলেন। ২০০২ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা যান রিভেরা। তার আগেই ১৯৯২ সালে জনসন মারা যান মাত্র ৪৬ বছর বয়েস। তাঁরা দুজনই মাদকাসক্ত ও সমকামীদের সহায়তায় অনেক কাজ করেছেন। ১৯৭০ সালে তাঁরা একসঙ্গে ‘স্ট্রিট ট্রান্সভেস্টাইট অ্যাকশন রেভোলিউশনারিস’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যা এলজিবিটিকিউ যুব ও যৌনকর্মীদের জন্য আবাসনসহ বিভিন্ন সহায়তার একটি কেন্দ্রে পরিণত হয়েছিল। তাঁদের স্মরণে এবং গে রাইট মুভমেন্টের ৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ এ দুই নেতার স্মৃতিস্তম্ভের ঘোষণা আসে।
এ বিষয়ে মেয়র বিল ডি ব্লাজিও এক টুইট বার্তায় বলেন, ‘এলজিবিটিকিউ তরুণেরা যখন বিশ্বে তাঁদের মাথা গোঁজার মতো একটি স্থান খুঁজে বের করার চেষ্টা করেন, তখন তাঁরা এই ভিলেজে আসেন। যখন তাঁরা মার্শ পি জনসন ও সিলভিয়া রিভেরার এই স্মৃতিস্তম্ভে দেখবেন, তখন তাঁরা সেখানে নিজেদের ও নিজের ইতিহাসকে দেখতে পাবেন।’
নিউইয়র্ক নগরীর বৈচিত্র্য বাড়াতে এ স্মৃতিস্তম্ভ শিল্পীদের একটি বড় উদ্যোগের অংশ। স্টোনওয়াল আন্দোলনকে স্মরণে রাখতে নিকটবর্তী ক্রিস্টোফার পার্কে বর্তমানে দুজন দণ্ডায়মান পুরুষ ও বেঞ্চে বসা দুটি নারী যুগলের ঘনিষ্ঠ সাদা মূর্তি রয়েছে। সাদা রঙের মূর্তি দুটি অন্য বর্ণের মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্য নয়। এ নিয়ে রয়েছে সমালোচনাও। এ প্রেক্ষাপটে শিল্পীরা এখন নতুন স্মৃতিস্তম্ভের জন্য নিজেদের নকশা প্রস্তাব করতে পারবেন।
নগর কর্মকর্তাদের মতে, এই স্মৃতিস্তম্ভ হবে এলজিবিটিকিউ ব্যক্তিদের প্রতি সম্মান দেখানোর জন্য প্রথম স্থায়ী পাবলিক আর্টওয়ার্ক। স্মৃতিস্তম্ভ তৈরির আনুমানিক খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার ডলার। ২০২১ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে স্মৃতিস্তম্ভের জায়গা নির্ধারণ করা হবে।
এ বিষয়ে নিউইয়র্ক নগরীর ফার্স্ট লেডি শ্যার্লিন ম্যাক্রেই বলেন, ‘মার্শ পি জনসন ও সিলভিয়া রিভেরা আধুনিক এলজিবিটিইউ অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তাঁদের গল্পগুলো ইতিহাস থেকে অনেকটাই মুছে ফেলা হয়েছে। আজ আমরা সঠিক পথে এগোচ্ছি।’
স্টোনওয়াল বিদ্রোহ এলজিবিটিকিউ সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি জুনে আমেরিকাসহ সারা বিশ্বে রঙিন পতাকা, ব্যানার ও রঙিন পোশাক পরা নরনারীরা লংমার্চ করে দিনটিকে স্মরণ করেন। ম্যাক্রেই বলেন, ‘যে শহরকে জনসন ও সিলভিয়া নিজেদের বলে মনে করতেন, সেই শহর তাঁদের স্মৃতি কখনো মুছে ফেলবে না। আমাদের নতুন স্মৃতিস্তম্ভ গর্বিতভাবে সারা বিশ্বকে স্মরণ করিয়ে দেবে যে, নিউইয়র্ক নগরীতে ঘৃণার কোন স্থান নেই।’